যেভাবে গোয়েন্দা ‘জালে’ ধরা পড়লেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

· Prothom Alo

জুলাই অভ্যুত্থানের পর কারাগার থেকে মুক্তি পেয়ে রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় চাঁদাবাজি, মার্কেট দখলসহ নানা অপরাধে নতুন করে জড়িয়ে পড়েন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। এরপর তাঁকে গ্রেপ্তারে উদ্যোগী হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে গত আগস্টে তাঁকে ধরতে তেজগাঁও এলাকায় অভিযানও চালানো হয়। তবে সে সময় পরিচয় গোপন করে পুলিশের সামনে দিয়েই চলে যান তিনি।

Visit asg-reflektory.pl for more information.

তারপর সুইডেন আসলামকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যোগ নেয় ডিবি। ডিবির একটি সূত্র বলছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতির মধ্যে সাত আলোচিত সন্ত্রাসী জামিনে মুক্ত হন। তখন আসলামও জামিনে মুক্তি পান। পরে বিদেশে চলে যান। সেখানে বসেই কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন তিনি। ৪ নভেম্বর মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন সুইডেন আসলাম। গোয়েন্দারা তাঁর ঢাকায় আসার খবর পেয়ে গ্রেপ্তারের জন্য ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেন। একটি পুরোনো মামলার নথিসহ তাঁকে গ্রেপ্তারের জন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির ভিত্তিতে গতকাল রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেটকেন্দ্রিক নানা অপরাধে নতুন করে সুইডেন আসলামের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ঢাকার নিউমার্কেট এলাকায় আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। টিটন হত্যার ঘটনায় তাঁর ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন। মামলায় আসামির তালিকা ফাঁকা রাখা হলেও সন্দেহভাজন হিসেবে আরেক শীর্ষ সন্ত্রাসীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান, রনি ওরফে ড্যাগারি রনি। এখন এই মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখাল পুলিশ। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

টিটন হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

আগস্টে পুলিশের সামনে দিয়েই চলে যান সুইডেন আসলাম

ইমিগ্রেশন পুলিশ ও পাসপোর্টের তথ্য বিশ্লেষণ করে তদন্তসংশ্লিষ্ট ডিবি সূত্র বলছে, জামিনে মুক্তি পাওয়ার পর সুইডেন আসলাম গত ৬ এপ্রিল প্রথম ঢাকা থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যান। পরে আগস্ট ও নভেম্বরে আরও তিনবার তিনি মালয়েশিয়া থেকে এভাবে ঢাকায় আসা–যাওয়া করেছেন। ডিবির একটি সূত্র বলছে, সুইডেন আসলাম মালয়েশিয়ায় থাকলেও থাইল্যান্ড ও সিঙ্গাপুরে তাঁর যাওয়া–আসা ছিল।

পুলিশের একটি সূত্র বলছে, গত আগস্ট মাসে একবার দেশে আসেন সুইডেন আসলাম। খবর পেয়ে ডিবির একটি দল ঢাকার তেজগাঁও এলাকায় অভিযানে চালায়। টের পেয়ে ডিবির সামনে দিয়ে পালিয়ে যান আসলাম। তদন্তসংশ্লিষ্ট একজন গোয়েন্দা কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁর কাছে সুইডেন আসলামের একটি পুরোনো ছবি ছিল। এখনকার চেহারার সঙ্গে আগের ছবির মিল নেই। তাঁর নাম জানতে চাইলে তিনি তখন আলী আকবার পরিচয় দিয়ে চলে যান। আজ গ্রেপ্তারের পর দেখা গেছে সেই সময় আলী আকবার পরিচয় দেওয়া ব্যক্তিটি আসলে সুইডেন আসলাম।

তদন্তসংশ্লিষ্ট একজন গোয়েন্দা কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁর কাছে সুইডেন আসলামের একটি পুরোনো ছবি ছিল। এখনকার চেহারার সঙ্গে আগের ছবির মিল নেই। তাঁর নাম জানতে চাইলে তিনি তখন আলী আকবার পরিচয় দিয়ে চলে যান। আজ গ্রেপ্তারের পর দেখা গেছে, সেই সময় আলী আকবার পরিচয় দেওয়া ব্যক্তিটি আসলে সুইডেন আসলাম।

চাঁদাবাজি ও বিপণিবিতান দখলের অভিযোগ

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্ত হয়ে সুইডেন আসলাম ফার্মগেট আনন্দ সিনেমা হলের পেছনে ক্যাপিটাল বড় বাজার নামের একটি তিনতলা মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি হন। ব্যবসায়ীরা বলছেন, মার্কেটটি এখন তাঁর দখলে। তাঁকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ওই মার্কেট ছাড়াও কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখলে নতুন করে সুইডেন আসলামের নাম এসেছে। তাঁর লোকজন এ এলাকায় নানা অপরাধে জড়াচ্ছে। গত ৭ জানুয়ারি রাত আটটার পর রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ায় হোটেল সুপার স্টারের পাশের গলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের সঙ্গে বিনাশ নামের এক সন্ত্রাসী জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তিনি সুইডেন আসলামের ঘনিষ্ঠ।

গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্ক অবগত একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, জিজ্ঞাসাবাদে মুছাব্বিরকে হত্যার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন সুইডেন আসলাম। তিনি বলেছেন, বিনাশ নামের কাউকে চেনেন না। কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকার অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে জিজ্ঞাসাবাদে আসলাম পুলিশকে বলেছেন, যুবক বয়সে তিনি নানা অপরাধে জড়িত ছিলেন। তখন তাঁর নাম ছড়িয়ে পড়েছিল। এখন তিনি কোনো অপরাধে জড়িত নন। তবে স্থানীয় অনেকেই বিপদে পড়ে তাঁর কাছে গেলে তিনি সমাধানের চেষ্টা করেন। পুলিশের ওই সূত্রের তথ্যমতে, সুইডেন আসলাম যেসব সমস্যার সমাধান করেন, সেগুলো মূলত আদালত ও পুলিশের কাজ।

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তারগ্রেপ্তারের পর দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

অপরাধজগতে উত্থান

সুইডেন আসলামের পৈতৃক বাড়ি ঢাকার নবাবগঞ্জে। তাঁর প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তবে সুইডেন আসলাম নামেই তিনি পরিচিত হয়ে ওঠেন। এখন তাঁর বয়স ৬৫ বছর। তাঁর বাবা শেখ জিন্নাত আলী ও চাচারা স্বাধীনতার পর ঢাকার ইন্দিরা রোডে বসবাস শুরু করেন। তাঁর বাবা ফার্মগেটে রড-সিমেন্টের ব্যবসা করতেন। আসলামের পড়াশোনা তেজগাঁও পলিটেকনিক স্কুলে, যার বর্তমান নাম তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সময়ে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সুইডেন আসলাম ফুটবল খেলায় ভালো ছিলেন। স্কুলের হয়ে আন্তজেলা প্রতিযোগিতায়ও খেলেছেন। এসএসসি পাসের পর ভর্তি হন তেজগাঁও কলেজে। তখন থেকেই অপরাধে জড়িয়ে পড়েন তিনি।

২০১৫ সালের ২৩ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত ‘সুইডেন আসলামের সামনে এখন কেবল একটি মামলা’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। এরপর একের পর এক খুনের ঘটনায় তাঁর জড়িয়ে পড়ার অভিযোগ আসে।

আশি ও নব্বইয়ের দশকে রাজধানীর বিভিন্ন এলাকায় একেকজনের নিয়ন্ত্রণে অপরাধজগৎ গড়ে ওঠে। ২০০১ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে পুলিশ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে। তালিকায় মিরপুরের ইব্রাহিমপুর ও কাফরুলের কালা জাহাঙ্গীর, মগবাজার ও মালিবাগের সুব্রত বাইন, কারওয়ান বাজার ও তেজগাঁওয়ের পিচ্চি হান্নান, মোহাম্মদপুরের হারিস আহমেদসহ বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের নাম ছিল। ওই তালিকায় আসলামের নাম ছিল না। তবে ২০১০ সালে পুলিশের করা ৪২ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তাঁর নাম ওঠে।

স্কুলের ভালো ফুটবলার থেকে আসলাম যেভাবে হয়ে ওঠেন শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’সুইডেন আসলাম

‘সুইডেন’ নাম, মামলা

পুলিশ ও ইন্দিরা রোডের বাসিন্দাদের সূত্রে জানা যায়, আসলামের প্রথম স্ত্রী ইতির বাড়ি ছিল সুইডেনে। একপর্যায়ে আসলামও সেখানে যান। কয়েক বছর পর দেশে ফিরে আসেন। এরপর রাজাবাজারের শেখ আসলাম পরিচিত হয়ে ওঠেন সুইডেন আসলাম নামে। পুলিশের তালিকা, মামলার নথি ও সংবাদেও এই নাম ব্যবহৃত হয়েছে।

ইতির সঙ্গে তাঁর সংসার টেকেনি। বিচ্ছেদের পর ইতি দেশে ফিরে আবদুল্লাহ আল হাসান ওরফে মামুন নামের এক সন্ত্রাসীকে বিয়ে করেন। ১৯৯৫ সালে পুরান ঢাকায় মামুনসহ তিনজন খুন হন। ওই মামলার অভিযোগপত্রে আসলামের নাম ছিল। সে সময় সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, ইতির সঙ্গে মামুনের প্রেম ও বিয়ে মেনে নিতে না পেরে তাঁকে খুন করেন আসলাম। পরে নিজের চাচাতো বোন সিমিকে বিয়ে করেন তিনি। ২০২২ সালে দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত এক লেখায় বলা হয়, সিমি নিজের ভাই-বোনদের সঙ্গে থাকেন।

আসলামের বিরুদ্ধে মোট কতটি মামলা হয়েছিল, কতটিতে তিনি খালাস পেয়েছেন, আর কতটি বিচারাধীন, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁর মুক্তির সময় বাসসের খবরে ৯টি হত্যা মামলাসহ ২২টি মামলার কথা বলা হয়। এর আগে ২০১৫ সালে প্রথম আলোর প্রতিবেদনে ঢাকা মহানগর পুলিশের কারা প্রশাসনের মহাপরিদর্শককে দেওয়া এক চিঠির বরাত দিয়ে বলা হয়েছিল, ১২টি মামলার মধ্যে ১১টিতে খালাস পেয়েছেন আসলাম। একটি মামলা বিচারাধীন ছিল।

সর্বশেষ মামলাটি ছিল তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যা। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলাতেই তাঁর জামিন হয়নি। দীর্ঘদিন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। বন্দী থাকা অবস্থায় অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে। ২০১৪ সালের মার্চে কারা অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করে। একটি গোয়েন্দা সংস্থা ওই ফোনে আড়ি পেতে গুরুত্বপূর্ণ তথ্য পায়। কলের তালিকাসহ গোপন প্রতিবেদন পাঠানো হয় ঢাকা মহানগর পুলিশকে। তাতে পূর্ব রাজাবাজারের কয়েকজন সন্ত্রাসী তাঁর হয়ে কাজ করতেন বলে উল্লেখ করা হয়।

গালিব হত্যা মামলায় দীর্ঘদিন সাক্ষ্য গ্রহণেও অগ্রগতি ছিল না। ২০১৫ সালের ৮ ডিসেম্বর প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালের ১৫ অক্টোবর গালিবের স্ত্রী শম্পা এবং ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর চুন্নু মিয়া সাক্ষ্য দেন। এরপর টানা ৯ বছর রাষ্ট্রপক্ষ আর কোনো সাক্ষী হাজির করতে পারেনি। ২০২৪ সালে আসলাম জামিনে বের হওয়ার সময় ২৪ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। ওই বছরের ৩ সেপ্টেম্বর জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছায়। যাচাই শেষে রাত নয়টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। তখন তাঁর বয়স ছিল ৬২ বছর।

Read full story at source