ইউটিউবের ভিডিও দেখে চাষ শুরু, এক গাছেই কমলা হয়েছে দেড় মণ
· Prothom Alo
গাছের ডালে ডালে ঝুলছে পাকা ও আধা পাকা কমলা। ঘন সবুজ পাতার ফাঁকে কোনোটি হলদে, কোনোটি হালকা সবুজ, আবার কোনোটি পেকে উজ্জ্বল কমলা রং ধারণ করেছে। ফলের ভারে নুয়ে পড়েছে কয়েকটি ডাল। বাগানের ভেতরে সরু পথ ধরে এগোতেই চোখে পড়ে ফল সংগ্রহের ব্যস্ততা। গাছ থেকে কাঁচি দিয়ে কমলার বোঁটা কেটে বাঁশের ঝুড়িতে রাখছেন কৃষক। ঝুড়ি ভরে গেলে সেগুলো ঢেলে রাখা হচ্ছে বাগানের ভেতরে বিছানো ত্রিপলের ওপর। সেখানে জমছে টাটকা কমলা।
Visit raccoongame.org for more information.
এটি কোনো পাহাড়ি এলাকার বাগান নয়। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের কৃষক আবদুল গফফারের বাগান। ২৫ নভেম্বর দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, প্রায় আড়াই বিঘা জমির বাগানে চায়না থ্রি জাতের ১৪৪টি কমলাগাছে ফল ধরেছে। সাত থেকে আট বছর বয়সী কোনো কোনো গাছে এক থেকে দেড় মণ পর্যন্ত কমলা হয়েছে।
বাগানের কমলা বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে, যাচ্ছে ঢাকায়ও। কমলাবাগানে যাওয়ার পথে কলারোয়া উপজেলা সদরের সড়কের পাশে ১৬০ টাকা কেজি দরে কমলা বিক্রি করতে দেখা যায় স্থানীয় বাসিন্দা মো. সুমন মিয়াকে। তিনি বলেন, ‘এগুলো আমাদের কলারোয়ার কমলা। খেতেও বেশ মিষ্টি।’ তিনি স্থানীয় এক চাষির তিন বিঘার বাগান থেকে কমলা কিনে এনেছেন। আশপাশের দেয়াড়া, খোরদো ও সলিমপুরেও কয়েকজন কৃষক কমলার চাষ করছেন। মৌসুমে প্রায় তিন মাস কমলা বিক্রি করা যায় বলে জানান সুমন।
ইউটিউবের ভিডিও দেখে চাষ শুরু
একসময় বিদেশে ছিলেন গফফার। দেশে ফিরে আট-নয় বছর ইলেকট্রিকের মালামালের ব্যবসা করেন। ২০১৮ সালের দিকে অবসর সময়ে ইউটিউবে চায়না থ্রি কমলা চাষের একটি ভিডিও দেখে তাঁর আগ্রহ তৈরি হয়। এরপর অন্য একটি জেলার বাগান ঘুরে কমলা খেয়ে, মাটি ও আবহাওয়া দেখে চাষের সিদ্ধান্ত নেন।
গফফার বলেন, ‘তখন মনে হয়েছিল, দেশের অন্য জায়গায় এই কমলার চাষ সম্ভব হলে আমার এলাকাতেও সম্ভব।’ করোনার সময় রোজার মধ্যে মোটরসাইকেলে প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চুয়াডাঙ্গা থেকে প্রায় ২০০টি কলমের চারা আনেন। কিছু চারা মারা যায়। জায়গায় ভবন নির্মাণ ও বড় গাছের ছায়ার কারণে কয়েকটি গাছও কেটে ফেলতে হয়। রোপণের তিন বছর পর গাছে ফল আসতে শুরু করে।
কলারোয়ার ইলিশপুর গ্রামে নিজ বাগানে কমলা দেখাচ্ছেন আব্দুল গফফারশুধু মিষ্টি নয়, হালকা টকভাব
গফফারের বাগানে কমলা সংগ্রহের কাজ করছিলেন কৃষিশ্রমিক মো. গোলাম আজম। তিনি বললেন, ‘গত বছর বাগানে বেড়া ছিল না। লোকজন গাছ থেকে কমলা পেড়ে নিয়ে যেতেন। এ কারণে কত কমলা উৎপাদন ও বিক্রি হয়েছে, তার হিসাব রাখা যায়নি। এবার তারের বেড়া দেওয়া হয়েছে। বাগান দেখাশোনার জন্য আমাকে ও আরেকজন শ্রমিককে রাখা হয়েছে। গাছভরা কমলার বাগানে কাজ করতেও ভালো লাগে।’
গফফার জানালেন, সার, কীটনাশক ও পরিচর্যায় বছরে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়। এ ছাড়া দুজন শ্রমিকের প্রত্যেককে মাসে ছয় থেকে সাত হাজার টাকা মজুরি দিতে হয়। বর্তমানে বাগান থেকে প্রতি কেজি কমলা ১৩৭ টাকা দরে বিক্রি করছেন তিনি। পাইকারেরা বাগান থেকে কমলা কিনে ঢাকায় নিয়ে যান। খুচরা বাজারে প্রতি কেজি কমলার দাম ১৬০ থেকে ২০০ টাকা। এ মৌসুমে চার থেকে পাঁচ লাখ টাকার কমলা বিক্রির আশা করছেন তিনি।
গফফার গাছ থেকে একটি পাকা কমলা ছিঁড়ে খোসা ছাড়িয়ে খেতে দিলেন এই প্রতিবেদককে। কমলার কোয়া মুখে দিতেই মিষ্টি রসে ভরে উঠল মুখ। হাতের ইশারায় গাছের পাকা কমলা দেখিয়ে তিনি বলেন, ‘আমার বাগানের কমলার স্বাদ শুধু মিষ্টি নয়, এতে হালকা টকভাবও আছে। মিষ্টির সঙ্গে হালকা টক স্বাদও পাওয়া যায়। ফলের রং, আকার ও পরিচ্ছন্নতার দিকেও খেয়াল রাখি। কারণ, ক্রেতারা স্বাদের পাশাপাশি ফলের সুন্দর চেহারাও পছন্দ করেন।’
জেলায় কমলাচাষি ৬৫ জন
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে ৬৫ জন কৃষক কমলা চাষ করছেন। আবাদি জমির পরিমাণ ১০ হেক্টর, গত বছরও যা একই ছিল। হেক্টরপ্রতি গড় ফলন ১১ মেট্রিক টন হিসাবে জেলায় বছরে প্রায় ১১০ মেট্রিক টন কমলা উৎপাদিত হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইকবাল আহমেদ জানান, বিঘাপ্রতি কমলা বিক্রি থেকে আয় ১ লাখ ৭৬ হাজার ৪০ টাকা। উৎপাদন ব্যয় ৫৫ হাজার টাকা। সে হিসাবে সম্ভাব্য লাভ ১ লাখ ২১ হাজার ৪০ টাকা।
কৃষক আবদুল গফফারের বাগানটি পরিদর্শনে এসে কলারোয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি মণ্ডল বললেন, চায়না থ্রি ও ম্যান্ডারিন জাতের কমলা এ অঞ্চলের জন্য উপযোগী। সাতক্ষীরার
বাগান থেকে কমলা সংগ্রহ করছেন এক শ্রমিকআবহাওয়া তুলনামূলক উষ্ণ ও আর্দ্র হওয়ায় এখানে কমলা চাষের সম্ভাবনা রয়েছে। ৮ থেকে ৯ বছর আগে জেলায় কমলা চাষ শুরু হয় বলে জানালেন তিনি। মৃণাল কান্তি মণ্ডলের মতে, উৎপাদন বাড়লে আমদানি করা কমলার ওপর নির্ভরতা কমানো সম্ভব। তবে শুধু ইউটিউবের ভিডিও দেখে চাষ শুরু না করে মাটি, আবহাওয়া, জাত ও চাষপদ্ধতি সম্পর্কে জেনে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে এগোনো উচিত।
কমলার বাগান আরও বড় করতে চান গফফার। আগের বাগানের পাশে আরও দেড় বিঘা জমিতে প্রায় দুই মাস আগে নতুন চারা লাগিয়েছেন তিনি। তাঁর আশা, নিয়মিত পরিচর্যা করলে নতুন বাগানেও ভালো ফলন পাবেন।