দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল হত্যা মামলায় মন্ত্রী রবিউলসহ ৯ জনকে সম্পৃক্ত করার আবেদন নামঞ্জুর

· Prothom Alo

ঢাকার হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে সম্পৃক্ত করার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার শুনানি শেষে ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটি থেকে ৯ আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এ জন্য বাদী রিভিশন করেন। আদালত রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র রয়েছে তাঁদের বিরুদ্ধে মামলা চলবে।

Visit betsport24.es for more information.

রায়ে অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী আব্দুল আলীম বলেন, ‘আমরা এই আদেশে সন্তুষ্ট নই। আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’

২০২৪ সালের ১০ অক্টোবর হাতিরঝিল থানার মহানগর আবাসিক এলাকায় নিজেদের বাসায় হামলার শিকার হন তামিম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় পরদিন তামিমের বাবা সুলতান আহমেদ হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন।

মামলায় ডেভেলপার কোম্পানি প্লেজেন্ট প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আব্দুল লতিফ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনসহ ১৬ জনের নাম দেওয়ার পাশাপাশি অজ্ঞাতনামা ১১ থেকে ১২ জনকে আসামি করা হয়।

মামলার দিনই ডিএমপির তরফে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছিল, শেখ রবিউল আলমের প্লেজেন্ট প্রপার্টিজ নিহত তামিমের বাবার জমিতে চুক্তির ভিত্তিতে একটি ভবন তৈরি করে। সেই ভবনের ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে ডেভেলপার কোম্পানির প্রতিনিধি, মামুনসহ কয়েকজনের বিরুদ্ধে তামিমকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

তদন্ত শেষে ২০২৫ সালের ১০ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর পিবিআইয়ের উপপরিদর্শক জাকারিয়া আলম আদালতে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র এবং এক কিশোরের বিরুদ্ধে দোষীপত্র জমা দেন। তবে রবিউল আলমসহ ৯ জনের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায়’ তাঁদের অব্যাহতির সুপারিশ করা হয়। এতে অসন্তোষ প্রকাশ করে গত ৮ জানুয়ারি আদালতে নারাজির আবেদন করেন তামিমের বাবা সুলতান আহমেদ।

গত ৩ মার্চ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত বাদীর নারাজি আবেদন নামঞ্জুর করে মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। রবিউল আলমসহ ৯ জনকে মামলা থেকে অব্যাহতি দেন।

এ মামলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে, তাঁরা হলেন—প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেডের এমডি মির্জা আব্দুল লতিফ, সিইও ফাইজুল আহম্মেদ প্রকাশ সুমন, মামুনুর রশীদ মামুন, কোরবান আলী, এস এম ইব্রাহিম হোসাইন, বাধন, গাজী জাকির হোসেন, রাসেল, মনির হোসেন, শাহরাজ উদ্দিন, আমিরুল ইসলাম ওরফে আমির, সুমন মল্লিক, মাহফুজার রহমান।

যাঁরা অব্যাহতি পেয়েছেন তাঁরা হলেন—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন, শেখ রবিউল আলম, ফজলুর রহমান, আরিয়ান, নাসরিন আক্তার, রাসেল, মাহফুজুর রহমান, মোজাম্মেল হক কবির ও ইমাম হোসেন। এ আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন বাদী সুলতান আহমেদ।

Read full story at source