সোনার দাম ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
· Prothom Alo
দেশের বাজারে আজ সোনার দাম একলাফে ভরিতে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা বেড়েছে। একই সঙ্গে রুপার দামও সামান্য বেড়েছে।
Visit rouesnews.click for more information.
বিশ্ববাজারে তেজাবি বা খাঁটি সোনা ও রুপার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ শনিবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে।
গত বৃহস্পতিবার সোনার দাম কমেছিল ভরিতে ২ হাজার ২১৬ টাকা। ফলে গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের সোনা বিক্রি হয়েছে প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়।
নতুন দাম অনুযায়ী, আজ শনিবার ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরি বেড়ে হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
অর্থাৎ গতকালের চেয়ে আজ ২২ ক্যারেটের সোনার দাম বেড়েছে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা; ২১ ক্যারেটের ৫ হাজার ২৪৯ টাকা; ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ভরিতে ৩ হাজার ৬৭৩ টাকা।
একই সঙ্গে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বেড়ে হয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।
এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ।
এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলংকারে ভ্যাটের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।