নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সরকার ও সংসদের কাছে নারী সংগঠনগুলোর ৬ দাবি
· Prothom Alo

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে সরকার ও জাতীয় সংসদের কাছে ছয় দাবি জানিয়েছে নারী সংগঠনগুলো। এর মধ্যে সংসদের কাছে নারী নির্যাতন প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়ন ও প্রয়োজনীয় আইনি সংস্কার এবং সরকারের কাছে এই নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ দাবি করেছে তারা।
নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় আজ বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদের সামনে কর্মসূচি ডেকেছিল বিভিন্ন নারী সংগঠনের প্ল্যাটফর্ম ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটি’। তবে পুলিশের পক্ষ থেকে নিষেধ করার পর সেই কর্মসূচি হয় রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে নারীপক্ষের কার্যালয়ের সামনে।
Visit asg-reflektory.pl for more information.
মানিক মিয়া অ্যাভিনিউর যে অংশে নারী সংগঠনগুলোর আয়োজনটি হওয়ার কথা ছিল, সেটি পুলিশের তেজগাঁও বিভাগের অধীন। সংসদের সামনে কর্মসূচি করতে নিষেধ করার বিষয়ে জানতে এই বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ আক্কাছ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। ইবনে মিজানকে একাধিকবার ফোন করে ও খুদে বার্তা পাঠিয়ে তাঁর সাড়া পাওয়া যায়নি।
ধানমন্ডির সাতমসজিদ রোডে আয়োজনের সমাপনী বক্তব্য দেন নারীপক্ষের সভানেত্রী কে এ জাহান রুমি। তিনি বলেন, ‘সরকারিভাবে কোনো সহযোগিতা না পাওয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ কমিটি মানিক মিয়া অ্যাভিনিউর পরিবর্তে ধানমন্ডির সাতমসজিদ রোডে এই কর্মসূচি করতে বাধ্য হয়েছে। আমরা জানি না আমরা কতটা ভয়ংকর, সরকার আমাদের কেন এত ভয় পেয়েছে? আমরা খুবই শান্তিপূর্ণভাবে নারীর ওপর সহিংসতার প্রতিবাদ জানাচ্ছি, কোনো সরকারের বিরুদ্ধে কথা বলছি না। তবে ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে আজকে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এ ছাড়া একই সময়ে একইভাবে দেশের ৬৪ জেলায় বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে।’
কর্মসূচির ঘোষণাপত্র পড়ে শোনান নারী সংগঠন দুর্বার নেটওয়ার্কের নেত্রী মাহমুদা বেগম। সেখানে সংসদের কাছে তিনটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো নারীর ওপর যৌন নির্যাতন–ধর্ষণসহ সব ধরনের সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে যুগোপযোগী আইন প্রণয়ন ও প্রচলিত আইনের প্রয়োজনীয় সংস্কার; আইনে সহিংসতার শিকার নারীর শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিপূরণের বিধান রাখা; এবং সব ধরনের অনলাইন যৌন হয়রানি, সাইবার বুলিং, হুমকি, সম্মতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিও প্রকাশ, এআই দ্বারা তৈরি যৌন নিপীড়নমূলক বিষয়বস্তু ও প্রযুক্তির মাধ্যমে নারীর ওপর সংঘটিত সহিংসতা প্রতিরোধে আইন প্রণয়নের দাবি জানানো হয়।
ঘোষণাপত্রে সরকারের কাছেও তিনটি দাবি জানানো হয়। এগুলো হলো ধর্ষণ, যৌন হয়রানি, হত্যাসহ নারীর ওপর সব ধরনের সহিংসতা, নির্যাতন ও নিপীড়ন প্রতিরোধ ও প্রতিকারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা; নারীর ওপর যেকোনো ধরনের সহিংসতা সংঘটনকারী ব্যক্তি ও তার আশ্রয়প্রশ্রয় দানকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া; নারী নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিশ্চিত করতে ও অনলাইন সহিংসতার শিকার নারীর জন্য নিরাপদ, সহজলভ্য অভিযোগ ও প্রতিকারব্যবস্থা গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়া।
ধানমন্ডিতে নারীপক্ষ কার্যালয়ের নিচে কর্মসূচিতে ‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’, ‘রাতের বেড়া ভাঙব, স্বাধীনভাবে চলব’, ‘রাষ্ট্র এবং পরিবারে, সমান হব অধিকারে’, ‘পথে-ঘাটে দিনে-রাতে, চলতে চাই নিরাপদে’, ‘সইব না ক আমরা আর, নারীর ওপর অত্যাচার’, ‘এই হোক অঙ্গীকার, নির্যাতন নয় আর’ প্রভৃতি বলে স্লোগান দেন নারী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। অনেকের হাতে ছিল নারী নির্যাতনের বিরুদ্ধে বার্তাসংবলিত প্ল্যাকার্ড।