চট্টগ্রাম ও রাঙামাটির পর কক্সবাজারেও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
· Prothom Alo
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম ও রাঙামাটির পর কক্সবাজার জেলায় বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
Visit afrikasportnews.co.za for more information.
মঙ্গলবার রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক আদেশে কক্সবাজারে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে রাতেই আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আরেকটি আদেশে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। ওই আদেশে বলা হয়েছিল, অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে; আর স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
এরপর কক্সবাজার জেলার পরীক্ষাও স্থগিত করার কথা জানিয়ে আদেশ জারি করা হয়।
জানতে চাইলে সৈয়দ আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, স্থগিত হওয়া এলাকার পরীক্ষা পরে আলাদা প্রশ্নপত্রে নেওয়া হবে।
প্রসঙ্গত, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিতে অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীতে ৩৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি ৪৩ বছর পর জুলাই মাসের এক দিনে সর্বোচ্চ। রাঙামাটি ও কক্সবাজারেও টানা ভারী বৃষ্টিতে অনেক এলাকা তলিয়ে গেছে।
চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত