মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ

· Prothom Alo

একটি দলের বেতন বাজেট দিয়ে আরেকটি দলের সঙ্গে তুলনা করা যায়। কিন্তু একজন ফুটবলারের বেতন দিয়ে যদি পুরো একটি ক্লাবের খেলোয়াড়দের বেতন মেটানো যায়! অবিশ্বাস্য মনে হলেও মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির ক্ষেত্রে সেটিই সত্যি।

Visit afrikasportnews.co.za for more information.

যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির রাজত্ব শুধু মাঠের পারফরম্যান্সে নয়, বেতনের অঙ্কেও। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) প্রকাশ করেছে ২০২৬ সালে খেলোয়াড়দের বেতনের সর্বশেষ হালনাগাদ তালিকা। সেখানে দেখা যাচ্ছে, বছরে নিশ্চিত পারিশ্রমিক হিসেবে ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা পাচ্ছেন ২ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার, যা এমএলএসে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি।

মেসির এ পারিশ্রমিকের অঙ্ক আরও বিস্ময়কর হয়ে ওঠে অন্য একটি পরিসংখ্যানে। ইন্টার মায়ামিকে বাদ দিলে এমএলএসে ২৯টি দলের মধ্যে মাত্র তিনটি দলের সব খেলোয়াড়ের পেছনে ব্যয় মেসির একার পারিশ্রমিকের চেয়ে বেশি। অর্থাৎ লিগের বাকি ২৬টি দলের প্রত্যেকটির খেলোয়াড়দের জন্য মোট বেতন খরচের চেয়েও বেশি বেতন পান মেসি।

এবারের তালিকায় অবশ্য মেসির পেছনে ছুটছেন আরও কয়েকজন তারকা। গ্রীষ্মকালীন দলবদলে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন রবার্ট লেভানডফস্কি, আঁতোয়ান গ্রিজমান ও ব্রিল এমবোলো। তিনজনই জায়গা করে নিয়েছেন এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া পাঁচ খেলোয়াড়ের তালিকায়।

শিকাগো ফায়ার তারকা রবার্ট লেভানডফস্কি

শিকাগো ফায়ারে যোগ দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এখন লেভানডফস্কি। তাঁর নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোর আগ্রহ পেছনে ফেলে তাঁকে যুক্তরাষ্ট্রে আনতে বেশ বড় অঙ্কই খরচ করতে হয়েছে শিকাগোকে। ক্লাবটির হয়ে প্রথম ১৯ ম্যাচে ৯ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন পোলিশ স্ট্রাইকার। খেলেছেন ১ হাজার ৩৩৫ মিনিট।

পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে টক্কর মেসি–রোনালদোর

তৃতীয় স্থানে গ্রিজমান। অরল্যান্ডো সিটির এই ফরাসি তারকার পারিশ্রমিক ১ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ডলার। শীতকালীন দলবদলেই তাঁর সঙ্গে চুক্তি হয়েছিল, তবে যুক্তরাষ্ট্রে এসেছেন গ্রীষ্মে। ১৮ ম্যাচে ১৪ গোল ও ৮টি অ্যাসিস্ট করে অরল্যান্ডোকে প্লে-অফে তুলেছেন। হয়েছেন এমএলএসের বর্ষসেরা নবাগত খেলোয়াড়ও।

চতুর্থ স্থানে আছেন লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিন। তাঁর পারিশ্রমিক ১ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার। পঞ্চম স্থানে আটলান্টা ইউনাইটেডের ব্রিল এমবোলো, ১ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার।

অরল্যান্ডো সিটি তারকা গ্রিজমান

তালিকার শীর্ষ দশে মেসির সতীর্থ রদ্রিগো দি পলও আছেন। তাঁর পারিশ্রমিক ৯৬ লাখ ৯০ হাজার ডলার। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হিরভিং লোজানো ৯৩ লাখ ৩০ হাজার, আটলান্টার মিগেল আলমিরন ৭৮ লাখ ৮০ হাজার, শার্লট এফসির অ্যালাঁ সাঁ-ম্যাক্সিমাঁ ৭২ লাখ এবং রেড বুল নিউইয়র্কের এমিল ফর্সবার্গ ৬০ লাখ ৪০ হাজার ডলার পান।

মেসির ইন্টার মায়ামি অবশ্য শুধু একজন খেলোয়াড়ের পেছনেই বিপুল অর্থ খরচ করছে না। পুরো দলটির খেলোয়াড়দের নিশ্চিত পারিশ্রমিক বাবদ ব্যয় ৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার ডলার। এমএলএসের ৩০টি দলের মধ্যে যা সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে শিকাগো ফায়ার, ৪ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার। তৃতীয় আটলান্টা ইউনাইটেডের ব্যয় ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার।

দলগুলোর ব্যয়ের তালিকায় চতুর্থ লস অ্যাঞ্জেলেস এফসি (৩ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার), পঞ্চম কলম্বাস ক্রু (২ কোটি ৮১ লাখ ৪০ হাজার ডলার) এবং ষষ্ঠ অরল্যান্ডো সিটি (২ কোটি ৮১ লাখ ৩০ হাজার ডলার)।

Read full story at source