আক্কেলপুরে ব্রাজিল–আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল লড়াই

· Prothom Alo

বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হতে এখনো কয়েক দিন বাকি। তবে এর আগেই জয়পুরহাটের আক্কেলপুরে জমে উঠেছে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। এতে ব্রাজিলকে হারিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা।

Visit betsport.cv for more information.

ঈদুল আজহার তৃতীয় দিনে আজ ‎শনিবার বিকেলে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ খেলা হয়। খেলা শুরুর অনেক আগেই মাঠে ভিড় করেন শত শত দর্শক। প্রিয় দলের জার্সি, পতাকা ও নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

‎ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাসে প্রতিটি আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের মধ্যে দেখা যায় বাড়তি উত্তেজনা। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা দল দারুণ নৈপুণ্য দেখিয়ে ব্রাজিলকে ১–০ গোলে পরাজিত করে বিজয় নিশ্চিত করে।

‎খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়। আর পরাজিত হলেও ব্রাজিল সমর্থকেরাও খেলোয়াড়দের উৎসাহ দেন এবং খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এ খেলার আয়োজক উপজেলার পালপাড়া ক্রিকেট ক্লাবের সদস্য সাকলাইন মোস্তকিম বলেন, ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এই ম্যাচের আয়োজন করা হয়েছে। বিশ্বকাপ সামনে রেখে এমন আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয় দর্শক রেজাউল বলেন, ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। বিশ্বকাপ শুরুর আগেই এমন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করতে পেরে তাঁরা আনন্দিত। ঈদের ছুটিতে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচটি আক্কেলপুরের ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় এবং বিশ্বকাপের আগাম উন্মাদনায় নতুন মাত্রা যোগ করে।

Read full story at source