সেরার লড়াইয়ে কিছুটা এগিয়ে ইয়ামাল
· Prothom Alo

বিশ্বকাপে গোল্ডেন বল বা সেরা খেলোয়াড়ের পুরস্কারটি কে জিতবেন, তা নিয়ে ফুটবল বিশ্বে জল্পনার শেষ নেই। আমার চোখে এই মুহূর্তে গোল্ডেন বল পাওয়ার প্রধান দাবিদার চারজন খেলোয়াড়—স্পেনের লামিনে ইয়ামাল, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। সত্যি বলতে তাঁদের বাইরে এমন কোনো স্ট্রাইকার বা খেলোয়াড় সেভাবে উঠে আসেননি, যাঁরা এই চারজনকে টেক্কা দিয়ে গোল্ডেন বল জেতার মতো জায়গায় আছেন।
ব্যক্তিগতভাবে আমি স্পেনের ইয়ামালকে কিছুটা এগিয়ে রাখব। এর প্রধান কারণ হলো, স্পেন দল হিসেবে খুবই শক্তিশালী। অনেক দূর যাওয়ার ক্ষমতা রাখে। এ ছাড়া ইয়ামালের সাম্প্রতিক লিগ পারফরম্যান্স এবং জাতীয় দলের হয়ে তাঁর ভূমিকা দারুণ। ১৮ বছর বয়সেই তাঁর যে ঝলক আর দলের প্রতি নিবেদন এবং একা হাতে দলকে জয় এনে দেওয়ার ক্ষমতা, তা সত্যিই অসাধারণ। একটি দলে এমন খেলোয়াড় থাকা মানে বিরাট আশীর্বাদ। তাঁর মতো খেলোয়াড় থাকা মানে দল বাড়তি শক্তি পায়। তরুণ ইয়ামাল যদি চোটমুক্ত থেকে নিজেকে এগিয়ে নিতে পারেন, তাহলে খুব দ্রুতই চূড়ায় পৌঁছাবেন।
Visit newsbetting.bond for more information.
দ্বিতীয় নাম আসবে মেসি। তবে কথাটা এভাবে বলছি বটে, কিন্তু সত্যি বলতে এভাবে মেসি বা রোনালদোদের মতো খেলোয়াড়কে ১, ২ বা ৩ নম্বরে ভাগ করা সম্ভব নয়। তাঁদের যে কারও বিশ্বকাপ মাতানোর ক্ষমতা আছে। ৩৮ বছর বয়সী মেসির প্রতিদ্বন্দ্বী এখনো ৪১ বছরের রোনালদো ছাড়া কেউ নেই। বিশ্বে এমন কেউ নেই যে এই দুজনের প্রতিদ্বন্দ্বী হতে পারে। তাঁরা এখনো সবার ওপরে। গত বিশ্বকাপের গোল্ডেন বল পাওয়া মেসি এখনো বিশ্বের সেরা খেলোয়াড়, সেটা তাঁর পুরস্কারগুলো বা লিগের পারফরম্যান্স দেখলেই বোঝা যায়। যুক্তরাষ্ট্রে নিয়মিত গোল করেছেন মেসি এবং দুর্দান্ত ফর্ম নিয়ে বিশ্বকাপে এসেছেন। ঠিক একইভাবে পর্তুগাল দলে রোনালদোর বিকল্প আজও তৈরি হয়নি। মেসি-রোনালদোরা নিজ নিজ জায়গায় এবং নিজ নিজ লিগে সেরা পারফর্ম করে যাচ্ছেন।
অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের কথা না বললেই নয়। বিশেষ করে জাতীয় দলের হয়ে তাঁর পারফরম্যান্স সব সময়ই দারুণ। সর্বশেষ স্প্যানিশ লিগে ইয়ামাল ও এমবাপ্পে (রিয়াল মাদ্রিদের হয়ে) নিজেদের মেলে ধরেছেন, যা বিশ্বকাপকে আরও জমজমাট করে তোলার আভাস দিচ্ছে।
তবে শেষ পর্যন্ত গোল্ডেন বল কার হাতে উঠবে, তা অনেকটা নির্ভর করবে তাঁদের দলের সাফল্যের ওপর। ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে আপনি অনুমান করতে পারবেন কে সেরা। কিন্তু গোল্ডেন বল বা সেরা খেলোয়াড় হতে হলে দলটিকে অন্তত সেমিফাইনাল বা ফাইনালে যেতে হবে। সত্যি বলতে, দল ভালো না করলে ব্যক্তিগতভাবে একটা বড় টুর্নামেন্টে সেরা হওয়া কঠিন। পর্তুগাল, ব্রাজিল বা ফ্রান্স—যাদের কথাই বলি না কেন, টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকাটাই হবে আসল পরীক্ষা।
আর এই সেরাদের তালিকায় ক্যারিয়ারের গোধূলিবেলায় চলে আসা রোনালদোকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তাঁকে বিবেচনায় না রেখে টুর্নামেন্টের আগে সম্ভাব্য সেরা খেলোয়াড় নির্বাচন করা কঠিনই।
মামুনুল ইসলাম: জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক