রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে কারাগারে পাঠানোর আদেশ

· Prothom Alo

রাজধানীর মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Visit h-doctor.club for more information.

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম বলেন, দুই দফা রিমান্ড শেষে সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এই মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসেন দ্বিতীয় দফার রিমান্ড শেষে আশিকা সুলতানাকে আদালতে হাজির করেন। একই সঙ্গে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৫ জুন রাত ১১টা ৫০ মিনিটের দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফার রিমান্ড শেষে গত ২৯ জুন আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুন মিরপুর-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জনের একটি দল সরকারবিরোধী মিছিল করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ব্যানার-ফেস্টুন ফেলে পালিয়ে যান। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পারে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই মিছিল করা হয়েছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়।

Read full story at source