ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড থেকে ধোঁয়া, রোগী–স্বজনদের মধ্যে আতঙ্ক
· Prothom Alo

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের একটি বন্ধ লিফটের কাভারিংয়ে (দেয়াল–দরজার আবরণ) আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
আগুন ও ধোঁয়া দেখে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসেন। এ সময় ধাক্কাধাক্কিতে এক–দুজন আহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
Visit afrikasportnews.co.za for more information.
এ সম্পর্কে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, হাসপাতালের নতুন আটতলা ভবনের একটি লিফটের কন্ট্রোল রুমের কন্ট্রোলার মেশিনের সঙ্গে থাকা বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী আরও বলেন, লিফট কন্ট্রোল রুমে আগুন লাগায় ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুন বড় না হলেও ধোঁয়া দেখে মানুষের মধ্যে বেশি আতঙ্ক তৈরি হয়। ৫টি স্টেশনের ১০টি ইউনিট একসঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর অতিরিক্ত ইউনিটগুলো সরিয়ে নেওয়া হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনে অগ্নিকান্ডের পর অনেক রোগীকে সিঁড়ি দিয়ে নামিয়ে নেন স্বজনেরা। আজ সোমবার সন্ধ্যায়হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন সুমিত সরকার বলেন, হঠাৎ হাসপাতালে আগুন ধরে গেলে সবার মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায়। সিঁড়ি দিয়ে ধাক্কাধাক্কি করে সবাইকে নামতে হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন।
হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, লিফটটি চালু ছিল না। তবে পাশের লিফটগুলো চালু ছিল। আগুন ও ধোঁয়া দেখে রোগীরা আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় দু-একজন আহত হয়ে থাকতে পারেন। তবে সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ওয়ার্ডগুলোর কোনো ক্ষতি হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর রোগীদের নিজ নিজ ওয়ার্ডে ফিরে যেতে মাইকিং করা হচ্ছে।
এর আগে গত ১৯ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ছয়তলার শিশু ওয়ার্ডের একটি গুদামঘরে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিস গিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনে।