ঘরের গণ্ডি পেরিয়ে আনন্দের খোঁজে নারীদের ‘উড়ন্ত ঘুড়ি’
· Prothom Alo

শুধু ভ্রমণ নয়, নারীদের জন্য আনন্দ, বন্ধুত্ব, মানসিক প্রশান্তি আর নতুন করে নিজেকে আবিষ্কারের একটি পরিসর তৈরি করাই উড়ন্ত ঘুড়ির লক্ষ্য।
Visit cat-cross.com for more information.
একসময় সংসার, সন্তান আর পারিবারিক দায়িত্ব সামলাতে গিয়ে নিজের শখ-আহ্লাদগুলো কোথায় যেন হারিয়ে যায় অনেক নারীর। সন্তান বড় হয়ে নিজের সংসারে ব্যস্ত হয়, কর্মজীবনের ব্যস্ততা একসময় থেমে যায়। হাতে সময় থাকে, সামর্থ্যও থাকে, কিন্তু কোথাও বেড়াতে যাওয়ার সঙ্গী মেলে না। বিশেষ করে মধ্যবয়সী নারীদের জীবনে এমন অভিজ্ঞতা খুব একটা বিরল নয়। এই বাস্তবতা থেকেই কয়েকজন নারীর একসঙ্গে পথচলার উদ্যোগ ‘উড়ন্ত ঘুড়ি’। শুধু ভ্রমণ নয়, নারীদের জন্য আনন্দ, বন্ধুত্ব, মানসিক প্রশান্তি আর নতুন করে নিজেকে আবিষ্কারের একটি পরিসর তৈরি করাই তাদের লক্ষ্য।
গত বছর তিনজন মধ্যবয়সী নারী নিজেদের ভ্রমণপ্রীতি এবং অন্য নারীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার ইচ্ছা থেকে শুরু করেন এই উদ্যোগ। দেখতে দেখতে এক বছরে আয়োজন হয়েছে প্রায় ১৪ থেকে ১৫টি ভ্রমণ ও আনন্দ আয়োজনের। ২২ নভেম্বর সেই পথচলার প্রথম বর্ষপূর্তি এবং পুনর্মিলনী উদ্যাপন করেছে ‘উড়ন্ত ঘুড়ি’। পুরোনো ভ্রমণসঙ্গীদের নিয়ে সকালের নাশতা, আড্ডা আর স্মৃতিচারণের মধ্য দিয়ে ফিরে দেখা হয়েছে এক বছরের নানা অভিজ্ঞতা।
একাকিত্ব থেকে উদ্যোগের শুরু
‘উড়ন্ত ঘুড়ি’র অন্যতম উদ্যোক্তা ফেরদৌস জিনাত আরা, যিনি নীলা নামেই পরিচিত। নিজের জীবনের একটি পরিবর্তন থেকেই মূলত এই উদ্যোগের ভাবনা তাঁর মাথায় আসে। মেয়ের বিয়ের পর একসময় নিজেকে কিছুটা একা অনুভব করতে শুরু করেন তিনি। আগে মেয়েই ছিল তাঁর ভ্রমণসঙ্গী, দুজনে মিলে ঘুরে বেড়াতেন। কিন্তু মেয়ের নিজের সংসার হওয়ার পর সেই অভ্যাসে ছেদ পড়ে।
নিজের অভিজ্ঞতা থেকেই তিনি উপলব্ধি করেন, তাঁর বয়সী অনেক নারীর জীবনেও একই রকম বাস্তবতা রয়েছে। সন্তানদের কেউ বিদেশে থাকেন, কেউ বিয়ের পর নিজস্ব সংসার নিয়ে ব্যস্ত। অনেকের আর্থিক সামর্থ্য থাকলেও কোথাও বেড়াতে যাওয়ার মতো সঙ্গী নেই। আবার কেউ কেউ দীর্ঘদিন ধরে সংসার ও পারিবারিক দায়িত্ব সামলাতে গিয়ে নিজের আনন্দের জায়গাটুকু হারিয়ে ফেলেছেন। এই নারীদের একত্র করার ভাবনা থেকেই বন্ধুদের সঙ্গে আলোচনা করে শুরু হয় ‘উড়ন্ত ঘুড়ি’র যাত্রা।
আরেক সহ প্রতিষ্ঠাতা ফাহমিদা চৌধুরী বলেন, শুরুর দিকে তাঁদের লক্ষ্য ছিলেন আগে একসঙ্গে কাজ করেছেন এমন পরিচিত নারীরা। বিশেষ করে টাপারওয়্যারে কাজ করার সময় যাঁদের সঙ্গে তাঁদের পরিচয় ও বন্ধুত্ব হয়েছিল, তাঁদের সঙ্গে যোগাযোগ করেন উদ্যোক্তারা।
কর্মজীবনের ব্যস্ততা থেকে সরে এসে যাঁরা আবার সংসারের দৈনন্দিন কাজে নিজেদের ব্যস্ত করে ফেলেছিলেন, তাঁদেরই নতুন করে ঘরের বাইরে আসার আমন্ত্রণ জানান। এরপর একজনের মাধ্যমে আরেকজন, পরিচিত থেকে প্রতিবেশী কিংবা বন্ধু মুখে মুখেই ছড়িয়ে পড়ে ‘উড়ন্ত ঘুড়ি’র কথা।
শুধু ভ্রমণ নয়, তৈরি হচ্ছে এক পরিবার
‘উড়ন্ত ঘুড়ি’র বিশেষত্ব কেবল বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া নয়, বরং ভ্রমণের মধ্য দিয়ে একটি পারিবারিক বন্ধন তৈরি করা। উদ্যোক্তাদের ভাষায়, তাঁরা চান না কেউ তাঁদের আয়োজনে এসে নিজেকে অপরিচিত কিংবা একা মনে করুন। বরং বয়সে ছোট-বড় সবাই যেন একে অপরের বন্ধু, বোন কিংবা আপনজন হয়ে উঠতে পারেন। প্রথম দিকের একটি ভ্রমণ আয়োজন ছিল ঢাকার কাছের রিসোর্টে । নতুন উদ্যোগ, নতুন মানুষ এবং একসঙ্গে সময় কাটানোর আনন্দ—সব মিলিয়ে অভিজ্ঞতাটি ছিল বেশ স্মরণীয়।
সেখানে ছিল গান, নাচ, ছবি তোলা, খেলাধুলা এবং নানা রকম আনন্দ আয়োজন। বিশেষ করে ছোট ছোট খেলার সঙ্গে উপহার দেওয়ার বিষয়টি অংশগ্রহণকারীদের মধ্যে আলাদা উৎসাহ তৈরি করে। এখনো অনেকে পরবর্তী আয়োজনে সেই খেলাগুলো থাকবে কি না, তা জানতে চান। এই ছোট ছোট আয়োজনের মধ্য দিয়েই তৈরি হয়েছে তাঁদের নিজস্ব একটি সংস্কৃতি। প্রতিটি ভ্রমণে গান, কবিতা, অংশগ্রহণকারীদের ব্যক্তিগত প্রতিভা প্রকাশের সুযোগ, খেলাধুলা এবং ছোট উপহারের ব্যবস্থা রাখার চেষ্টা করেন উদ্যোক্তারা। তাঁদের কাছে ভ্রমণ মানে শুধু একটি জায়গায় যাওয়া, ছবি তোলা আর ফিরে আসা নয়। বরং সবার অংশগ্রহণে এমন কিছু মুহূর্ত তৈরি করা, যা বাড়ি ফিরে এসেও মনে থেকে যায়।
নিরাপত্তা ও পরিবারের আস্থা অর্জনের চ্যালেঞ্জ
নারীদের নিয়ে ভ্রমণের আয়োজন করতে গিয়ে সবচেয়ে বড় যে বিষয়টি গুরুত্ব পায়, তা হলো নিরাপত্তা। বিশেষ করে মধ্যবয়সী নারীদের অনেকেরই একা ভ্রমণে বের হওয়ার অভ্যাস নেই। ফলে পরিবারের পক্ষ থেকেও নানা ধরনের উদ্বেগ থাকে। কোথায় যাওয়া হচ্ছে, গাড়ি কেমন, চালক কতটা বিশ্বস্ত, থাকার জায়গাটি নিরাপদ কি না—এমন নানা প্রশ্নের উত্তর দিতে হয় আয়োজকদের। ভাড়া করা গাড়িতে ভ্রমণের ক্ষেত্রে চালকের পরিচয় ও নিরাপত্তা নিশ্চিত করা তাঁদের জন্য বিশেষ বিবেচনার বিষয়। পাশাপাশি পুরো দলকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া এবং আবার সবার বাড়ি ফেরার বিষয়টিও তাঁরা গুরুত্বের সঙ্গে দেখেন। এই বাস্তবতা মাথায় রেখেই প্রতিটি আয়োজনের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন তাঁরা। উদ্যোক্তাদের কাছে অংশগ্রহণকারীদের পরিবারের আস্থা অর্জন করাও উদ্যোগটির একটি গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার গণ্ডি পেরিয়ে দেশের বাইরে যাওয়ার স্বপ্ন
এ পর্যন্ত ‘উড়ন্ত ঘুড়ি’র অধিকাংশ আয়োজন হয়েছে ঢাকাকেন্দ্রিক। নিজেদের দলকে সংগঠিত করা এবং অংশগ্রহণকারীদের মধ্যে পরিচিতি ও আস্থার সম্পর্ক তৈরি করাই ছিল শুরুর দিকের প্রধান লক্ষ্য। এর বাইরে বান্দরবানেও ভ্রমণের আয়োজন হয়েছে। তবে এখন সদস্যদের আগ্রহ বাড়ছে আরও দূরে যাওয়ার। তাঁদের অনেকেই দেশের বিভিন্ন জায়গা এমনকি দেশের বাইরেও একসঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে বলছেন। উদ্যোক্তাদের কাছে এটি নিঃসন্দেহে আনন্দের বিষয়। কারণ তাঁদের উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে, নারীরা এখন নিজেরাই পরবর্তী ভ্রমণের অপেক্ষায় থাকছেন। একটি আয়োজন শেষ হওয়ার পর থেকেই শুরু হচ্ছে পরবর্তী ভ্রমণের পরিকল্পনা।
নিজের জন্যও কিছুটা সময় প্রয়োজন
যাঁরা মধ্যবয়সে এসে নতুন করে ভ্রমণ শুরু করতে চান কিংবা নারীদের নিয়ে এমন উদ্যোগ গড়ে তুলতে চান, তাঁদের জন্য উদ্যোক্তাদের পরামর্শও বেশ সহজ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শারীরিক সক্ষমতায় কিছু পরিবর্তন আসতে পারে, কিন্তু তাই বলে নিজের ইচ্ছা ও উদ্যমকে থামিয়ে দেওয়া উচিত নয়।
ফেরদৌস জিনাত আরার মতে, মানসিক সুস্থতা ও প্রশান্তির জন্য নিজের গণ্ডির বাইরে আসা জরুরি। সেটি বড় কোনো ভ্রমণ হতে হবে এমন নয়। একা সিনেমা দেখতে যাওয়া, পার্কে কিছুক্ষণ হাঁটা কিংবা পরিচিত কয়েকজনের সঙ্গে কোথাও ঘুরে আসা যেকোনো কিছুই হতে পারে নিজের জন্য বরাদ্দ করা আনন্দের সময়। অন্যদিকে, যাঁরা নারীদের নিয়ে ভ্রমণের আয়োজন করতে চান, তাঁদের জন্য নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি ধৈর্য ও দায়িত্বশীলতার প্রয়োজন রয়েছে। কারণ এখানে শুধু একটি ভ্রমণ পরিচালনা করা নয়, বরং নানা বয়সী ও ভিন্ন অভিজ্ঞতার মানুষকে একসঙ্গে নিয়ে চলতে হয়। অংশগ্রহণকারীরা যেন প্রতিটি আয়োজন থেকে আনন্দ নিয়ে ফিরতে পারেন, সেই অভিজ্ঞতা তৈরির দিকেও মনোযোগ দিতে হবে। উদ্যোক্তাদের আরেকটি উপলব্ধি হলো, শুরুতেই আর্থিক লাভকে প্রধান লক্ষ্য না করে অংশগ্রহণকারীদের আনন্দ ও সন্তুষ্টিকে গুরুত্ব দেওয়া উচিত। তাঁদের বিশ্বাস, মানুষের ভালো লাগা ও আস্থা অর্জন করতে পারলে উদ্যোগের স্থায়িত্ব ও আর্থিক সম্ভাবনাও ধীরে ধীরে তৈরি হবে।
আসলে উড়ন্ত ঘুড়ি একটি ভ্রমণ দলের চেয়েও বেশি কিছু। এটি এমন কিছু নারীর একসঙ্গে পথচলা, যাঁরা জীবনের একটি পর্যায়ে এসে আবার নিজেদের জন্য সময় বের করতে চাইছেন। সংসার, সন্তান কিংবা কর্মজীবনের দায়িত্ব পালন করতে গিয়ে যাঁরা নিজেদের ইচ্ছাগুলোকে পেছনে রেখেছেন, তাঁদের জন্য এই উদ্যোগ নতুন করে আনন্দ খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করছে। ঘুড়ি যেমন সুতোয় বাঁধা থেকেও আকাশে উড়তে জানে, তেমনি জীবনের নানা দায়িত্বের মধ্যেও নারীদের নিজস্ব স্বপ্ন ও আনন্দের জায়গা থাকা জরুরি। ‘উড়ন্ত ঘুড়ি’র এই পথচলা সেই কথাটিই মনে করিয়ে দেয় জীবনের কোনো বয়সেই নতুন করে শুরু করার আনন্দ ফুরিয়ে যায় না।