৪৪ বছর বয়সী নারী ১৩ ঘণ্টায় দৌড়ালেন ১০০ মাইল

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের ৪৪ বছর বয়সী এক নারী ট্রেডমিলে অর্ধেক দিনে ১০০ মাইল দৌড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। তাঁর নাম অ্যাশলি পলসন। গত ১৮ এপ্রিল ম্যাসাচুসেটসের বোস্টন ম্যারাথন এক্সপোতে তিনি এই অসাধ্য সাধন করেন। নারীদের মধ্যে ট্রেডমিলে দ্রুততম ১০০ মাইল দৌড়ানোর রেকর্ডটি গড়তে তাঁর সময় লেগেছে ১২ ঘণ্টা ৪৭ মিনিট ১০ সেকেন্ড। তাঁর এই কীর্তি আগের রেকর্ডটিকে দেড় ঘণ্টার ব্যবধানে পেছনে ফেলেছে।

Visit sportbet.rodeo for more information.

অ্যাশলি একাধারে একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার, অন-ক্যামেরা প্রশিক্ষক ও পেশাদার আলট্রাম্যারাথন দৌড়বিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর লাখ লাখ অনুসারী রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের মা। তাঁর এক নাতিও রয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে অ্যাশলি জানান, কয়েক বছর ধরেই তিনি এই রেকর্ড গড়ার কথা ভাবছিলেন। রাস্তার রেসে তাঁর গতি ট্রেডমিলের আগের রেকর্ডের চেয়ে বেশি ছিল। তাই এই রেকর্ডের ব্যাপারে তিনি বেশ আত্মবিশ্বাসী ছিলেন।

ট্রেডমিলে দৌড়ানোর চ্যালেঞ্জ নিয়ে অ্যাশলি বলেন, এর সবচেয়ে বড় সমস্যা হলো ভূখণ্ডের কোনো বৈচিত্র্য নেই। ডানে-বাঁয়ে বা উঁচু-নিচু পথে ঘোরার সুযোগ না থাকায় নির্দিষ্ট পেশিতে মারাত্মক ক্লান্তি আসে। এর আগে ২০২৩ সালে তিনি চরমভাবাপন্ন ‘ব্যাডওয়াটার ১৩৫ আলট্রাম্যারাথনে’ নারীদের মধ্যে দ্রুততম দৌড়ের রেকর্ড গড়েছিলেন। ওই রেসে ডেথ ভ্যালি থেকে শুরু করে ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে দৌড়াতে হয়েছিল তাঁকে।

ট্রেডমিলে রেকর্ড গড়ার সময় নিয়ম অনুযায়ী বিরতি নেওয়ার সুযোগ থাকলেও ঘড়ির কাঁটা থামানোর উপায় ছিল না। তাই বাথরুমের জন্য ছোট কিছু বিরতি বাদে টানা দৌড়েছেন তিনি। এ সময় ভক্তরা তাঁর নিয়ন রঙের চুলের সঙ্গে মিলিয়ে গোলাপি পরচুলা পরে দারুণ উৎসাহ দিয়েছেন। সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল, যখন তাঁর এক ছেলে আইপ্যাডে ফেসটাইমের মাধ্যমে অন্য ভাই–বোনদের মায়ের রেকর্ড ভাঙার দৃশ্য দেখাচ্ছিলেন।

১৪০টির বেশি ম্যারাথন শেষ করা অ্যাশলি বলেন, ‘যা আগে কেউ করেনি, তা করতে পারাটা সব সময়ই দারুণ। তবে আমার সন্তান ও নাতিকে এটা দেখাতে পারাটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে, চাইলে বড় স্বপ্ন দেখা যায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তা অর্জন করা যায়।’ সবাইকে তাঁর বার্তা, ‘কঠোর পরিশ্রম করুন, ধারাবাহিক হোন এবং আরও বড় স্বপ্ন দেখুন।’

Read full story at source