ফেনীতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটুনি, পুলিশের গাড়িতে হামলা
· Prothom Alo
ফেনী শহরে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে (৩৫) পিটুনি দেওয়া হয়েছে। তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন ফেনী মডেল থানার কনস্টেবল ভানু দাস (৪৫) ও তারিকুল ইসলাম (৩২)। রাতেই তাঁরা ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
Visit somethingsdifferent.biz for more information.
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ধর্ম অবমাননায় অভিযুক্ত যুবক স্ত্রীসহ ফেনী শহরের একটি ভাড়া বাসায় থাকেন। ফেসবুকের একটি আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ তুলে গতকাল রাতে তাঁর বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ওই যুবক ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশের গাড়িতে তোলার সময় ওই যুবককে পিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও ডিম ছুড়তে থাকে। এ সময় পুলিশের একটি গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হয়। ইটপাটকেলের আঘাতে গাড়িতে থাকা পুলিশের দুই সদস্য আহত হন।
ইটপাটকেলে ক্ষতিগ্রস্ত হয় পুলিশের একটি গাড়ি। গতকাল রাতে ফেনী শহরেফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল বলেন, বিক্ষুব্ধ লোকজনের কাছ থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা হয়েছে। এতে গাড়িতে থাকা নারী কনস্টেবল ও গাড়িচালক আহত হয়েছেন। অভিযুক্ত যুবক ও তাঁর স্ত্রীকে থানায় রাখা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ওই যুবক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রাথমিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে।