সাইবার আইন সংশোধনের প্রস্তাবে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

· Prothom Alo

অনলাইনে মতপ্রকাশসংক্রান্ত বাংলাদেশের আইনগুলোতে প্রস্তাবিত সংশোধন কর্তৃপক্ষগুলোকে আধেয় (কনটেন্ট) নিয়ন্ত্রণের ব্যাপক ও স্বেচ্ছাচারী ক্ষমতা দেবে। এতে মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সীমিত হবে। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ অভিমত দিয়েছে।

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬–এর নতুন খসড়ায় সরকারি সংস্থাগুলোকে অনলাইনের আধেয় মুছে ফেলা, ব্লক করা বা স্থানান্তরের ব্যাপক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। বিস্তৃতভাবে সংজ্ঞায়িত কয়েকটি শ্রেণির মধ্যে পড়ে বলে বিবেচিত যেকোনো আধেয়র বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া যাবে। অথচ আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, এসব শ্রেণিতে পড়লে তা মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করার আইনসিদ্ধ কারণ হয় না। এর মধ্যে রয়েছে এমন আধেয়, যা ‘দেশের অখণ্ডতা, মর্যাদা ক্ষুণ্ন করে’ অথবা ‘ধর্মীয় বা সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করতে পারে’।

Visit newsbetting.bond for more information.

নিরাপত্তা ক্ষুণ্ন করতে পারে অথবা ধর্মীয় বা সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি করতে পারে, এমন সম্ভাবনাকে আধেয় মুছে ফেলা বা ব্লক করার ভিত্তি ধরা হয়েছে। এটা অস্পষ্ট ও অনুমাননির্ভর।

অ্যামনেস্টি বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন খুবই স্পষ্ট। সে অনুযায়ী, মতপ্রকাশের স্বাধীনতার অধিকারই হবে সাধারণ নিয়ম। আর এর ওপর বিধিনিষেধ হবে ব্যতিক্রম।

বিধিনিষেধের ব্যাখ্যা সীমিত পরিসরে করতে হবে এবং তা এমনভাবে প্রয়োগ করা যাবে না, যাতে এই অধিকারের মূল বিষয় বা বাস্তবে তা ভোগ করার সুযোগ ক্ষুণ্ন হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক স্মৃতি সিং বলেছেন, যেকোনো বিধিনিষেধকে আইনসম্মত হতে হবে, তার বৈধ উদ্দেশ্য থাকতে হবে এবং তা প্রয়োজনীয় ও সমানুপাতিক হতে হবে। এসব শর্ত একসঙ্গে পূরণ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের এমন সাইবার আইন প্রণয়নের চেষ্টা করা উচিত, যা নাগরিকদের সুরক্ষা দেয়, তাঁদের কণ্ঠরোধ করে না।

অ্যামনেস্টি বলেছে, প্রস্তাবিত সংশোধনীতে মানহানি, অপমান বা বুলিং হিসেবে গণ্য আধেয় মুছে ফেলা, ব্লক করা বা স্থানান্তরের বিষয়েও বিস্তারিত বলা হয়েছে। তবে এসব কাজের সংজ্ঞা অস্পষ্ট ও অত্যন্ত বিস্তৃত। ফলে অনলাইনে আইনসম্মত মতপ্রকাশের বিরুদ্ধেও এর অপব্যবহার হতে পারে।

Read full story at source