দৌড়ের আগে পরিবার নিয়ে উৎসব, ছবি আঁকল শিশুরা

· Prothom Alo

কেউ এসেছেন আসন্ন দৌড় প্রতিযোগিতার কিট সংগ্রহ করতে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে। এর মধ্যেই শিশুরা মেতে উঠেছে ছবি আঁকায়। কোথাও পিঠার আয়োজন, কোথাও কফি হাতে দৌড়প্রেমীদের আড্ডা। সব মিলিয়ে দৌড়ের প্রস্তুতি যেন পরিণত হয়েছিল পারিবারিক উৎসবে।

গতকাল শুক্রবার রাজধানীর শ্যামলীতে আশা ইউনিভার্সিটির আশা টাওয়ার প্রাঙ্গণে এমন পরিবেশ দেখা যায় ‘জি১ অ্যাডভান্স প্রেজেন্টস ফ্যামিলি রানার্স ১৫কে রান ২০২৬’-এর কিট এক্সপোতে। ৩০ অক্টোবর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে এই দৌড় প্রতিযোগিতা। তার আগে নিবন্ধিত দৌড়বিদদের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ ও পরিবারকে নিয়ে আনন্দমুখর পরিবেশ তৈরির উদ্দেশ্যে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

Visit newssport.cv for more information.

বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে কিট এক্সপো। এতে অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে রেস বিব নম্বর, জার্সি ও কিট ব্যাগ বিতরণ করা হয়। কিট সংগ্রহের পাশাপাশি দৌড়বিদেরা একে অপরের সঙ্গে পরিচিত হন, অভিজ্ঞতা বিনিময় করেন এবং আসন্ন প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

ছোট্ট শিশুরাও দৌড়াবে। কিট ব্যাগ সংগ্রহ করতে বাবা–মায়ের হাত ধরে তারাও এসেছিল

শিশুদের ছবি আঁকা

কিট এক্সপোর অন্যতম আকর্ষণ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতায় ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের অংশগ্রহণের সুযোগ ছিল। দৌড়বিদদের পাশাপাশি শিশুদের জন্য এমন আয়োজন পারিবারিক উৎসবের আবহ তৈরি করে।

এক্সপোতে ছিল ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও কফি কর্নার। ফলে শুধু কিট সংগ্রহের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি আয়োজনটি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো, আড্ডা ও শিশুদের সৃজনশীল কর্মকাণ্ড মিলিয়ে দিনটি হয়ে ওঠে আনন্দমুখর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবির উদ্দিন খান।

ফ্যামিলি রানার্সের কিট এক্সপোতে আসা শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মেতে ওঠে

দৌড়াবেন আড়াই হাজার রানার

তৃতীয়বারের মতো আয়োজিত ফ্যামিলি রানার্স ১৫ কিলোমিটার রানে এবার নিবন্ধন করেছেন ২ হাজার ৫০০ দৌড়বিদ। ৩০ অক্টোবর, শুক্রবার হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। এতে থাকছে ১৫ কিলোমিটার, ৭ দশমিক ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ৫০০ মিটার দৌড়ের তিনটি বিভাগ।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতার পাশাপাশি পরিবারকে শরীরচর্চায় উৎসাহিত করাই তাঁদের অন্যতম লক্ষ্য। বিশেষ করে শিশুদের দৌড়ে অংশগ্রহণের সুযোগ দিয়ে ছোটবেলা থেকেই খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে চান তাঁরা।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ নিয়মিত শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি দেশের দৌড়প্রেমীদের মধ্যে যোগাযোগ ও পারিবারিক বন্ধন আরও দৃঢ় করবে।

প্রথমবারের মতো এবারও এ আয়োজনে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো।

Read full story at source