বৈশাখ মানে তাঁদের কাছে কালবৈশাখীতে টিকে থাকার লড়াই
· Prothom Alo

কুড়িগ্রামের চরাঞ্চলে বৈশাখ উৎসবের বার্তা নিয়ে আসে না। চরের বাসিন্দাদের কাছে এটি দমকা হাওয়া ও কালো মেঘের বার্তা নিয়ে আসে। আর সঙ্গে থাকে মুহূর্তে সবকিছু হারানোর ভয়। তাঁদের কাছে বৈশাখ মানে কালবৈশাখী ঝড়ে টিকে থাকার লড়াই।
Visit extonnews.click for more information.
জেলা শহর থেকে ব্রহ্মপুত্র নদের বুকে নৌকায় প্রায় দুই ঘণ্টার পথ আইরমারীরচর। ছোট এই চরে প্রায় ১২০টি পরিবারের বাস। জীবিকার তাগিদে কেউ মাছ ধরেন, কেউ তাঁতের কাজে পাবনা-সিরাজগঞ্জে যান, আবার কেউ ঢাকায় শ্রমিকের কাজ করেন।
চরের বাসিন্দা শহিদুল ইসলাম (৪৭) তাঁদের একজন। একসময় শত বিঘা ফসলি জমির মালিক ছিলেন। আইরমারীরচর, রলাকাটা ও পূর্ব দইখাওয়ার চরে তাঁর বাবার সেই জমি এখন নদীগর্ভে বিলীন। সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে গিয়ে তিনি বলেন, ‘বৈশাখ মাস আসলেই ভয় ঘিরি ধরে, এই বুঝি জোড়ে ঝড়-তুফান আসে। ঝড়ে ঘর হারাবে, ফসল নষ্ট হইবে—এই দুশ্চিন্তা মাথায় ভর করে।’
ওই চরের ষাটোর্ধ্ব সরবেশ আলী বলেন, ‘চরের মানুষের আবার বৈশাখ! কালবৈশাখী ঝড় ছাড়া আমাদের আর কোনো বৈশাখ নেই।’ তিনি জানান, একসময় ব্রহ্মপুত্র নদ অনেক দূরে ছিল। গ্রামে ছিল সচ্ছলতা, বৈশাখে বসত মেলা, হতো হাডুডু ও লাঠিখেলা। এখন নদীভাঙনে বদলে গেছে সব। কাজের খোঁজে তরুণেরা শহরমুখী, গ্রামে রয়ে গেছেন মূলত নারী, শিশু ও বৃদ্ধরা।
চরের এই বাস্তবতা শহরের বৈশাখ উদ্যাপনের চেয়ে আলাদা। শহরে যখন পান্তা-ইলিশ, নতুন পোশাক আর শোভাযাত্রায় বৈশাখের উদ্যাপন হয়, তখন চরাঞ্চলে মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকে—ঝড় আসবে কি না, সেই আশঙ্কায়। শহিদুল ইসলামের স্ত্রী মহুরা বেগম বলেন, ‘শহরত মানুষ নয়া জামাকাপড় পরে আনন্দ উৎসব করে, আর আমাগো চরের মানুষ ভাবে, আইজ আবার তুফান আইব না তো?’
কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা সাড়ে চার শতাধিক চরে বছরের এই সময় সবচেয়ে অনিশ্চয়তার। নতুন ফসল, কাঁচা ঘরবাড়ি ও গবাদিপশু—সবকিছুই ঝুঁকির মুখে থাকে। চরের মানুষের আরেকটি বড় সমস্যা হলো আগাম সতর্কতার অভাব। মাঝের আলগার চরের খামারি মাইদুল ইসলাম বলেন, ‘দেশ ডিজিটাল হয়েছে, কিন্তু আমরা ঝড়ের আগাম খবর পাই না। আগে জানলে গরু-ছাগল সরাতে পারতাম, ঘরও কিছুটা বাঁচানো যেত।’
স্থানীয় স্কুলশিক্ষক মনির হোসেন বলেন, শিশুরা বইয়ে পড়ে বৈশাখ মানে উৎসব। কিন্তু এখানে বাস্তবে তারা দেখে ঘর বাঁচানোর সংগ্রাম।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন চরে শতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে সঠিক পরিসংখ্যান সংরক্ষণের ঘাটতি রয়েছে। চলতি বছর এক দিনের ঝড়ে নাগেশ্বরী উপজেলায় অন্তত ১০টি বসতবাড়ি ভেঙে গেছে।
প্রতিকূলতার মধ্যেও থেমে নেই চরের জীবন। ঝড়ের পরদিনই কেউ ভাঙা ঘরের খুঁটি দাঁড় করান, কেউ আবার নতুন করে বীজ বোনেন। সব হারিয়ে আবার নতুন করে শুরু হয় সংগ্রামের জীবন।