পুরোনো কোনো অভিমান মিটিয়ে নেওয়ার জন্য সময়টি কোন রাশির জাতকের জন্য ভালো

· Prothom Alo

অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া

Visit bettingx.club for more information.

  • এ সপ্তাহের রাশিফল (১৫–২১ আগস্ট ২০২৬)

মেষ রাশি

মেষ রাশি

কাজের চাপ কিছুটা বাড়তে পারে। একদিকে নিজের কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা, অন্যদিকে বাড়ির কোনো বিষয় নিয়ে ব্যস্ততা—দুটোই একসঙ্গে সামলাতে হবে। কর্মক্ষেত্রে আপনার ওপর নতুন কোনো দায়িত্ব আসতে পারে। প্রথমে বিষয়টি ঝামেলার মনে হলেও পরে বুঝবেন, এখান থেকেই নিজের যোগ্যতা দেখানোর সুযোগ তৈরি হয়েছে। সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় একটু সংযত থাকুন; তর্কে জড়ালে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে।

অর্থের দিক থেকে সপ্তাহটি মন্দ নয়। তবে হঠাৎ কোনো প্রয়োজনীয় খরচ এসে যেতে পারে। ধার দেওয়া বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ব্যাপারে সতর্ক থাকাই ভালো। বাড়ির কারও সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আপনার একটি সিদ্ধান্ত পরিবারের পরিবেশে প্রভাব ফেলতে পারে, তাই সবার কথা শুনে এগোন।

সপ্তাহের মাঝামাঝি মানসিকভাবে কিছুটা অস্থির লাগতে পারে। পুরোনো কোনো বিষয় বারবার মনে পড়লেও সেটি নিয়ে বেশি ভাববেন না। সপ্তাহের শেষ দিকে কাজের একটি জট খুলে যেতে পারে। তখন বুঝবেন, এত দিন যে বিষয়টি নিয়ে চিন্তা করছিলেন, তার সমাধান আসলে আপনার হাতের কাছেই ছিল।

বৃষ রাশি

বৃষ রাশি

নিজের কাজের পাশাপাশি অন্যের কাজেও আপনাকে জড়িয়ে পড়তে হতে পারে। ফলে দিনের শুরুতে যে পরিকল্পনা করবেন, দিন শেষে তার অনেকটাই বদলে যেতে পারে। কর্মক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব বা প্রস্তাব পেলে সরাসরি না বলার আগে একবার ভেবে দেখুন। এর মধ্যে ভবিষ্যতের জন্য ভালো সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে।
অর্থের ব্যাপারে এ সপ্তাহে একটু হিসাব করে চলা দরকার। আয় থাকলেও খরচও কম হবে না। বিশেষ করে বাড়ি, পরিবারের প্রয়োজন কিংবা নিজের পছন্দের কোনো জিনিস কেনার পেছনে অর্থ বেরিয়ে যেতে পারে। তবে প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্যটা মনে রাখুন।

কাছের মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনার মনের কথা পরিষ্কার করে বলুন। না বলা কথা থেকেই ভুল–বোঝাবুঝি বাড়তে পারে। পরিচিত কারও মাধ্যমে নতুন কোনো যোগাযোগ বা কাজের সুযোগ আসতে পারে। ছোট বলে সেটিকে অবহেলা করবেন না।
সপ্তাহের শেষ দিকে কিছুটা স্বস্তি পাবেন। অনেক দিন ধরে যে পরিকল্পনাটি নিয়ে ভাবছিলেন, সেটি বাস্তবায়নের প্রথম ধাপ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। ধীরে এগোলেও এবার পথটা আপনার জন্য পরিষ্কার হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

সপ্তাহের শুরুটা বেশ ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। একসঙ্গে অনেক কাজ হাতে চলে আসতে পারে এবং প্রতিটিকেই জরুরি বলে মনে হবে। ফলে কোন কাজটি আগে করবেন, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। কর্মক্ষেত্রে নিজের মতামত জানানোর সুযোগ পাবেন; কিন্তু কথার সময় একটু সতর্ক থাকুন। আপনি যা স্বাভাবিকভাবে বলবেন, অন্য কেউ সেটিকে অন্যভাবে নিতে পারেন।

বাড়ির কোনো বিষয় এ সপ্তাহে আপনার মনোযোগ চাইবে। পরিবারের কারও সিদ্ধান্ত, বাড়ির পরিবেশ কিংবা কোনো পুরোনো সমস্যা নিয়ে আলোচনা হতে পারে। সবকিছু নিজের মতো করে ঠিক করতে যাবেন না; কখনো কখনো অন্যের সিদ্ধান্তকেও জায়গা দিতে হয়।

আর্থিক দিক থেকে খুব বড় পরিবর্তন না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। তবে হঠাৎ কিছু খরচ এসে যেতে পারে। নতুন কোনো কাজ বা যোগাযোগের সূত্র সপ্তাহের মাঝামাঝি পাওয়া যেতে পারে। বিশেষ করে পরিচিত কারও একটি ফোন বা বার্তা থেকে ভবিষ্যতের সম্ভাবনা তৈরি হতে পারে।

ব্যক্তিগত সম্পর্কে পুরোনো কোনো অভিমান সামনে আসতে পারে। বিষয়টি নিয়ে বেশি টানাটানি না করাই ভালো। সপ্তাহের শেষ দিকে ব্যস্ততা কমবে এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বসার সময় পাবেন। সব সিদ্ধান্ত এখনই নেওয়ার দরকার নেই—কিছু বিষয়ে একটু সময় দিলে নিজের পথ নিজেই পরিষ্কার হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

এ সপ্তাহে নিজের কাজের পাশাপাশি পরিবারকে নিয়েও ভাবতে হবে। বাড়ির কোনো বিষয় নিয়ে আপনার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ঘরবাড়ি, সম্পত্তি কিংবা পরিবারের কারও প্রয়োজন নিয়ে ব্যস্ততা বাড়তে পারে। তবে সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে নিজের বিশ্রাম যেন বাদ না যায়।

কর্মক্ষেত্রে আপনার কাজের প্রতি নজর থাকবে। নতুন কোনো দায়িত্ব পেলে প্রথমে চাপ মনে হলেও সেটি ভালোভাবে শেষ করতে পারলে ভবিষ্যতে তার সুফল পাবেন। ঊর্ধ্বতন কারও সঙ্গে কথা বলার সময় নিজের বক্তব্য পরিষ্কার রাখুন। অপ্রয়োজনীয় ব্যাখ্যা দিতে গিয়ে মূল কথাটি যেন হারিয়ে না যায়।

অর্থের দিক থেকে সপ্তাহটি মোটামুটি স্বাভাবিক। পরিবারের জন্য কিছু অতিরিক্ত ব্যয় হতে পারে। তবে এই খরচ নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কারণ নেই, যদি আগে থেকেই কিছুটা পরিকল্পনা করে রাখেন।

সপ্তাহের মাঝামাঝি মন একটু খারাপ হতে পারে। কোনো পুরোনো ঘটনা বা কাছের মানুষের আচরণ আপনাকে ভাবিয়ে তুলতে পারে। তবে ধীরে ধীরে পরিস্থিতি বদলাবে। কারও কাছ থেকে ভালো খবর পেতে পারেন অথবা এমন একটি কাজ এগিয়ে যাবে, যেটি নিয়ে বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিলেন। নিজের ওপর আস্থা রাখুন—এ সপ্তাহে ধৈর্যই আপনার সবচেয়ে বড় সহায়।

সিংহ রাশি

সিংহ রাশি

সপ্তাহের শুরুতে নিজের কাজ নিয়ে একটু গুটিয়ে থাকতে পারেন। সব কথা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছা হবে না; বরং নিজের মতো করে কিছু বিষয় সামলাতে চাইবেন। কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়লেও তার ফল সঙ্গে সঙ্গে হাতে না–ও আসতে পারে। তাই মাঝপথে হতাশ না হয়ে কাজ চালিয়ে যান। অফিসের কোনো গোপন আলোচনা বা অন্যের ব্যক্তিগত বিষয়ে জড়িয়ে পড়া এড়িয়ে চলুন।

অর্থের ব্যাপারে সাবধান থাকা দরকার। অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে, বিশেষ করে বাড়তি দায়িত্ব বা পুরোনো কোনো পাওনা মেটাতে। সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি হলে নীরব না থেকে কথা বলুন। ভুল–বোঝাবুঝি অনেক সময় চুপ করে থাকার কারণেই দীর্ঘ হয়। হঠাৎ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সেই কথোপকথন আপনার মনে ভালো লাগা তৈরি করবে। সপ্তাহের শেষ দিকে কাজের একটি জট খুলতে পারে এবং নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সুযোগ পাবেন। এখনই সবকিছু প্রকাশ করার দরকার নেই—কিছু পরিকল্পনা সময় নিয়ে পরিণত হওয়াই ভালো।

কন্যা রাশি

কন্যা রাশি

পরিচিত মানুষজনের সঙ্গে যোগাযোগ বাড়বে। বন্ধুবান্ধব, সহকর্মী কিংবা পুরোনো পরিচিত কারও কাছ থেকে এমন একটি খবর পেতে পারেন, যা আপনার কাজে লাগবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো পরিকল্পনা আবার সামনে আসতে পারে। তবে সব সুযোগ গ্রহণ করার দরকার নেই; কোনটি আপনার জন্য সত্যিই দরকার, সেটি বেছে নিন।

কর্মক্ষেত্রে দলবদ্ধভাবে কাজ করলে সুবিধা পাবেন। একা সবকিছু সামলাতে গেলে চাপ বাড়বে। অর্থের দিক থেকে কিছুটা স্বস্তি থাকলেও ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয়ের দিকে নজর দেওয়া ভালো। কোনো বন্ধুকে আর্থিক সাহায্য করার আগে নিজের অবস্থাটাও বিবেচনা করুন।

ব্যক্তিগত জীবনে কাছের কারও আচরণ নিয়ে বিরক্তি তৈরি হতে পারে। আপনি যেটিকে স্বাভাবিক মনে করছেন, অন্যজন সেটিকে গুরুত্বের সঙ্গে নিতে পারেন। তাই কথাবার্তায় একটু নরম থাকুন। সপ্তাহের শেষ দিকে ভালো কোনো যোগাযোগ, প্রস্তাব বা ছোটখাটো সাফল্য মন ভালো করে দিতে পারে। অনেক দিনের ইচ্ছার একটি অংশ পূরণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তুলা রাশি

তুলা রাশি

কর্মক্ষেত্রই এ সপ্তাহে আপনার ব্যস্ততার মূল কারণ হতে পারে। নতুন দায়িত্ব, কাজের চাপ কিংবা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কারণে নিজের জন্য সময় কম পাবেন। তবে এই ব্যস্ততার মধ্যেই নিজের অবস্থান শক্ত করার সুযোগ রয়েছে। কাজটি অন্যের ওপর ছেড়ে না দিয়ে নিজে নজর রাখলে ফল ভালো হবে।

ঊর্ধ্বতন কারও সঙ্গে মতের অমিল হতে পারে। বিষয়টি ব্যক্তিগতভাবে না নিয়ে যুক্তি দিয়ে নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করুন। অর্থের দিক থেকে পরিস্থিতি মোটামুটি ভালো থাকলেও কাজের প্রয়োজনে অতিরিক্ত খরচ হতে পারে।

পরিবারের মানুষ আপনার ব্যস্ততা নিয়ে অভিযোগ করতে পারেন। তাঁদের পুরোপুরি এড়িয়ে না গিয়ে অন্তত কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। দূরের কোনো খবর বা যোগাযোগ আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে।

সপ্তাহের শেষ দিকে আপনার কোনো কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা চাকরি পরিবর্তন বা নতুন কাজের চেষ্টা করছেন, তাঁরা পরিচিত কারও মাধ্যমে আশাব্যঞ্জক খবর পেতে পারেন। এই সপ্তাহে আপনার জন্য সবচেয়ে জরুরি বিষয়—কাজের সুযোগ এলে প্রস্তুত থাকা।

সাপ মারতে জাপানে নেওয়া হয়েছিল বাংলাদেশি বেজি, শেষ পর্যন্ত ঘটেছিল উল্টোটা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এ সপ্তাহে একই জায়গায় দাঁড়িয়ে থাকার চেয়ে সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা বাড়বে। পড়াশোনা, প্রশিক্ষণ, ভ্রমণ কিংবা নতুন কোনো বিষয় শেখার সুযোগ এলে সেটিকে গুরুত্ব দিন। পরিচিত গণ্ডির বাইরে বেরিয়ে নতুন মানুষের সঙ্গে কথা বললেও উপকার পেতে পারেন।

কর্মক্ষেত্রে নিজের পুরোনো অভিজ্ঞতা কাজে লাগবে। তবে নতুন কোনো দায়িত্ব এলে প্রথমেই সব জানি—এমন মনোভাব না দেখিয়ে বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করুন। অর্থের ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে হিসাব করুন। বিশেষ করে দূরের কোনো পরিকল্পনা বা বড় কেনাকাটায় তাড়াহুড়া করা ঠিক হবে না।
পরিবারের কারও সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আপনার কোনো সিদ্ধান্তে তাঁদের মতামত ভিন্ন হলেও সেটিকে অবহেলা করবেন না। সপ্তাহের মাঝামাঝি কিছুটা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে; কিন্তু শেষদিকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে।

সপ্তাহের শেষভাগে এমন একটি খবর পেতে পারেন, যা নতুন করে উৎসাহ দেবে। দীর্ঘদিন ধরে যে বিষয়টি নিয়ে অপেক্ষা করছিলেন, সেটি এবার নড়েচড়ে বসতে পারে। সামনে যাওয়ার রাস্তা পুরোপুরি তৈরি না হলেও তার দিকটা এবার পরিষ্কার হবে।

ধনু রাশি

ধনু রাশি

কিছু বিষয় আপনার কাছে আগের চেয়ে একটু বেশি গভীর মনে হতে পারে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক থাকলেও ভেতরে–ভেতরে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ভাববেন। অর্থনৈতিক ক্ষেত্রে অন্যের ওপর নির্ভর না করে নিজের হিসাব নিজেই পরিষ্কার রাখুন। ঋণ, ধার বা যৌথ অর্থের কোনো বিষয় থাকলে সেটি ফেলে না রেখে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে জটিল কোনো দায়িত্ব আসতে পারে, তবে অভিজ্ঞতা কাজে লাগালে সামলে নিতে পারবেন।

ব্যক্তিগত সম্পর্কে এই সময়ে বিশ্বাসের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অকারণে সন্দেহ করলে পরিস্থিতি জটিল হতে পারে। পুরোনো কোনো তথ্য বা ঘটনা নতুন করে সামনে আসতে পারে। সেটি হয়তো প্রথমে অস্বস্তিকর লাগবে; কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি পরিষ্কার হওয়াই আপনার জন্য ভালো হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ কমানো দরকার।

এ ছাড়া আটকে থাকা কোনো অর্থ বা কাজের ব্যাপারে অগ্রগতি হতে পারে। সব পরিবর্তন যে খারাপ, তা নয়—কিছু পরিবর্তন জীবনের অপ্রয়োজনীয় জটিলতা সরিয়ে দেয়।

মকর রাশি

মকর রাশি

এই সপ্তাহে একা সবকিছু সামলানোর চেষ্টা না করে অন্যের সহযোগিতা নেওয়া আপনার জন্য ভালো হবে। কাজের জায়গায় অংশীদারত্ব বা যৌথ উদ্যোগের কোনো সুযোগ সামনে আসতে পারে। কারও সঙ্গে নতুন করে কাজ শুরু করলে শুরুতেই দায়িত্ব ও শর্তগুলো পরিষ্কার করে নিন। ব্যক্তিগত সম্পর্কেও একই কথা প্রযোজ্য—মনের কথা চেপে রাখলে দূরত্ব বাড়বে।

কর্মক্ষেত্রে আপনার ওপর প্রত্যাশা বাড়তে পারে। ব্যস্ততা থাকলেও কাজের মান ধরে রাখতে পারলে তার সুফল পরে পাবেন। অর্থের ক্ষেত্রে মোটামুটি স্থিতিশীলতা থাকবে, তবে অন্যের কথায় বড় বিনিয়োগ না করাই ভালো। পরিবারের কারও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। দূরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। সেই যোগাযোগ ভবিষ্যতে কাজে লাগতে পারে। সম্পর্কের কোনো জটিলতা নিয়ে খোলাখুলি কথা বলার সুযোগ আসবে। সম্পর্ক টিকিয়ে রাখতে সব সময় জিততে হয় না, কখনো কখনো একটু ছেড়ে দেওয়াও দরকার।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

সপ্তাহটি শুরু হবে কাজের চাপ এবং দৈনন্দিন ব্যস্ততা দিয়ে। ছোটখাটো কাজ জমিয়ে রাখলে পরে চাপ বাড়বে, তাই যতটা সম্ভব সময়মতো শেষ করুন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও নিজের কাজের দিকে নজর রাখলেই এগিয়ে থাকতে পারবেন। অন্যের ভুল নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই।

স্বাস্থ্যের দিকে এবার একটু বেশি নজর দেওয়া দরকার। অনিয়মিত খাওয়া, কম ঘুম কিংবা অতিরিক্ত কাজের অভ্যাস শরীরে ক্লান্তি তৈরি করতে পারে। অর্থনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, তবে হঠাৎ কোনো খরচের জন্য প্রস্তুত থাকা ভালো। কাজের সূত্রে কারও সঙ্গে মতবিরোধ হতে পারে; কিন্তু বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাবেন না।

কোনো পুরোনো কাজ শেষ করার সুযোগ পাবেন। এতে দীর্ঘদিনের একটি চাপ কমবে। সম্পর্কের ক্ষেত্রেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। সপ্তাহের শেষ দিকে নিজের রুটিন বদলানোর কথা ভাবতে পারেন। ছোট একটি পরিবর্তনও দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দিতে পারে।

মীন রাশি

মীন রাশি

মনটা একটু হালকা রাখতে পারলে সপ্তাহের সময়টা বেশ ভালো কাটবে। সৃজনশীল কাজ, নিজের পছন্দের কোনো বিষয় কিংবা কাছের মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। যারা পড়াশোনা বা নতুন কিছু শেখার সঙ্গে যুক্ত, তাদের জন্য সপ্তাহটি ব্যস্ত হলেও ফলপ্রসূ হতে পারে। কোনো কাজ নিয়ে নিজের ওপর অযথা চাপ দেবেন না।

কর্মক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর সুযোগ আসতে পারে। আপনার কোনো ধারণা বা কাজ অন্যের প্রশংসা পেতে পারে। তবে প্রশংসা পাওয়ার পরেই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। অর্থের ক্ষেত্রে মোটামুটি স্বাভাবিক অবস্থা থাকবে, যদিও আনন্দের পেছনে কিছু বাড়তি খরচ হতে পারে।

প্রেম বা দাম্পত্য সম্পর্কে আবেগ বাড়তে পারে। পুরোনো কোনো অভিমান মিটিয়ে নেওয়ার জন্য সময়টি ভালো। সন্তানের কোনো বিষয় নিয়েও ব্যস্ততা থাকতে পারে। মন কিছুটা অস্থির হলেও শেষদিকে ভালো কোনো খবর পরিস্থিতি বদলে দেবে। নিজের যে দিকটি এত দিন আড়ালে রেখেছেন, সেটি প্রকাশ করার সুযোগ এ সপ্তাহেই আসতে পারে।

দীর্ঘদিনের কোনো অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাবেন কোন রাশির জাতক

Read full story at source