জমি নিয়ে বিরোধে হাঁসুয়ার কোপে দাদাশ্বশুর খুন, অভিযোগ নাতজামাইয়ের বিরুদ্ধে
· Prothom Alo

বগুড়ার কাহালু উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে নাতজামাইয়ের হাঁসুয়ার কোপে দাদাশ্বশুর নিহত হওয়ার অভিযোগ উঠেছে। রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার পাইকর ইউনিয়নের বাঘাইল এলাকায় ওই খুনের ঘটনা ঘটে।
Visit somethingsdifferent.biz for more information.
নিহত মকবুল হোসেন (৭০) উপজেলার বাঘাইল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তাঁর ছেলে শহিদুল ইসলাম আহত হয়েছেন। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত মো. শাকিলের বাড়ি ওই এলাকায়। ঘটনার পর তিনি আত্মগোপনে আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার শাকিলের সঙ্গে শহিদুল ইসলামের মেয়ের বিয়ে হয়। সেই সূত্রে নিহত মকবুল হোসেন ছিলেন শাকিলের দাদাশ্বশুর। দীর্ঘদিন ধরে শাকিল ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ বিকেলে শাকিল ও তাঁর ছোট ভাই সবুজ ধারালো হাঁসুয়া দিয়ে মকবুল হোসেনের ওপর হামলা চালান। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে শহিদুল ইসলামকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন; আর শহিদুল হাসপাতালে চিকিৎসাধীন।
কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক। তাঁদের আটক করতে অভিযান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।