এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে

· Prothom Alo

এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসির কাছ থেকে একসঙ্গে দুটি পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। থাইল্যান্ডের ব্যাংককে বৃহস্পতিবার অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’-এর রুবি ক্যাটাগরি এবং গ্রাসরুটস ফুটবলের সিলভার ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বাংলাদেশ।

Visit h-doctor.club for more information.

বাফুফের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন সংস্থাটির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. গোলাম গাউস। এ বছর এএফসির এই দুই পুরস্কারের জন্যই মনোনীত হয়েছিল বাফুফে। শেষ পর্যন্ত দুই বিভাগেই স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ পুরস্কারে সদস্যদেশগুলোর ফুটবলের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ও সাফল্য বিবেচনা করে এএফসি। আন্তর্জাতিক ফুটবলে অর্জন, ঘরোয়া প্রতিযোগিতা, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার, কোচিং ও রেফারিং, নারী ফুটবলের অগ্রগতি এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় এতে মূল্যায়ন করা হয়।

অন্যদিকে গ্রাসরুটস ফুটবলের পুরস্কার দেওয়া হয় তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে সদস্যদেশগুলোর উদ্যোগ ও অবদানের ভিত্তিতে। এ ক্ষেত্রে উন্নয়নমূলক কার্যক্রম, প্রতিযোগিতা আয়োজন, কোচিং কোর্স ও কর্মশালা, বিনিয়োগ ও সামাজিক কার্যক্রম বিবেচনায় নেওয়া হয়।

প্রথমবার রুবি ক্যাটাগরিতে ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে বাফুফে

গ্রাসরুটস ফুটবলে এএফসির কাছ থেকে টানা দ্বিতীয় বছর পুরস্কার পেল বাংলাদেশ। গত বছর এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবলের ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছিল বাফুফে। এবার ব্রোঞ্জ থেকে সিলভার ক্যাটাগরিতে উন্নীত হওয়ার পাশাপাশি নতুন করে মেম্বার অ্যাসোসিয়েশন বিভাগেও স্বীকৃতি পেল সংস্থাটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে বলেছে, দুটি পুরস্কার অর্জনকে দেশের ফুটবলের উন্নয়নে বাফুফের ধারাবাহিক কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছে সংস্থাটি।

এবারের এএফসি অ্যাওয়ার্ডে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার জিতেছেন ইরানের গোলকিপার আলীরেজা বেইরানভান্দ, আর বর্ষসেরা এশিয়ান আন্তর্জাতিক ফুটবলারের পুরস্কার জিতেছেন আতলেতিকো মাদ্রিদে খেলা দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার লি কাং–ইন।

সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী

Read full story at source