কোয়ান্টাম গবেষণায় ডেভিসন-জার্মার পুরস্কার পেলেন বাংলাদেশের বিজ্ঞানী জাহিদ হাসান

· Prothom Alo

বাংলাদেশি-মার্কিন পদার্থবিজ্ঞানী অধ্যাপক এম জাহিদ হাসান পেয়েছেন যুক্তরাষ্ট্রের আমেরিকান ফিজিক্যাল সোসাইটির (এপিএস) ২০২৭ সালের ডেভিসন-জার্মার অ্যাটমিক অর সারফেস ফিজিকস পুরস্কার। কোয়ান্টাম পদার্থের নানা ধরনের টপোলজিক্যাল অবস্থা আবিষ্কারে অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। আধুনিক সারফেস সায়েন্সের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁর গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে নতুন সম্ভাবনার পথ তৈরি করেছে।

এম জাহিদ হাসান যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক। কোয়ান্টাম পদার্থের বিশেষ কিছু বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণা দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। টপোলজিক্যাল ইনসুলেটর ও ভাইল সেমিমেটালের মতো পদার্থের আবিষ্কারে তাঁর গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Visit palladian.co.za for more information.

টপোলজিক্যাল ইনসুলেটর এমন একধরনের পদার্থ, যার ভেতরের অংশ বিদ্যুৎ অপরিবাহী। কিন্তু এর পৃষ্ঠ দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। অর্থাৎ একই পদার্থের ভেতর ও বাইরের অংশে বিদ্যুৎ পরিবহনের আচরণ সম্পূর্ণ আলাদা। জাহিদ হাসান ও তাঁর গবেষক দলের কাজের মাধ্যমে ত্রিমাত্রিক টপোলজিক্যাল ইনসুলেটরের অস্তিত্ব ও বৈশিষ্ট্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এ আবিষ্কার কোয়ান্টাম পদার্থের নতুন নানা বৈশিষ্ট্য অনুসন্ধানের সুযোগ তৈরি করেছে।

জাহিদ হাসানের আরেকটি উল্লেখযোগ্য গবেষণা ভাইল সেমিমেটাল নিয়ে। এ ধরনের পদার্থে স্ফটিকের ভেতরে ইলেকট্রনগুলো ভরহীন ফার্মিয়ন কণার মতো আচরণ করে। ১৯২৯ সালে জার্মান পদার্থবিজ্ঞানী হারমান ভাইল গাণিতিকভাবে এ ধরনের কণার ধারণা দিয়েছিলেন। বহু বছর পর কোয়ান্টাম পদার্থে এসব কণার অস্তিত্ব শনাক্ত করার মধ্য দিয়ে নতুন একটি গবেষণাক্ষেত্রের সূচনা হয়। জাহিদ হাসানের গবেষণা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০১৯ সালে এ আবিষ্কারসংক্রান্ত গবেষণার পেটেন্টও করা হয়। এরপর ভাইল সেমিমেটালসহ নানা ধরনের নতুন কোয়ান্টাম পদার্থ নিয়ে গবেষণার পরিধি আরও বিস্তৃত হয়েছে। কোয়ান্টাম বিজ্ঞান ও প্রকৌশলের নতুন নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে।

জাহিদ হাসানের পুরস্কারপ্রাপ্তিতে আনন্দ প্রকাশ করেছেন প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান জেমস ওলসেন। তাঁর মতে, অধ্যাপক হাসানের বৈজ্ঞানিক সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা এই মর্যাদাপূর্ণ পুরস্কারের চেতনাকে ধারণ করে। তাঁর যুগান্তকারী গবেষণার স্বীকৃতিতে বিভাগের সবাই আনন্দিত।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় জাহিদ হাসান বলেন, ‘এ পুরস্কারের দীর্ঘ ঐতিহ্যের অংশ হতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি।’ পুরস্কারটির নামকরণ করা হয়েছে পদার্থবিজ্ঞানী ক্লিনটন ডেভিসন ও লেস্টার জার্মারের নামে। ক্লিনটন ডেভিসন ছিলেন জাহিদ হাসানের বৈজ্ঞানিক অনুপ্রেরণার অন্যতম উৎস। পরীক্ষামূলক কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবেও তিনি পরিচিত।

ড. এম জাহিদ হাসান

জাহিদ হাসানের জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ও ফলিত পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি নেন। পিএইচডি গবেষণার সময় তিনি যুক্তরাষ্ট্রের এসএলএসি (SLAC) ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরিতে কাজ করেন।

২০০২ সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে যোগ দেন জাহিদ হাসান। ২০১৭ সালে তাঁকে বিশ্ববিদ্যালয়টির ইউজিন হিগিন্স অধ্যাপক করা হয়। ২০০৮ সাল থেকে তিনি প্রিন্সটন ইউনিভার্সিটির ল্যাবরেটরি ফর টপোলজিক্যাল কোয়ান্টাম ম্যাটার অ্যান্ড অ্যাডভান্সড স্পেকট্রোস্কপির প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া প্রিন্সটন ম্যাটেরিয়ালস ইনস্টিটিউট ও প্রিন্সটন কোয়ান্টাম ইনিশিয়েটিভের সঙ্গেও তিনি যুক্ত।

গবেষণার স্বীকৃতি হিসেবে এর আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন জাহিদ হাসান। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স পুরস্কার এবং ডেভিড এ শার্লি পুরস্কার। তিনি আমেরিকান ফিজিক্যাল সোসাইটি ও আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের ফেলো।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ডেভিসন-জার্মার পুরস্কার পারমাণবিক পদার্থবিজ্ঞান ও সারফেস ফিজিকসে অসাধারণ গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। পদার্থবিজ্ঞানী ক্লিনটন ডেভিসন ও লেস্টার জার্মারের নামে এ পুরস্কারের নামকরণ করা হয়েছে। ইলেকট্রনের বিচ্ছুরণ নিয়ে তাঁদের গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এ পুরস্কারের অর্থমূল্য ৫ হাজার মার্কিন ডলার। বিশ্বের যেকোনো দেশের বিজ্ঞানী এ পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন।

জাহিদ হাসানের আগে এ পুরস্কার পেয়েছেন বিশ্বের আরও অনেক খ্যাতিমান পদার্থবিজ্ঞানী। ২০২৬ সালে পুরস্কারটি পান হারম্যান বাটেলান। মুক্ত ইলেকট্রনের কোয়ান্টাম আলোকবিজ্ঞান নিয়ে গবেষণায় অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। ২০২৫ সালে পুরস্কার পান গো-চিং ওয়াং। ইলেকট্রন বিচ্ছুরণ প্রযুক্তি ব্যবহার করে পদার্থের পৃষ্ঠ, স্ফটিকের গঠন ও দ্বিমাত্রিক উপাদান নিয়ে গবেষণায় অবদানের জন্য তিনি পুরস্কারটি পান।

২০২৪ সালে এ পুরস্কার পেয়েছিলেন নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী আন লুইলিয়ে। গ্যাসে উচ্চ হারমোনিক উৎপাদন এবং অতি দ্রুতগতির ইলেকট্রন গতিবিদ্যা পর্যবেক্ষণের জন্য অ্যাটোসেকেন্ড পালস তৈরি ও ব্যবহার নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তাঁকে পুরস্কার দেওয়া হয়। ২০২৩ সালে পুরস্কারটি পেয়েছিলেন ফেং লিউ।

সূত্র: এপিএস ডটঅর্গ

Read full story at source