সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, স্পিকার বললেন, শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন

· Prothom Alo

জাতীয় সংসদে বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল ইসলাম খান। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শোকর করেন যে অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে।

আজ সোমবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনার সময় অনেক মন্ত্রীর আসন ফাঁকা ছিল। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন সাইফুল আলম খান। তিনি বলেন, তিনি লক্ষ করছেন বাজেট অধিবেশনে বেশির ভাগ সময় অধিকাংশ মন্ত্রী উপস্থিত থাকেন না।

Visit h-doctor.club for more information.

জামায়াতে ইসলামীর এই সদস্য বলেন, ‘এইখানে দেখেন স্বাস্থ্যমন্ত্রী, তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক মন্ত্রী নাই। মন্ত্রীদের চেয়ার সব খালি। এ ব্যাপারে আপনার সহযোগিতা চাচ্ছি মাননীয় স্পিকার।’

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চাই। শোকর করেন যে অর্থমন্ত্রী অন্তত আছেন এখানে। কিন্তু অন্যান্য মন্ত্রীদেরও অনুরোধ জানাবেন সংসদ সদস্যদের পক্ষ থেকে। বাজেট সেশন গুরুত্বপূর্ণ সেশন। তাঁরা থাকলে আমরা বাধিত হব।’

স্পিকারের বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেন, ‘অনেক মন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তবে সংসদে তাঁদের উপস্থিত থাকা উচিত। অর্থমন্ত্রী আগাগোড়াই এখানে উপস্থিত আছেন। বাজেট–সংক্রান্ত বিষয়ে সব খাতের বিষয়ে সবশেষে অর্থমন্ত্রীই বলবেন।’

চিফ হুইপ আরও বলেন, ‘বিএনপির মহাসচিব স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় উপস্থিত থাকেন। অন্য মন্ত্রীরাও থাকেন। তবে তিনি আশা করেন, যাঁরা উপস্থিত থাকেন না তাঁরা যেন উপস্থিত থেকে সংসদ উপভোগ করেন।’

এ পর্যায়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন বলেন, ‘বিরোধী দলের সংসদ সদস্য বললেন আমাদের মন্ত্রীরা নাই, ঠিক আছে। বলার আগে যদি নিজের দিকে তাকিয়ে বলতেন, সংসদে বিরোধী দলের নেতা এবং উপনেতা দুজনের কেউই নাই। তারাও যাতে ঠিকমতো থাকে।’

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের নেতা না থাকলে অসুবিধা নেই, মন্ত্রীদের থাকা প্রয়োজন। তবু সংসদের সৌন্দর্য রক্ষার্থে সবারই থাকা বাঞ্ছনীয়।

Read full story at source