বাংলা একাডেমিতে কাল শুরু হচ্ছে এইচএসবিসি-প্রথমা বিজয় বইমেলা
· Prothom Alo

বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘এইচএসবিসি-প্রথমা বিজয় বইমেলা ২০২৬’। প্রথমা প্রকাশন ও এইচএসবিসির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ বইমেলা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।
Visit moryak.biz for more information.
বিজয় বইমেলায় প্রথমা প্রকাশনের বইয়ে ২৫ থেকে ৭০ শতাংশ এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া বিদেশি বই পাওয়া যাবে বিশেষ বিনিময় হারে। প্রতি রুপির দাম পড়বে ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা।
কাল বিকেল চারটায় বইমেলার উদ্বোধন করবেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করবেন এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান, লেখক ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস এবং কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফ। অনুষ্ঠানে সংগীত পরিবেশনারও আয়োজন থাকছে।
মেলার বিভিন্ন দিনে বই প্রকাশনা, আলোচনা ও পাঠকদের অংশগ্রহণে নানা আয়োজন থাকছে।
২৮ নভেম্বর মালেকা বেগম সম্পাদিত ‘নির্বাচিত বেগম: অর্ধশতাব্দীর সমাজচিত্র ১৯৪৭–২০০০’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হবে। এতে আলোচনা করবেন লেখক ও গবেষক মোরশেদ শফিউল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আজিজুল হক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও লেখক আফসানা বেগম।
বাংলা একাডেমি প্রাঙ্গণ৩০ নভেম্বর ‘সমাজের লিপিকার: কামরুদ্দীন আহমদ’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন অর্থনীতিবিদ, শিক্ষক ও লেখক আনু মুহাম্মদ এবং প্রাবন্ধিক ও গবেষক কুদরত-ই-হুদা।
২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘পড়ুয়াদের বৈঠক’। এতে বিভিন্ন বুক ক্লাব, রিডিং ক্লাব ও বইবিষয়ক কনটেন্ট নির্মাতারা নিজেদের পাঠাভ্যাস, বই নিয়ে ভাবনা এবং সমসাময়িক পাঠকের রুচির পরিবর্তন নিয়ে কথা বলবেন।
৪ ডিসেম্বর ‘পূর্ববাংলার আত্মপরিচয়: আবুল মনসুর আহমদ’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুমন সাজ্জাদ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের শিক্ষক তৈমুর রেজা।
৫ ডিসেম্বরের আলোচনার বিষয় ‘মুক্তিযুদ্ধের অগ্রবর্তী নেতা: তাজউদ্দীন আহমদ’। এতে আলোচনা করবেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ এবং লেখক ও রাজনৈতিক সংগঠক ফিরোজ আহমেদ।
৬ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আলোচক হিসেবে থাকবেন সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
বইমেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে উদ্বোধনের দিন শুক্রবার মেলা শুরু হবে বিকেল চারটায়।