সিঙ্গাপুর-কানাডা নয়, বাসযোগ্য পরিবেশ তৈরি করতে চাই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

· Prothom Alo

বাংলাদেশকে সিঙ্গাপুর–কানাডার মতো বানানো হবে—আওয়ামী লীগের মতো বিএনপি সরকার এমন প্রতিশ্রুতি দেবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, দেশকে বাসযোগ্য করতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সবই করা হবে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে এসে মীর শাহে আলম সাংবাদিকদেরকে সরকারের এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ‘আমরা আগের সরকারের মতো বলব না যে বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানাব, বাংলাদেশকে আমরা কানাডা বানাব। এটি বানাতে পারব না। তবে বাসযোগ্য ও শ্বাসপ্রশ্বাস নেওয়ার মতো পরিবেশ তৈরি করতে রাষ্ট্রের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যতটুকু করার প্রয়োজন, আমরা করব। আমাদের এই উদ্যোগে সবাই সহযোগিতা করুন।’

Visit saltysenoritaaz.com for more information.

সড়কের পাশের কেউ যেন আর বর্জ্য ফেলতে না পারে, সে জন্য বেড়া দিয়ে নিমগাছের চারা রোপণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আমিনবাজারের পর থেকে হেমায়েতপুর পর্যন্ত ভাগাড় প্রসঙ্গে তিনি বলেন, এই জায়গা আসলে কে পরিষ্কার করবে, তা নিয়ে অভিভাবকহীন অবস্থা ছিল। আসলে এটি উত্তর সিটি করপোরেশনের মধ্যেও পড়ে না, সাভার পৌরসভার মধ্যেও পড়ে না। ফলে যে যার ইচ্ছেমতো এখানে ময়লা ফেলে দিয়ে চলে যেত। এটি প্রতিরোধও কেউ করত না এবং পরিষ্কারও কেউ করত না।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘বর্জ্যের বিষয়টি প্রথমে আমার নজরে আসে। এ ছাড়াও আপনারা জানেন, আজ থেকে চার দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এই সড়ক দিয়ে সিঙ্গাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে গিয়েছিলেন। তখন তাঁর দৃষ্টিতে এটি এসেছে। এরপর তিনি আমাকে নির্দেশনা দেওয়ার পর আমি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলি এবং পরে আমরা একটি সভা করি। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি, ১ দশমিক ৮ কিলোমিটার রাস্তার ময়লাগুলো আমরা পরিষ্কার করব। ডিসি সাহেব ইতিমধ্যে বলেছেন, ১৫ ফুট বালু দিয়ে আমরা নেটিং করে ব্যারিকেড তৈরি করব।’

সাভার পৌরসভার জন্য নির্দিষ্ট ময়লার ভাগাড়ে সবাইকে ময়লা ফেলার অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সাভার পৌরসভার পক্ষ থেকে রাস্তার ঠিক উল্টো দিকে ময়লা ফেলার জন্য একটি ভাগাড় বা ল্যান্ডফিল নির্মাণ করে দেওয়া হচ্ছে। আমি এই এলাকার তেঁতুলঝোড়া ইউনিয়ন, আমিনবাজার ইউনিয়ন ও অন্যান্য ইউনিয়নবাসী যাঁরা এখানে ময়লা এনে ফেলছেন, তাঁদের অনুরোধ করব, সবাই ময়লাগুলো ভাগাড়ে ফেলবেন। আমরা আপনাদের সহযোগিতা চাই।’

এ সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, কেরানীগঞ্জের ইউএনও মো. উমর ফারুকসহ স্থানীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Read full story at source