নদীর বুকে একদিন, হৃদয়ে আজীবনের স্মৃতি

· Prothom Alo

‘এসো মিলি জলধারায় ২.০’ নামটির মধ্যেই যেন লুকিয়ে রয়েছে এক অনন্য আহ্বান। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা হাজারো বন্ধুকে এক সুতোয় গেঁথে দেওয়ার এক অসাধারণ আয়োজন। সারা বাংলাদেশ থেকে এক হাজারেরও বেশি বন্ধুসভার বন্ধুর অংশগ্রহণে আয়োজিত এই মিলনমেলা হয়ে উঠেছিল বন্ধুত্ব, ভালোবাসা, সম্প্রীতি আর আনন্দের এক অপূর্ব সম্মিলন।

দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত—কত জেলা, কত শহর, কত জনপদ পেরিয়ে বন্ধুরা ছুটে এসেছিলেন একই ঠিকানায়। হয়তো কারও সঙ্গে আগে কখনো দেখা হয়নি, কারও সঙ্গে কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, আবার কারও সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব। কিন্তু সেদিন সবার পরিচয়ের ঊর্ধ্বে ছিল একটাই পরিচয়—আমরা সবাই বন্ধু।

Visit betsport24.es for more information.

নদীর বুকে নৌযান যখন ধীরে ধীরে এগিয়ে চলছিল, চারপাশে বিস্তীর্ণ জলরাশি আর মুক্ত বাতাসের সঙ্গে মিশে যাচ্ছিল হাজারো মানুষের হাসি, গল্প, গান আর উচ্ছ্বাস। কারও কণ্ঠে গান, কারও মুখে প্রাণখোলা হাসি, কোথাও নতুন বন্ধুত্বের সূচনা, কোথাও পুরোনো সম্পর্কের পুনর্মিলন। পুরো আয়োজনজুড়েই ছিল এক অন্য রকম প্রাণচাঞ্চল্য। মনে হচ্ছিল, নদীর বুকে শুধু একটি নৌযান ভেসে চলছে না; ভেসে চলছে হাজারো স্বপ্ন, অনুভূতি আর বন্ধুত্বের গল্প।

সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল, এত মানুষের ভিড়েও কোথাও অপরিচিতির দেয়াল ছিল না। একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, কুশল বিনিময়, ছবি তোলা, গল্প করা—সবকিছুর মধ্যেই ছিল আন্তরিকতার ছোঁয়া। কয়েক মুহূর্তের পরিচয়ও যেন অনেক দিনের আপনজন হওয়ার অনুভূতি তৈরি করছিল। একই রঙের টি-শার্ট, গলায় পরিচয়পত্র আর মুখভরা হাসি—সব মিলিয়ে আমরা যেন এক বিশাল পরিবারের সদস্য।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার একজন বন্ধু হিসেবে এমন একটি আয়োজনের অংশ হতে পারা আমার জন্য সত্যিই আনন্দ ও গর্বের। দেশের বিভিন্ন প্রান্তের বন্ধুদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, আন্তরিকতা ও উষ্ণ অভ্যর্থনা হৃদয় ছুঁয়ে গেছে। কিছু মানুষের সঙ্গে হয়তো আর কখনো একইভাবে দেখা হবে না, কারও সঙ্গে হয়তো আবার কোনো এক আয়োজনে দেখা হবে। কিন্তু এই একটি দিনের স্মৃতি আমাদের সবার মধ্যে বেঁচে থাকবে।

ভাবতে অবাক লাগে, দেশের বিভিন্ন প্রান্তে থাকা এতগুলো মানুষকে এক জায়গায় নিয়ে আসতে পারে একটি ভালোবাসার নাম, একটি সংগঠনের বন্ধন! ভৌগোলিক দূরত্ব, জেলা কিংবা শহরের ভিন্নতা—কোনো কিছুই সেদিন বাধা হয়ে দাঁড়ায়নি। বরং সবাই মিলে প্রমাণ করেছি, বন্ধুত্বের কোনো সীমানা নেই। বন্ধুত্ব মানুষকে কাছে আনে, অচেনাকে আপন করে এবং বিচ্ছিন্ন মানুষগুলোকে একটি সুন্দর বন্ধনে আবদ্ধ করে।

সেদিন নদীর বুকে দাঁড়িয়ে মনে হচ্ছিল, সময় যদি একটু থেমে যেত! আরও কিছুক্ষণ যদি চলত গল্প, আরও কিছুক্ষণ যদি থাকত এই হাসি-আড্ডা, আরও কিছুক্ষণ যদি একসঙ্গে থাকা যেত! কিন্তু সময় তো কারও জন্য অপেক্ষা করে না। দিন শেষে সবাইকে ফিরতে হয়েছে নিজ নিজ গন্তব্যে। নৌযাত্রা শেষ হয়েছে, মানুষগুলো ফিরে গেছেন যাঁর যাঁর শহরে, গ্রামে কিংবা কর্মব্যস্ত জীবনে। কিন্তু হৃদয়ে থেকে গেছে একরাশ ভালো লাগা, অসংখ্য নতুন পরিচয় আর কিছু অমূল্য মুহূর্ত।

দিনটি শেষ হয়েছে, কিন্তু গল্পগুলো শেষ হয়নি। মানুষগুলো ফিরে গেছেন, কিন্তু সম্পর্কগুলো থেকে গেছে। নদীর জল বয়ে যাবে আপন গতিতে, সময়ও এগিয়ে যাবে সামনের দিকে; কিন্তু ১৩ নভেম্বরের এই স্মৃতি হৃদয়ের এক বিশেষ জায়গায় চিরকাল অমলিন হয়ে থাকবে।

কৃতজ্ঞতা ও ভালোবাসা এই আয়োজনের সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষের প্রতি। যাঁদের পরিকল্পনা, পরিশ্রম, আন্তরিকতা ও ভালোবাসায় এত বড় আয়োজন বাস্তবে রূপ পেয়েছে, তাঁদের সবার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা।

বন্ধু, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা

Read full story at source