গার্দিওলাকে ছাড়া নতুন এক প্রিমিয়ার লিগ
· Prothom Alo

বিশ্বকাপ ট্রফির রেশ কাটতে না কাটতেই আবারও চেনা উত্তাপে ফিরছে ইউরোপের ক্লাব ফুটবল। ২০২৬-২৭ মৌসুম শুরুর আগে কী পরিবর্তন এসেছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে? ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের শীর্ষ লিগে কারা এবার শিরোপার দাবিদার? কোথাও একক রাজত্ব ধরে রাখার চ্যালেঞ্জ, কোথাও আবার সিংহাসন পুনর্দখলের লড়াই। আগস্টের মাঝামাঝি থেকে আগামী বছরের মে মাস পর্যন্ত হতে যাওয়া নতুন এই মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ নিয়ে পাঁচ পর্বের ধারাবাহিক আয়োজন। আজ থাকছে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের অন্দরমহলের কথা।
এ যেন নতুন এক প্রিমিয়ার লিগ! পেপ গার্দিওলাকে ছাড়া প্রিমিয়ার লিগ!
এক প্রকাণ্ড মহিরুহের ছায়া থেকে বেরিয়ে এবার নতুন এক যাত্রা শুরু হচ্ছে ম্যানচেস্টার সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগেরও নয় কি? গত এক দশকে শুধু প্রিমিয়ার লিগ নয়, ইংল্যান্ডের ফুটবলকেই বদলে দেওয়া এই স্প্যানিশ কোচের সিটি ছেড়ে আপাতত কোচিং থেকেই বিশ্রামে গেছেন। ইংল্যান্ডের ফুটবলে তাই এবার শুরু হচ্ছে এক নতুন যুগ।
২১ আগস্ট থেকে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে নতুন যে মৌসুম শুরু হতে যাচ্ছে, সেখানে পরিবর্তন আসলে শুধু সিটির ডাগআউটে নয়। সিটিসহ ৯টি দলে এসেছেন নতুন কোচ, বড় ৬ ক্লাবের ৩টিতে। প্রায় ৭ বছর ধরে টিকে থাকা মিকেল আরতেতাই এখন এই লিগের সবচেয়ে পুরোনো কোচ।
Visit biznow.biz for more information.
গার্দিওলা না থাকায় এবার প্রিমিয়ার লিগের লড়াইও অনেক বেশি উন্মুক্ত হতে যাচ্ছে। যেখানে সবচেয়ে বড় ফেবারিট হয়তো আরতেতার অধীন দীর্ঘ ২২ বছরের অপেক্ষা শেষে সর্বশেষ মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা আর্সেনাল। এবার তাদের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ, যেটা আগের বারের চেয়ে কঠিন হতে যাচ্ছে উইলিয়াম সালিবার চোটের কারণে। এই ফরাসি ডিফেন্ডার কয়েক মাসের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে।
পরিসংখ্যান বলছে, ২০২২ সালে অভিষেকের পর সালিবা মাঠে থাকলে আর্সেনালের জয়ের হার ৬৮.৭ শতাংশ, তিনি না থাকলে সেই হার নেমে আসে ৪৭.৬ শতাংশে। গত মৌসুমে রক্ষণাত্মক ফুটবলের জন্য সমালোচিত আরতেতা এবার মাঝমাঠ শক্ত করেছেন নিউক্যাসল থেকে ৮ কোটি ৮০ লাখ ইউরোয় ব্রুনো গিমারাইসকে দলে ভিড়িয়ে।
ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার গড়া সাম্রাজ্যের দায়িত্বে এখন কোচ এনজো মারেস্কা। বের্নার্দো সিলভা ও নাথান একেকে হারিয়েছে সিটি, সিটি ছাড়ছেন ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী রদ্রিও। তবে আক্রমণের কেন্দ্রে এখনো আছেন আর্লিং হলান্ড। গত মৌসুমে ২৭ গোল করে সোনার বুট জেতা এই স্ট্রাইকার যেকোনো মুহূর্তে বদলে দিতে পারেন ম্যাচের চেহারা। নটিংহাম ফরেস্ট থেকে ১৩ কোটি ৫০ লাখ ইউরোয় কেনা হয়েছে এলিয়ট অ্যান্ডারসনকে, যদিও দামটা একটু বেশিই মনে হচ্ছে বিশ্লেষকদের কাছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে এখন মাইকেল ক্যারিক। গত বছরের জানুয়ারিতে রুবেন আমোরিমের জায়গায় এসে দলকে তিনে তুলেছিলেন তিনি, এবার পাকাপাকিভাবে দায়িত্বে। অ্যাস্টন ভিলা থেকে ইউরি তিলেমানস ও চেলসি থেকে আন্দ্রে সান্তোসকে এনে মধ্যমাঠ সাজিয়েছেন ক্যারিক। গত মৌসুমে সব মিলিয়ে মাত্র ৪০টি ম্যাচ খেলেছিল ইউনাইটেড, যেখানে আর্সেনাল খেলেছিল ৬৩টি ম্যাচ। এবার চ্যাম্পিয়নস লিগেও খেলতে হবে বলে ইউনাইটেডেরও ধকল বাড়বে। তারপরও ২০১২-১৩ মৌসুমের পর প্রথমবার শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই নামবে ইউনাইটেড।
ওদিকে চ্যাম্পিয়নস লিগে জায়গা না পাওয়ার ধাক্কায় বদলে গেছে স্ট্যামফোর্ড ব্রিজের হিসাবও। এবার চেলসি কোচের দায়িত্বে জাবি আলোনসো, ইউরোপীয় টুর্নামেন্টের চাপ নেই বলে তাঁর পুরো মনোযোগ লিগেই। অ্যাস্টন ভিলা থেকে ১৩ কোটি ৮০ লাখ ইউরোয় মরগান রজার্সকে কিনেছে চেলসি, এই মৌসুমের সবচেয়ে দামি দলবদল এটি।
অ্যানফিল্ডেও চলছে পুনর্গঠন। আর্নে স্লট দায়িত্ব ছাড়ার পর লিভারপুলের হাল ধরেছেন বোর্নমাউথ থেকে আসা আন্দোনি ইরাওলা। দল গড়তে ৯০ মিলিয়ন পাউন্ড খরচ করলেও লিভারপুল হারিয়েছে মোহাম্মদ সালাহ, ইব্রাহিমা কোনাতে ও অ্যান্ডি রবার্টসনকে। সালাহ–পরবর্তী যুগে কোন পথে হাঁটবে লিভারপুল, সেটাই এখন দেখার অপেক্ষা।
টটেনহাম ভরসা রেখেছে রবার্তো দে জার্বির ওপর। ইউরোপের টিকিট না পেলেও গ্রীষ্মের দলবদলে বেশ সক্রিয় ছিল স্পাররা, নিউক্যাসল থেকে ১০ কোটি ৮০ লাখ ইউরোয় সান্দ্রো তোনালি এবং ওয়েস্ট হাম থেকে ৯ কোটি ৯০ লাখ ইউরোয় মাতেউস ফার্নান্দেসকে সই করিয়েছে তারা।
সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা অ্যাস্টন ভিলা হারিয়েছে মরগান রজার্স ও তিলেমানসকে। নিউক্যাসল হারিয়েছে ব্রুনো গিমারাইস ও তোনালিকে। এই ক্ষতি পুষিয়ে নেওয়াই এখন তাদের সামনে বড় পরীক্ষা।
গত মৌসুমে টেবিলের ৭ থেকে ১১ নম্বর দলের ব্যবধান ছিল মাত্র ২ পয়েন্টের। চমক দেখিয়ে ইউরোপা লিগের টিকিট কেটেছে বোর্নমাউথ, সান্ডারল্যান্ড ও ক্রিস্টাল প্যালেস। কনফারেন্স লিগের প্লে–অফ খেলবে ব্রাইটন। এবার চ্যাম্পিয়নস লিগে লড়বে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুল।
নিচের দিকের লড়াইও রোমাঞ্চকর হওয়ার কথা। চ্যাম্পিয়নশিপ থেকে উঠে এসে এবার প্রিমিয়ার লিগে খেলবে কভেন্ট্রি, ইপসউইচ ও হাল সিটি। এর মধ্যে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীন কভেন্ট্রির দিকেই চোখটা থাকবে বেশি।