পুরোনো ভিডিওর বিতর্ক নিয়ে লিসা, ‘এটা ঠিক হয়নি’

· Prothom Alo

ব্ল্যাকপিংকের সদস্য লিসার এক দশকের বেশি পুরোনো একটি ভিডিও নিয়ে গত বছর বিতর্ক তৈরি হয়েছিল। ভিডিওতে কৃষ্ণাঙ্গদের উদ্দেশে ব্যবহৃত একটি বর্ণবাদী শব্দ ছিল।

Visit h-doctor.club for more information.

এবার সেই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন লিসা। লিসা বলেছেন, তখন তিনি ওই শব্দের অর্থ ও এর বর্ণবাদী ইতিহাস জানতেন না।

লিসার নতুন তথ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’য় ঘটনাটি উঠে এসেছে। তথ্যচিত্রটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

লিসা

লিসা বলেন, ‘আমাকে সত্যিই ক্ষমা চাইতে হবে। সত্যি বলতে, আমি থাইল্যান্ডে বড় হয়েছি। সেখানে এ বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয়নি। তাই তখন আমি জানতাম না।’

ভিডিওগুলো এক দশকের বেশি পুরোনো। তখন লিসা ও ব্ল্যাকপিংকের অন্য সদস্যরা কিশোরী ছিলেন। তাঁরা অন্য শিল্পীদের গান অনুশীলন করছিলেন। সেসব গানের কথায় ওই বর্ণবাদী শব্দ ছিল।

২০২৫ সালে লিসার প্রথম একক কোচেলা পরিবেশনের প্রস্তুতির সময় ভিডিওগুলো প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়।

লিসা বলেন, ‘এখন আমি বিষয়টি জেনেছি এবং এ সম্পর্কে শিক্ষা নিয়েছি। আমি আর কখনো এমন করব না। এটা ঠিক হয়নি। সত্যিই।’

বিতর্কের সময় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে লিসাকে তাঁর প্রতিষ্ঠান নিষেধ করেছিল বলে তথ্যচিত্রে দেখানো হয়েছে। সেই সময়ের কথা মনে করে লিসা বলেন, ‘আমি খুব মন খারাপ করেছিলাম। কারণ, আমি শুধু আমার পরিবেশনায় মন দিতে চেয়েছিলাম। কিন্তু কিছু ঘটনা ঘটে যায়, যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে আমি লড়াই করে এগিয়ে গেছি।’

প্রেম করছেন লিসা, প্রেমিক কেলিসা

১১ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অলওয়েজ লালিসা’র প্রিমিয়ার হয়। তথ্যচিত্রে ব্ল্যাকপিংক থেকে দূরে থাকার সময় লিসার একক ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

আগামী ১২ অক্টোবর প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে মুক্তি পাবে তথ্যচিত্রটি। পরে চলতি বছর ইউটিউব প্রিমিয়ামেও এটি দেখা যাবে।

লিসা, জেনি, জিসু ও রোজে এখন নিজেদের একক কাজ নিয়ে ব্যস্ত। তবে ব্ল্যাকপিংক থেকে তাঁরা কখনোই পুরোপুরি দূরে যাবেন না বলে জানিয়েছেন লিসা। তিনি বলেন, ‘আমার বয়স ৫০ হলেও আমি ব্ল্যাকপিংক করতে চাই।’

বিলবোর্ড অবলম্বনে

Read full story at source