‘ছেলেটা ভালো স্মৃতি নিয়ে ফিরুক’, সেই জার্মান তরুণকে ম্যাকবুক উপহার দিলেন ব্যবসায়ী

· Prothom Alo

বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা খোয়ান জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গত বুধবার নাটোর সদর থানায় তাঁর কান্নার ভিডিও দেখে নিজের ছেলের কথা মনে পড়ে মুক্তি মাহমুদের। এরপর ক্রিলকে একটি ম্যাকবুক উপহার দেন রাজধানীর এই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী ক্রিলের হাতে ম্যাকবুকটি তুলে দেন মুক্তি মাহমুদ। তাঁর চাওয়া, বাংলাদেশ থেকে ফেরার আগে তরুণ এই পর্যটক যেন অন্তত কিছু ভালো স্মৃতি নিয়ে যেতে পারেন।

Visit rouesnews.click for more information.

মুক্তি মাহমুদ প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরা চুরি যাওয়ার খবর দেখছিলেন তিনি। একপর্যায়ে থানায় বসে তাঁর কান্নার ভিডিও চোখে পড়ে। সেটি দেখে মর্মাহত হন।

মুক্তি মাহমুদ বলেন, ‘বাংলাদেশে এসে ১৮ বছর বয়সী এক বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হয়ে যাওয়াটা আমাদের জন্য লজ্জার। বিষয়টি আমার খুব খারাপ লেগেছে। ওর বয়সী আমারও একটা ছেলে আছে। সে (ছেলে) বিদেশে পড়াশোনা করে। ছেলের কথা মনে হওয়ায় ঘটনাটি আমাকে আরও নাড়া দেয়।’

ভিডিওটি দেখার পর থেকেই ক্রিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন বলে জানান মুক্তি মাহমুদ। পরে শাওন নামের একজনের মাধ্যমে যোগাযোগ করে তাঁর সঙ্গে দেখা করেন।

মুক্তি মাহমুদ বলেন, ‘সবার পক্ষ থেকে একটি ম্যাকবুক উপহার দিয়েছি। বাংলাদেশ ছাড়ার আগে ছেলেটা একটু হলেও যেন ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারে।’

রাজধানীর জিগাতলা এলাকায় বসবাস করেন মুক্তি মাহমুদ। দীর্ঘ সময় লন্ডনে ছিলেন তিনি। বর্তমানে আনজুমান ডিজাইনারস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

মুক্তি মাহমুদ জানান, তাঁর বিদেশি বন্ধুদের অনেকেই ক্রিলের জিনিসপত্র চুরির ঘটনা জেনে বিব্রত হয়েছেন। তাঁর মতে, এ ধরনের ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। সেই ভাবনা থেকেই ক্রিলের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন তিনি।

ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞ ক্রিল

নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিল ল্যান্ডার। তিনি বলেন, ‘জিনিসপত্র হারানোর পর থেকে অনেকেই আমাকে নানাভাবে সাহায্য করেছেন। সহানুভূতি প্রকাশ করেছেন। সত্যিই এটি প্রশংসা করার মতো। আজ একটি ম্যাকবুক পেলাম। ধন্যবাদ জানাচ্ছি। এটা ব্যবহার করে আবার কাজ করতে পারব। এ ঘটনা আমার জীবনের অভিজ্ঞতার অংশ হয়ে থাকবে।’

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ক্রিল পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে নিজের ল্যাপটপটি কিনেছিলেন। সেটি চুরি হয়ে যাওয়ার ঘটনা দুঃখজনক।

ওসি বলেন, ‘ল্যাপটপ ও ক্যামেরা হারানোর ঘটনাটি আমাদের জন্য লজ্জার। পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছে। একজন নিজের উদ্যোগে তাঁকে ম্যাকবুক উপহার দিয়েছেন। এতে কিছুটা হলেও দেশের সম্মান ফিরবে।’

চুরি যাওয়া ল্যাপটপ–ক্যামেরার কী হলো

ক্রিল নতুন ম্যাকবুক উপহার পেলেও তাঁর চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত বুধবার বিকেলে নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন ক্রিল। এ সময় ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে যান তিনি। টাকা তুলে ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি নেই, তাঁর কাছে দেওয়া ব্যাগও নেই। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কেউ নন।

এরপর ক্রিল ল্যান্ডার নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি জানান। চুরি যাওয়া মালামাল উদ্ধারের আশায় বুধবার দিবাগত রাতে রাজশাহীতে যান। সেখানে পুলিশ তাঁর থাকা ও খাওয়ার ব্যবস্থা করে। পরদিন বৃহস্পতিবার বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসেন ক্রিল।

চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা এখনো ফিরে পাননি ক্রিল। তবে নতুন ম্যাকবুক পেয়ে আবার কাজ করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। আর বাংলাদেশে এসে মানুষের কাছ থেকে যে সহায়তা ও সহানুভূতি পেয়েছেন, সে অভিজ্ঞতা তাঁর জীবনের অংশ হয়ে থাকবে বলেও জানান এই জার্মান তরুণ।

Read full story at source