বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

· Prothom Alo

চট্টগ্রাম নগরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। নগরের মুরাদপুর–অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকায় আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে অবরোধ করে রাখেন শ্রমিকেরা। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী লোকজনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিকল্প সড়ক ব্যবহার করে খাগড়াছড়ি, রাঙামাটি, হাটহাজারী ও রাউজানের লোকজনকে চলাচল করতে হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কিছুদিন আগে আতুরার ডিপো এলাকার একটি পোশাক কারখানার মালিকানা পরিবর্তন হয়। এরপর বকেয়া বেতন নিয়ে নতুন মালিকের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্বের সূত্রপাত। পরে মালিকপক্ষ তাঁদের পাওনা দিয়ে দেওয়ার আশ্বাস দিলেও সমস্যা মেটেনি। বেতন–ভাতার দাবিতে এর আগে শ্রমিকদের পালন করা চার দিনের কর্মবিরতির বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শ্রমিকেরা চার দিনের বেতন–ভাতা দাবি করলেও মালিকপক্ষ দিতে অনিচ্ছুক ছিল। এ কারণে তাঁরা সড়কে নেমে বিক্ষোভ করেন বলে জানা গেছে।

Visit asg-reflektory.pl for more information.

শ্রমিকদের সড়ক অবরোধের কারণে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় বিকল্প সড়ক ব্যবহার করতে দেখা যায় যানবাহনগুলোকে

জানতে চাইলে শিল্প পুলিশ চট্টগ্রামের সুপার মাহমুদা বেগম দুপুরে প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে তাঁরা সকাল সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ শুরু করেন। ঘটনাস্থলে শিল্প ও থানা–পুলিশ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে দেনা পাওয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের দ্বন্দ্ব চলছে। এরই মধ্যে মালিকানা পরিবর্তন হয়। সর্বশেষ চার দিনের বেতন–ভাতার টাকা নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিকের দ্বন্দ্ব হয়। বিষয়টিও সুরাহা করা হয়।

মাহমুদা বেগম আরও বলেন, মুরাদপুর–হাটহাজারী সড়কের লোকজন বিকল্প সড়ক ব্যবহার করছেন। আশপাশে আরও পোশাক কারখানা রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে কারখানায় ফেরানোর চেষ্টা চলছে।

Read full story at source