জুয়ার সাইটে ব্যাংক হিসাব ভাড়া দিতেন আরাফাত, করতেন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার

· Prothom Alo

গ্রেপ্তার আরাফাত হোসেন

অনলাইন জুয়ার ওয়েবসাইটে নিজের ব্যাংক হিসাব ভাড়া দিয়ে কোটি কোটি টাকার লেনদেনে সহযোগিতা করতেন আরাফাত হোসেন (২২)। এসব লেনদেনের বিপরীতে কমিশন রেখে বাকি টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর করা হতো। পরে ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে ডলারে রূপান্তর করে অর্থ বিদেশে পাচার করা হতো বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল সোমবার যশোর থেকে আরাফাত হোসেনকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সিআইডির দাবি, তাঁর ছয়টি ব্যাংকের আটটি ব্যক্তিগত হিসাব অনলাইন জুয়ার ওয়েবসাইটের সঙ্গে যুক্ত ছিল। এ ছাড়া নিজের বোনের বিকাশ হিসাব ব্যবহার করেও জুয়ার টাকা জমা ও উত্তোলন করতেন তিনি।

Visit afnews.co.za for more information.

সিআইডি জানায়, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইটের কার্যক্রম শনাক্ত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব সাইটের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা এবং অনলাইন ক্যাসিনোকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে বেটিং কার্যক্রম চলছিল।

এসব ওয়েবসাইটের এজেন্টদের ব্যবহৃত মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হিসাব, ব্যাংক হিসাব ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে গত ১৭ মে পল্টন থানায় একটি মামলা করে সিআইডি। এই মামলার তদন্তে সিআইডি জানতে পারে, অভিযুক্ত ব্যক্তিরা দেশের বিভিন্ন অঞ্চলে অনলাইন বেটিংয়ের এজেন্ট নিয়োগ করতেন। তাঁদের কাছ থেকে এমএফএস ও ব্যাংক হিসাব সংগ্রহ করে জুয়ার ওয়েবসাইটে ব্যবহার করা হতো। এসব হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে এজেন্টরা কমিশন নিতেন। পরে বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ বিদেশে পাঠানো হতো।

সিআইডির ভাষ্য, আরাফাত নিজের নামে খোলা ব্যাংক হিসাবের পাশাপাশি তাঁর মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও অনলাইন জুয়ার অর্থ জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করতেন। এসব লেনদেন থেকে কমিশন রেখে বাকি টাকা অন্য ব্যাংক হিসাবে স্থানান্তর করা হতো। পরে সেই টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডলারে রূপান্তর করে বিদেশে পাঠানো হতো। বেকার হওয়া সত্ত্বেও তাঁর ব্যাংক হিসাব দিয়ে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।

এই মামলায় এর আগে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেপ্তার করে সিআইডি। তাঁদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল থেকে গ্রেপ্তার সোলায়মান, সাগর মিয়া, জুয়েল রানা, বাবলু মিয়া, মনির হোসেন, নূর সাফায়েত ইপ্তি ও শামীম আল মামুন। এ ছাড়া নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে রায়হান খান, পাভেল রহমান ভূঁইয়া ও আবু জোবায়ের সানি; নড়াইল থেকে জসিম উদ্দীন ও সুমন রায় এবং রাজশাহী ও ঝিনাইদহ থেকে সৈয়দ জামান ও রুহুল কুদ্দুস ওরফে বাপ্পীকে গ্রেপ্তার করা হয়।

Read full story at source