শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

· Prothom Alo

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ এক বিষয় নয়। এ দুটি আলাদা বিষয়। আজ বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেছেন।

Visit asg-reflektory.pl for more information.

প্রশ্নোত্তরে জয়সোয়াল বলেন, এখানে দুটি বিষয় রয়েছে। একটি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ। সেই অনুরোধ দেশের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার আওতায় বিবেচনা করে দেখা হচ্ছে। অন্য বিষয়টি হলো, একজন নাগরিক প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট (ভ্রমণসংক্রান্ত নথি) নিয়ে স্বেচ্ছায় তাঁর দেশে ফিরে যেতে চাইছেন। বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।

গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার বারবার ভারতকে অনুরোধ জানিয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধও সরকারিভাবে জানানো হয়েছে।

গতকাল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন। দিল্লি থেকে দেশে ফেরার জন্য তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তাঁকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই ফিরতে হবে। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলেও গতকাল প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন।

আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন কোনো খবর আছে কি না। জবাবে জয়সোয়াল বলেন, বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে। এক সাংবাদিক জানতে চান, হাসিনার সহকারীরা বলছেন বাংলাদেশকে বিমান পাঠিয়ে তাঁকে ফেরত নিয়ে যেতে হবে। তার জবাবে বাংলাদেশ সরকারের কেউ কেউ বলেছেন, তাঁকে হাতকড়া পরিয়ে নেওয়া হবে। এই সব প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সোয়াল বলেন, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সে দেশের বর্তমান সরকারের বিষয়। এখানে ভারতের কিছু করার নেই। এর পরেই জয়সোয়াল বিষয় দুটির পার্থক্য ব্যাখ্যা করেন। প্রত্যর্পণের সঙ্গে স্বেচ্ছায় স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি আলাদা বলে উল্লেখ করেন তিনি।

ব্রিফিংয়ে সাম্প্রতিক সময়ে নড়াইল, পাবনাসহ কিছু জায়গায় সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে দাবি করে প্রশ্ন করা হয়। বলা হয়, নড়াইল ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শ্বশুরালয়। ভারত এই সহিংসতা কীভাবে দেখছে তা জানতে চাওয়া হয়।

এর জবাবে জয়সোয়াল বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা চিন্তাজনক। তিনি বলেন, বাংলাদেশ সরকারের উচিত সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচার করা।

ভারতে আশ্রয়প্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত ভ্রমণের প্রসঙ্গ নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। বলা হয়, তাঁরা গণমাধ্যমকে জানিয়েছেন, অন্যান্য স্থলসীমান্তেও তাঁরা যাবেন। স্থলপথে হাসিনার ফেরত যাওয়ার বিষয়টি সরেজমিনে তদন্ত করবেন। জয়সোয়ালকে জিজ্ঞেস করা হয়, এই ক্ষেত্রে ভারত সরকার সহায়কের ভূমিকা পালন করছে কি না। জয়সোয়াল ওই প্রশ্নের উত্তরটি এড়িয়ে গেছেন।

গঙ্গার পানিচুক্তির নবায়নসংক্রান্ত বিষয়টি নিয়েও জয়সোয়াল নতুন কিছু জানাতে পারেননি। পুরোনো মন্তব্য নতুন করে জানিয়ে তিনি বলেন, দুই দেশে প্রবাহিত গঙ্গাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টনসংক্রান্ত সিদ্ধান্ত দুই দেশের যৌথ নদী কমিশনের কাঠামোগত প্রক্রিয়ায় গ্রহণ করা হয়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী বাংলাদেশগামী জাহাজ আটক করেছে বলে যে খবর বেরিয়েছে, সে বিষয়েও প্রশ্ন করা হয়। বলা হয়, ওই জাহাজে বিস্ফোরক ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম পাওয়া গেছে। ভারত কি এই বিষয়ে অবহিত?

এর উত্তরে জয়সোয়াল বলেন, এই বিষয়ে একটি রিপোর্ট সরকারের দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেশী দেশের সব ঘটনার ওপর ভারত সব সময় নজর রাখে এবং প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।

Read full story at source