ঘরে ভালো মুমিনুল বাইরে কেন অন্যরকম

· Prothom Alo

যাঁর নামের পাশে পাঁচ হাজারের ওপরে টেস্ট রান আর ১৩টি সেঞ্চুরি, এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি, দেশের হয়ে টেস্টে প্রথম ১০টি সেঞ্চুরির মালিক হয়েছিলেন, টেস্টে টানা ১১ ম্যাচে যাঁর অন্তত একটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার কীর্তি আছে; তাঁর ব্যাটিং নিয়ে কথা বলার আগে একটু দম নিতে হয়।

তো দম নিতে নিতে চলুন আগে দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার গতিময় পেসবান্ধব উইকেটের দুটি টেস্টে এবার কেমন হলো বাংলাদেশের ব্যাটিং।

Visit saltysenoritaaz.org for more information.

জোহানেসবার্গের প্রথম টেস্টের স্কোরকার্ডে জ্বলজ্বল করছে তাওহিদ হৃদয় আর লিটন দাসের দুটি সেঞ্চুরি, ৪০০ রানের প্রথম ইনিংসের শোভা বাড়াচ্ছে তানজিদ হাসানের ৬৭ রানের ইনিংসটিও। পরের ইনিংসে ১৬৮। একটিও ফিফটি নেই, সর্বোচ্চ লিটনের ৩৯। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে পরিস্থিতি আরও খারাপ, সবাই মিলে ৯১! দ্বিতীয় ইনিংসটা অবশ্য এ ধরনের কন্ডিশনে বাংলাদেশের প্রথাগত দ্বিতীয় ইনিংসের মতোই। ১৮৪ রানে অলআউট, সর্বোচ্চ অধিনায়ক নাজমুল হোসেনের ৪১।

অর্থাৎ জোহানেসবার্গের প্রথম ইনিংস বাদ দিলে ভালো কিছু নেই। এমন দুটি টেস্টে আলাদা করে কোনো একজন ব্যাটসম্যানের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুললে তাঁর প্রতি অন্যায়ই করা হয়। কিন্তু ব্যাটসম্যান হিসেবে যাঁর আছে এই লেখার প্রথম অনুচ্ছেদে বর্ণিত গৌরবোজ্জ্বল অর্জন আর ৮৪টি টেস্ট খেলার অভিজ্ঞতা, তাঁর কাছে তো আশাটাও থাকে—অন্যরা যেখানে পারবেন না, তিনি সেখানে জ্বলে উঠবেন।

কিন্তু যাঁকে নিয়ে এই আলোচনা, সেই মুমিনুল হক কি পারছেন জ্বলে উঠতে?

আউট হয়ে ফিরে যাচ্ছেন মুমিনুল—আজকাল এমন ছবি পেতে বেশি সময় অপেক্ষা করতে হয় না ফটোগ্রাফারদের

বেশি পেছনে না গিয়ে সাম্প্রতিক সময়ে থাকা যাক, ছোট্ট একটা পরিসংখ্যানেই তাহলে পাওয়া যাবে উত্তরটা। গত জুনে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৬০ রান করেছিলেন মুমিনুল। এর পর থেকেই তাঁর ব্যাটে খরা। অথচ এর আগেই আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টানা পাঁচ ইনিংসে ফিফটি করে ছুঁয়েছিলেন তামিম ইকবালের রেকর্ড। ম্যাচগুলো অবশ্য বাংলাদেশেই হয়েছিল।

হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১৩। এরপর পরশু শেষ হওয়া সেঞ্চুরিয়ন টেস্ট পর্যন্ত ছয়টি টেস্টে একটিও ফিফটি নেই, সর্বোচ্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনের প্রথম ইনিংসের ৪৯। ফিফটির আলোচনাও অবশ্য বাতুলতা মনে হতে পারে যখন জানবেন, এই ছয় টেস্টে ১১ ইনিংস ব্যাট করে মুমিনুল মোট রানই করেছেন ১৮১! এক অঙ্কের ঘরে আউট হয়েছেন ছয়বার, তিনবার কোনো রান না করে।

মুমিনুলের পাশে থাকবেন, নাকি বিকল্প ভাবছেন সিমন্স

গত মাসে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি ফিল্ডিংয়ের সময় মাথায় বলের আঘাত লাগায়। দুর্ভাগ্যই বলতে হয় কারণ, মুমিনুলের সর্বশেষ সাতটি টেস্টের মধ্যে এই একটিই দেশের মাটিতে। দেশের বাইরে বেশির ভাগ সময়ই তাঁর ব্যাট ঠিক জ্বলে না। যার প্রতিচ্ছবি দেখবেন গড়েও। ঘরের মাঠে মুমিনুলের গড় যেখানে ৪৭.৯৩; দেশের বাইরে তা ২৪.৯১! টেস্টে ১৩ সেঞ্চুরির দুটিই দেশের বাইরে; তবে উপমহাদেশের বাইরে একটিও নয়।

নির্দিষ্ট করে দক্ষিণ আফ্রিকার মাটিতে বা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে–বাইরে সব টেস্ট মিলিয়েও যদি হিসাব করেন, মুমিনুল সেখানে হতাশার আরও বড় প্রতিবিম্ব হয়ে দেখা দেবেন।

হোম এবং অ্যাওয়ে মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ১০টি টেস্ট খেলে মুমিনুলের রান মাত্র ২৫৬, গড় ১৪.২২। এই ১০ টেস্টের মধ্যে ৬টি দক্ষিণ আফ্রিকার মাটিতে, যেগুলোতে ১০.৩৩ গড়ে রান মাত্র ১২৪। এই ১২৪–এর মধ্যে ৭৭–ই আবার এক ইনিংসে, ২০১৭ সালের সেপ্টেম্বরে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজের প্রথম ইনিংসে।

দক্ষিণ আফ্রিকায় কেন এত বাজে হার বাংলাদেশের

এর পর থেকে দক্ষিণ আফ্রিকা যেন মুমিনুলের জন্য গহিন কোনো অরণ্য, যেখানে গেলেই তিনি হারিয়ে ফেলেন নিজেকে! দক্ষিণ আফ্রিকায় পরের ১১টি টেস্ট ইনিংসে মুমিনুলের সর্বোচ্চ এবার সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে করা ১৮। ১১ ইনিংসের ৯টিতেই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। আর ঘরের মাঠে ৪ টেস্টে ২২ গড়ে রান ১৩২, যার মধ্যে আবার আছে ৪০ ও ৮২ রানের দুটি ইনিংস।

টেস্টে মুমিনুলের যত অর্জন

• বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে জোড়া সেঞ্চুরি। • টানা ১১ ম্যাচে অন্তত একটি ৫০ ছাড়ানো ইনিংস। রেকর্ড টানা ১২ ম্যাচে ফিফটি করে তাঁর ওপরে শুধু দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ইংল্যান্ডের জো রুট। • বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে রেকর্ড টানা পাঁচ ইনিংসে ফিফটি। • বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ সেঞ্চুরি।

একজন ব্যাটসম্যানের সামর্থ্য আর সাম্প্রতিক ফর্ম সব সময় এক বিন্দুতে না–ও মিলতে পারে। অতীতের মুমিনুলকে সাম্প্রতিক সময়ে খুঁজে না পাওয়ার সেটি হয়তো একটি তাত্ত্বিক কারণ। প্রশ্নটা তারপরও থেকে যায়—মুমিনুলের ব্যাটিংয়ের সমস্যা কি শুধুই ফর্মের, নাকি কন্ডিশনও তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে? অ্যাওয়ে টেস্টে তাঁর ব্যাটিংয়ের যে ছবি, সাম্প্রতিক ব্যর্থতা তো আসলে তারই ধারাবাহিকতা!

সোনার চেইন নিয়ে ক্রিকেট মাঠে যত কাণ্ড

দক্ষিণ আফ্রিকার উইকেটে পেসারদের বাউন্স, গতি আর অতিরিক্ত লাফিয়ে ওঠা বল সামলানো এমনিতেই কঠিন। তার ওপর মুমিনুলের উচ্চতা তুলনামূলক কম। দীর্ঘদেহী বোলারদের বিপক্ষে এমন ছোটখাটো গড়নের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ আরও বেশি হওয়াই স্বাভাবিক। জোহানেসবার্গ আর সেঞ্চুরিয়নে মুমিনুলের আউটগুলোতেও তা কিছুটা ফুটে উঠেছে।

টেস্টে ১৩টি সেঞ্চুরি মুমিনুলের

মুমিনুলের উচ্চতার প্রসঙ্গ এল দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের কারণে। নইলে আন্তর্জাতিক ক্রিকেটে এ রকম উচ্চতার ব্যাটসম্যানেরও দাপটের সঙ্গে খেলার উদাহরণ আছে। তা ছাড়া মুমিনুলের টেকনিক, ধৈর্য আর স্পিনের বিপক্ষে খেলার সামর্থ্য অনেকবারই বাংলাদেশকে কঠিন পরিস্থিতি থেকে টেনে তুলেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাঁর কাছ থেকে দল কতটা পাচ্ছে, সেই প্রশ্নে ফুটে উঠছে শুধু ব্যর্থতার ছবিটাই।

তারপরও টেস্টে তাঁর বর্ণাঢ্য অতীত আশাবাদী হতে বলে। সেই মুমিনুল নিশ্চয়ই আবার ফিরবেন। কিন্তু কবে?

দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক

Read full story at source