মঙ্গল গ্রহের চরম পরিবেশে টিকে থাকতে সক্ষম অণুজীবের সন্ধান

· Prothom Alo

দীর্ঘদিন ধরেই মঙ্গল গ্রহকে কীভাবে মানুষের প্রাণ ধারণের উপযোগী করা যায়, তা নিয়ে নানা ধরনের গবেষণা করছেন বিজ্ঞানীরা। এবার পৃথিবীতে মঙ্গল গ্রহের চরম পরিবেশে টিকে থাকতে সক্ষম মাইক্রোব বা অণুজীবের (ক্ষুদ্র জীব, যা খালি চোখে দেখা যায় না) সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার একদল বিজ্ঞানী।

Visit turconews.click for more information.

বিজ্ঞানীদের তথ্যমতে, মঙ্গল গ্রহের ভূগর্ভস্থের চরম পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অণুজীবটিকে সমুদ্রের পানির চেয়ে ৭ গুণ বেশি লবণাক্ত দ্রবণে এবং বিভিন্ন রাসায়নিকের মধ্যে কয়েক মাস রাখা হয়েছিল। আশ্চর্যজনকভাবে অণুজীবটি বেঁচে থাকার পাশাপাশি ভালোভাবেই বৃদ্ধি পেয়েছে। শুধু তা–ই নয়, প্রজননের জন্য প্রয়োজনীয় শক্তির জোগান পেতে আশপাশের রাসায়নিকও ব্যবহার করেছে অণুজীবটি। গবেষণাগারে মঙ্গল গ্রহের আবহাওয়া বা তাপমাত্রা নিখুঁতভাবে তৈরি করা সম্ভব না হলেও এই গবেষণা ভবিষ্যতে গ্রহটিতে প্রাণের সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাপ্লাইড অ্যান্ড এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা ফলাফলে বলা হয়েছে, হালোফেরাক্স ভলকানিয়ি নামের একটি অণুজীব মৃতসাগর বা যুক্তরাষ্ট্রের উটার গ্রেট সল্ট লেকের মতো চরম প্রতিকূল পরিবেশে পাওয়া যায়। মঙ্গল গ্রহে টিকে থাকা বেশ কঠিন। আর তাই বিজ্ঞানীরা অত্যন্ত লবণাক্ত, অক্সিজেনহীন এবং কার্বন ডাই–অক্সাইডসমৃদ্ধ পরিবেশে ১৮০ দিন ধরে হালোফেরাক্স ভলকানিয়ি অণুজীবের নমুনা সংরক্ষণ করেন। পরে সেখানে নাইট্রেট বা পারক্লোরেটের মতো রাসায়নিকের মিশ্রণ দেন, যা মঙ্গল গ্রহে পাওয়া যায়। অণুজীবটি রাসায়নিকগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে বংশবৃদ্ধি করে চরম পরিবেশে বেঁচে থাকতে পেরেছে।

গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানী অ্যাডাম রবিনসন জানান, অতীতে মঙ্গল গ্রহে প্রাণ থাকলে পরিবেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু জীব ক্রমবর্ধমান প্রতিকূল পরিস্থিতি সহ্য করার ক্ষমতা অর্জন করতে পারে। মঙ্গল গ্রহের ভূগর্ভস্থে তরল পানির অস্তিত্বের সরাসরি প্রমাণ এখনো না মিললেও এই গবেষণা ভবিষ্যৎ অনুসন্ধানে ভূমিকা রাখবে।

সূত্র: ডেইলি মেইল

Read full story at source