ইলিশের পদ্মায় জাল ফেললে উঠছে সাকার মাছ, দেশি জাতের জন্য কতটা বিপদ

· Prothom Alo

পদ্মার আরিচা ঘাটের একটি মাছের আড়ত। নানা প্রজাতির মাছের ভিড়ে পড়ে থাকা অদ্ভুতদর্শন একটি মাছ দেখে থমকে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ। কাছে গিয়ে বুঝলেন, এটি সাকার মাছ। ঢাকার আশপাশের নদীতে এ মাছের দেখা মেলে। কিন্তু পদ্মায় এল কীভাবে?

Visit saltysenoritaaz.com for more information.

গত ১৭ অক্টোবরের এ ঘটনায় বিস্ময় নিয়ে জেলেদের কাছে জানতে চাইলেন এম এ আজিজ। উত্তর এল, ‘স্যার, পদ্মায় জাল মারলে এহন সাকার মাছও উইটা আসে।’

পদ্মা ইলিশের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল। সেই নদীতেও সাকার মাছের উপস্থিতি বিস্মিত করেছে অধ্যাপক এম এ আজিজকে। ৭ নভেম্বর প্রথম আলোকে তিনি বলেন, এত দিন জানতেন, সাকার মাছ মূলত ঢাকার চারপাশের নদীতে পাওয়া যায়। পরে নদীতে ডলফিনের খোঁজ করতে গিয়ে মেঘনার মোহনায়ও এ মাছের দেখা পান তিনি।

একসময় অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য বাড়াতে ও শৈবাল পরিষ্কারের জন্য আনা হয়েছিল এ মাছ। এখন সেটিই ছড়িয়ে পড়ছে দেশের নদ-নদীতে। ১৯৮০-এর দশকে বগুড়ায় প্রথম শনাক্ত হওয়ার পর সাকার মাছের বিস্তার ঘটেছে দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীতে। সাম্প্রতিক পর্যবেক্ষণেও নতুন নতুন নদীতে এর দেখা মিলছে।

দেশের আটটি বিভাগের ২৪টি নদী, একটি হ্রদ ও একটি হাওরে সাকার মাছের উপস্থিতির প্রমাণ পেয়েছেন একদল গবেষক।

সাকার মাছের আগ্রাসী স্বভাব ও দ্রুত বংশবৃদ্ধি দেশি মাছের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ঝুঁকিতে পড়তে পারে নদীর জলজ বাস্তুতন্ত্র, দেশি মাছের আবাসস্থল ও প্রজননক্ষেত্র। ইলিশের অভয়ারণ্যেও এ মাছের উপস্থিতি পাওয়া গেছে।

২০২২ সালের সেপ্টেম্বরে সাকার মাছের চাষ, বিক্রি ও আমদানি নিষিদ্ধ ঘোষণা করে সরকার। তবে নিষেধাজ্ঞার পরও নদ-নদীতে এর বিস্তার থামেনি। মৎস্য অধিদপ্তর বলছে, মাছটির বিস্তার নিয়ন্ত্রণে পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শ্রীমঙ্গলে রাস্তার পাশে পাওয়া গেল ঝুড়িভর্তি নিষিদ্ধ সাকার মাছ

২৪ নদীতে সাকারের উপস্থিতি

দেশের ৮টি বিভাগের ২৪টি নদী, ১টি হ্রদ ও ১টি হাওরে সাকার মাছের উপস্থিতির প্রমাণ পেয়েছেন একদল গবেষক। ২০২৩ সালে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষকদের সঙ্গে জার্মানির ইউনিভার্সিটি অব ফ্রেইবার্গ, তুরস্কের আতাতুর্ক ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের কলোরাডো ইউনিভার্সিটির গবেষকেরা যৌথভাবে এ গবেষণা করেন। দেশের নদ-নদীতে সাকার মাছের বিস্তার নিয়ে বিস্তারিত তথ্য উঠে আসে এতে।

গবেষণাটি ‘ইনভেসিভ সাকারমাউথ ক্যাটফিশেস (সিলুরিফর্মিস: লোরিকারিডি) ইন বাংলাদেশ ওয়েটল্যান্ডস: প্রেজেন্ট স্ট্যাটাস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শিরোনামে বাংলাদেশ জার্নাল অব জুলজিতে প্রকাশিত হয়।

ঢাকার চারপাশের নদীগুলোর মধ্যে বুড়িগঙ্গার পাশাপাশি শীতলক্ষ্যা, তুরাগ ও ধলেশ্বরীতেও সাকার মাছের উপস্থিতি পাওয়া গেছে। ব্রহ্মপুত্র ও পদ্মায়ও জেলেদের জালে এ মাছ ধরা পড়ার প্রমাণ পেয়েছেন গবেষকেরা। চট্টগ্রাম বিভাগের সাঙ্গু, হালদা ও কর্ণফুলী নদী এবং কাপ্তাই হ্রদে ছড়িয়েছে সাকার মাছ। মেঘনা নদীতেও পাওয়া গেছে এ প্রজাতির মাছ। সিলেট অঞ্চলের বিলাস ও সুরমা নদী এবং হাকালুকি হাওরেও এর উপস্থিতি শনাক্ত হয়েছে।

এ ছাড়া যমুনা, ধরলা, তিস্তা, চিত্রা, বলেশ্বর, ভৈরব ও বিষখালী নদীতেও সাকার মাছের বিস্তার পাওয়া গেছে।

গবেষণায় অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নিয়ামুল নাসের। মৎস্যবিজ্ঞান ও জলজ বাস্তুতন্ত্র নিয়ে কাজ করা এই গবেষক প্রথম আলোকে বলেন, হাওরসহ দেশের নদ-নদীতে সাকার মাছের বিচরণ বাড়ছে। ইলিশের প্রজননক্ষেত্র ও অভয়াশ্রমের মধ্য দিয়েও এ মাছ ছড়িয়ে পড়তে পারে।

মীর মোহাম্মদ আলী, অধ্যাপক, অ্যাকুয়াকালচার বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়বাংলাদেশেও অ্যাকুয়ারিয়ামের ময়লা পরিষ্কার ও সৌন্দর্য বাড়ানোর জন্য সাকার মাছ আনা হয়েছিল। কিন্তু মাছটি বড় হয়ে গেলে অ্যাকুয়ারিয়ামে রাখার ক্ষেত্রে অনীহা তৈরি হয়। তখন অনেকে নদী, লেক বা পুকুরে মাছটি ছেড়ে দেন। এভাবেই প্রাকৃতিক জলাশয়ে এর বিস্তার ঘটেছে।

তবে ইলিশের জন্য ঝুঁকি তুলনামূলক কম বলে মনে করেন তিনি। কারণ, ইলিশ সাধারণত নদীর গভীর অংশে বিচরণ করে। অন্যদিকে অনেক দেশি মাছের বিচরণক্ষেত্র নদীর অগভীর অংশে। সাকার মাছও মূলত এসব অগভীর এলাকায় বেশি সক্রিয়। ফলে দেশি মাছের জন্য এটি বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

অধ্যাপক নিয়ামুল নাসের বলেন, সাকার মাছের কারণে দেশি মাছের ওপর কী ধরনের প্রভাব পড়ছে, তা নিরূপণ করা জরুরি। এ জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।

বুড়িগঙ্গায় সাকার ফিশ ‘সাফা কইরা দিছেন’ একজন মাঝি

ইলিশের অভয়াশ্রমেও উদ্বেগ

দেশে ইলিশের জন্য ছয়টি অভয়াশ্রম রয়েছে। এর মধ্যে পটুয়াখালীর আন্ধারমানিক নদে কলাপাড়া-আন্ধারমানিক নামে অভয়াশ্রমটির দৈর্ঘ্য ৪০ কিলোমিটার। ভোলার তেঁতুলিয়া নদীতে চর রুস্তম-তেঁতুলিয়া অভয়াশ্রম ১০০ কিলোমিটার দীর্ঘ। মেঘনা নদীতে ইলিশা ঘাট থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে আরেকটি অভয়াশ্রম। চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত বিস্তৃত অভয়াশ্রমের দৈর্ঘ্য ১০০ কিলোমিটার।

বুড়িগঙ্গার সাকার মাছ

সবচেয়ে দীর্ঘ অভয়াশ্রমটি বরিশালের হিজলা থেকে মেহেন্দিগঞ্জ পর্যন্ত, ১৯০ কিলোমিটার। সর্বশেষ বরিশাল সদর উপজেলার কালাবদর থেকে গজারিয়া পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে।

গবেষকদের আশঙ্কা, সাকার মাছের বিস্তার এসব জলজ পরিবেশের ভারসাম্যের জন্য উদ্বেগ তৈরি করতে পারে। বিশেষ করে নদীর অগভীর অংশে বিচরণকারী দেশি মাছের আবাসস্থল ও খাদ্যপ্রাপ্তি ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।

বুড়িগঙ্গায় ভয়ের কারণ এখন ‘সাকার মাছ’

জলজ খাদ্যচক্রে ব্যাঘাত

সাকার মাছের আগ্রাসী স্বভাব ও দ্রুত বংশবৃদ্ধি জলজ বাস্তুতন্ত্রের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। ২০২৩ সালের গবেষণায় বলা হয়েছে, এ মাছ জলজ খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটায়। যেসব জলজ উদ্ভিদ অন্য মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, সাকার মাছ সেগুলো উপড়ে ফেলে। এতে খাদ্যশৃঙ্খলের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়।

সমস্যা শুধু খাদ্যের সংকটে সীমাবদ্ধ নয়; সাকার মাছ দেশি মাছের আবাসস্থলের পরিবেশও বদলে দিতে পারে। এতে কোনো কোনো প্রজাতির মাছ তাদের পরিচিত আবাস ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হতে পারে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক মীর মোহাম্মদ আলী ইলিশ নিয়ে গবেষণা করছেন। তিনি প্রথম আলোকে বলেন, সাকার মাছ আগ্রাসী বিদেশি প্রজাতি। এটি নদীর তলদেশে থাকা শৈবাল, জৈব পদার্থ ও ক্ষুদ্র জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকে। এর ফলে নদীর তলদেশের জলজ উদ্ভিদ ও ক্ষুদ্র প্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়।

এতে নদীর খাদ্যশৃঙ্খল ও বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন অধ্যাপক মীর মোহাম্মদ আলী। তাঁর মতে, সাকার মাছের বিস্তার নিয়ন্ত্রণে গবেষণাভিত্তিক ও সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

পদ্মায় ধরা পড়ল সাকার মাছ, কেউ কিনলেন না

অ্যাকুয়ারিয়াম থেকে নদীতে

সাকার মাছ মূলত দক্ষিণ ও মধ্য আমেরিকার স্থানীয় প্রজাতির মাছ। বিশেষ করে ব্রাজিলের আমাজন নদী এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন নদ-নদীতে এ মাছের দেখা মেলে।

অ্যাকুয়ারিয়ামে জন্মানো শৈবাল খেয়ে পরিষ্কার করতে পারে সাকার মাছ। এ বৈশিষ্ট্যের কারণে শখের অ্যাকুয়ারিয়াম পরিষ্কারের কাজে বিশ শতকের মাঝামাঝি সময় থেকে মাছটি ব্যবহৃত হতে থাকে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জুলজিক্যাল স্টাডিজে ২০১৮ সালে প্রকাশিত ‘গ্লোবাল ইনভেশন অব সাকারমাউথ ক্যাটফিশ’ শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। একসময় অ্যাকুয়ারিয়ামের মাছ হিসেবে এর আন্তর্জাতিক বাণিজ্য শুরু হয়।

বাংলাদেশে ১৯৮০-এর দশকে বগুড়ার কাহালু উপজেলায় প্রথম সাকার মাছ শনাক্ত হওয়ার তথ্য পাওয়া যায়। তবে ২০০৮ সালে গুলশান লেকে এ মাছ ধরা পড়ার পর প্রথম নথিভুক্ত করা হয় বলে ২০২৩ সালের ওই গবেষণায় উল্লেখ করা হয়েছে। এ তথ্যের সূত্র হিসেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক খলিলুর রহমানের বক্তব্য উদ্ধৃত করা হয়েছে।

কাপ্তাই হ্রদ থেকে কেন উধাও হয়ে যাচ্ছে রুই-কাতলা

প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএনের ইনভেসিভ স্পেশিজ স্পেশালিস্ট গ্রুপের গ্লোবাল ইনভেসিভ স্পেশিজ ডেটাবেজে বলা হয়েছে, বিভিন্ন দেশে অনিচ্ছাকৃতভাবে সাকার মাছ প্রাকৃতিক জলাশয়ে ছড়িয়ে পড়েছে। এর একটি উদাহরণ ফিলিপাইন। ২০০৭ সালে টাইফুন রোসিংয়ের আঘাতের পর বাণিজ্যিক মাছের খামার থেকে সাকার মাছ বেরিয়ে যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে অ্যাকুয়ারিয়ামে শৌখিন মাছ হিসেবে সাকারের জনপ্রিয়তা আছে। নতুন দেশে এ মাছের বিস্তারের পেছনে সাধারণত দুটি কারণ দেখা যায়। অ্যাকুয়ারিয়াম থেকে মাছ প্রাকৃতিক জলাশয়ে ছেড়ে দেওয়া অথবা মাছের খামার থেকে পালিয়ে যাওয়া।

অধ্যাপক মীর মোহাম্মদ আলীর মতে, বাংলাদেশেও অ্যাকুয়ারিয়ামের ময়লা পরিষ্কার ও সৌন্দর্য বাড়ানোর জন্য সাকার মাছ আনা হয়েছিল। কিন্তু মাছটি বড় হয়ে গেলে অ্যাকুয়ারিয়ামে রাখার ক্ষেত্রে অনীহা তৈরি হয়। তখন অনেকে নদী, লেক বা পুকুরে মাছটি ছেড়ে দেন। এভাবেই প্রাকৃতিক জলাশয়ে এর বিস্তার ঘটেছে।

নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের পরামর্শ

সাকার মাছের বিস্তার নিয়ন্ত্রণে কী করা যায়, সে বিষয়ে ২০২৩ সালের গবেষণায় কয়েকটি সুপারিশ করা হয়েছে। গবেষকদের মতে, প্রচলিত নিয়ন্ত্রণপদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তিও ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে ছবি বিশ্লেষণের প্রযুক্তি বা ইমেজ প্রসেসিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), মেশিন লার্নিং ও রোবোটিকস কাজে লাগানো যেতে পারে।

গবেষকেরা বলছেন, এসব প্রযুক্তির সাহায্যে জলাশয়ে সাকার মাছের উপস্থিতি, সংখ্যা ও বিস্তার পর্যবেক্ষণ করা সম্ভব। একই সঙ্গে মাছের প্রজাতি শনাক্ত ও নিয়ন্ত্রণের কাজ আরও দ্রুত এবং নির্ভুলভাবে করা যেতে পারে।

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় জেলের জালে ধরা পড়া একটি সাকার মাছ

গবেষকদের মতে, প্রচলিত পদ্ধতির সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে সাকার মাছের বিস্তার নিয়ন্ত্রণ, এমনকি কোনো কোনো ক্ষেত্রে নির্মূলের উদ্যোগও কার্যকর হতে পারে।

তবে এখন পর্যন্ত এ মাছের বিস্তার ঠেকাতে কার্যকর কোনো সমন্বিত কর্মসূচি দৃশ্যমান নয়। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক প্রথম আলোকে বলেন, সাকার মাছ ধরে মাটিতে পুঁতে ফেলার বিষয়ে ঢাকা জেলা মৎস্য কার্যালয়ের পক্ষ থেকে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছিল।

সারা দেশে ছড়িয়ে পড়া এ মাছের বিস্তার নিয়ন্ত্রণে কী করা যায়, সে বিষয়ে একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দ্রুতই এ বিষয়ে কাজ শুরু করা হবে।

আরিচা ঘাটে অধ্যাপক এম এ আজিজকে জেলেরা বলেছিলেন, পদ্মায় জাল ফেললেও এখন সাকার মাছ উঠে আসে। যে মাছ একসময় অ্যাকুয়ারিয়াম পরিষ্কারের কাজে ব্যবহৃত হতো, সেটিই এখন দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীতে ছড়িয়ে পড়ছে। নদীর এই পরিবর্তন দেশি মাছের জন্য কতটা বিপদ ডেকে আনবে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে গবেষকদের সতর্কবার্তা, সাকার মাছের বিস্তার নিয়ন্ত্রণে দেরি হলে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের জলজ বাস্তুতন্ত্র।

সেই সাকার মাছ হলো নিষিদ্ধ

Read full story at source