২ হাজার ৮০০ কোটি টাকা খরচের পর বিআরটি বাতিল কেন, প্রশ্ন বিশেষজ্ঞদের

· Prothom Alo

‘ঢাকা-গাজীপুর বিআরটি’র বাস্তবায়ন চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে নগর–পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহনবিশেষজ্ঞরা। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে

প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বাস না কিনে ও সেবা চালু না করেই ঢাকা–গাজীপুর বিআরটির নির্ধারিত বাস লেন বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নগর–পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহনবিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, প্রকল্পে ভুল বা অনিয়ম থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি করতে হবে। এর দায় বিআরটি ব্যবস্থার ওপর চাপিয়ে প্রকল্প বাতিল করা যুক্তিযুক্ত নয়।

Visit palladian.co.za for more information.

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ বুধবার ‘ঢাকা–গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন যৌথভাবে এর আয়োজন করে।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইপির সভাপতি নগর–পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক পরিকল্পনাবিদ মু. মুসলেহ উদ্দিন হাসান। উপস্থিত ছিলেন সিপিবি নেতা রুহিন হোসেন (প্রিন্স), গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রশিদ, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, পরিবহনবিশেষজ্ঞ প্রকৌশলী মাহবুবুল বারী এবং সাবেক অধ্যক্ষ ও গাজীপুরের বাসিন্দা কফিল উদ্দিন।

সিদ্ধান্তের ভিত্তি প্রকাশের দাবি

নগর–পরিকল্পনাবিদ আরিফুল ইসলাম বলেন, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে বিআরটির নির্ধারিত বাস লেন বিলুপ্ত করে সড়কটিকে ৩+৩ লেনের হাইওয়েতে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবকাঠামো নির্মাণের পর সেবা চালু না করেই এ সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ। আর্থিক ও পরিচালনগত সমস্যার দায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিতে হবে। তাঁর মতে, সিদ্ধান্তের আগে নির্মাণ ও পরিচালন ব্যয়, যাত্রীদের সময় সাশ্রয়, পরিবেশগত সুফল এবং যানজটে সম্ভাব্য সময় ও আর্থিক ক্ষতি মূল্যায়ন জরুরি। সব পক্ষের বক্তব্য ও বিকল্প বিশ্লেষণ করে তথ্য জনগণকে জানাতে হবে। মন্ত্রিসভার সিদ্ধান্তের যৌক্তিকতাও প্রকাশ করতে হবে।

আরিফুল ইসলাম জানান, এই পথে বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) ২০০৫ সালের কৌশলগত পরিবহন পরিকল্পনা, ২০১৫ সালের সংশোধিত পরিকল্পনা, ২০২৫ সালের হালনাগাদ পরিকল্পনা এবং গাজীপুর ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যানে রয়েছে। বিআরটি চালু হলে যাতায়াতের সময় ও ব্যক্তিগত গাড়িনির্ভরতা কমবে; বিনিয়োগ ও নগর অর্থনীতির বিকাশের সুযোগ তৈরি হবে। চলমান সড়ক প্রকল্পগুলো সম্পন্ন হলেও করিডরে যানবাহনের চাপ কমতে পারে।

প্রধানমন্ত্রীর  ‘আই হ্যাভ আ প্ল্যান’–এর প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে আরিফুল ইসলাম আশা প্রকাশ করেন, বিআরটিতেও পরিকল্পনার সঠিক প্রতিফলন ঘটবে এবং পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

৯৭ শতাংশ কাজ শেষে বাতিল কেন

প্রকৌশলী শামসুল হক বলেন, ২০১২ সালে শুরু হওয়া প্রকল্প ১৪ বছরেও শেষ হয়নি। অথচ পাকিস্তানের পেশোয়ারে ২৮ কিলোমিটার বিআরটি দুই বছরে বাস্তবায়িত হয়েছে। প্রায় ৯৭ শতাংশ কাজ শেষে প্রকল্প বাতিলের কারণ এবং দীর্ঘসূত্রতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি চান তিনি।

শামসুল হক বলেন, নির্মাণকাজের অগ্রগতিতে যানজট কমতে শুরু করায় গাজীপুরবাসী আশাবাদী হয়েছিলেন। পর্যাপ্ত গণপরিবহনের অভাবে অটোরিকশা বাড়ছে। প্রকল্প বাতিল হলে ২৫টি স্টেশনের বিশেষ পারাপার সুবিধা বন্ধ হয়ে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভোগান্তি বাড়তে পারে। যাঁরা গণপরিবহন ব্যবহার করেন না, তাঁরাই সিদ্ধান্ত নিচ্ছেন বলে আক্ষেপ করেন তিনি। বিশেষজ্ঞ ও জনমত গ্রহণের পাশাপাশি নাগরিক প্রতিনিধিদের সরেজমিন পরিস্থিতি দেখার অনুরোধ জানান।

প্রকল্পটিতে ছিল সড়কের মাঝখান দিয়ে শুধু বিশেষ বাস চলাচল করবে। এতে যানজট ও সিগন্যালে আটকে থাকতে হবে না। চার বছরের প্রকল্প ১৪ বছর চলছে। বাসও নামেনি, দুর্ভোগও যায়নি। এই হলো বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের অবস্থা। গত ১৮ মে টঙ্গীর আবদুল্লাহপুর চৌরাস্তায়

আলোচনায় রুহিন হোসেন বলেন, এত টাকার প্রকল্প বাতিলের বিষয়ে সাধারণ মানুষকে কিছু জানানো হয়নি। দুর্নীতি হয়ে থাকলে তা দূর করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা উচিত। তিনি শ্বেতপত্র প্রকাশ এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

স্থপতি মাসুদুর রশিদ বলেন, বিআরটি পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। ত্রুটির কারিগরি সংশোধনের মাধ্যমে সমাধান করা উচিত। আগে সম্ভাব্যতা যাচাইয়ের পর আবার সমীক্ষা করে বাতিলের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। যথাযথ বাস্তবায়নে এটি দৃষ্টান্তমূলক প্রকল্প ও অনন্য স্থাপত্য নিদর্শন হতে পারে।

১৪ বছরের ভোগান্তি, ৩ হাজার কোটি টাকা ব্যয়, অতঃপর প্রকল্প বাতিল

ছয় বাস রুটের ভবিষ্যৎও অনিশ্চয়তায়

পরিবহনবিশেষজ্ঞ মাহবুবুল বারী বলেন, নিজের কাজের অভিজ্ঞতা এবং বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমীক্ষা অনুযায়ী প্রকল্পটি আর্থিক ও কারিগরিভাবে সম্ভাবনাময়। বিপুলসংখ্যক বাসযাত্রীর এই পথে বিআরটি পরিবেশ ও সড়ক নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলবে। বাস ফ্র্যাঞ্চাইজির সফলতায় নিরবচ্ছিন্ন গণপরিবহন অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, বিআরটির সঙ্গে ছয়টি বাস রুট সমন্বয়ের পরিকল্পনা রয়েছে। প্রকল্প বাতিল হলে সেগুলোর ভবিষ্যৎও অনিশ্চয়তায় পড়বে। প্রকল্পের পাশাপাশি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বন্ধের কথাও হচ্ছে। প্রচলিত সড়কব্যবস্থায় ফেরার উদ্যোগকে তিনি ‘আত্মঘাতী’ বলেন।

অধ্যাপক মুসলেহ উদ্দিন হাসান জানান, গাজীপুরের সংসদ সদস্যদের সঙ্গে পৃথক আলোচনা হয়েছে; সমন্বিত আলোচনার পরিকল্পনাও রয়েছে। গত জুনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং সংবাদ সম্মেলনসহ নানা উদ্যোগ নিলেও দাবিগুলো সরকারের কাছে পৌঁছায়নি। ব্যক্তিগত স্বার্থে নয়, জনস্বার্থে এই বৃহৎ নগর রূপান্তরের উদ্যোগ বাস্তবায়ন চান তাঁরা। প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথা উল্লেখ করে তাঁর সঙ্গে আলোচনার আগ্রহ জানান তিনি। বাস ফ্র্যাঞ্চাইজির প্রশংসা করলেও বিআরটি ছাড়া পূর্ণাঙ্গ সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেন। দাবি পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতাও চান।

বিআরটি প্রকল্প বাতিল: দায় কি শুধু রাজনীতিকদের, আর কারও নয়

আট দফা দাবি

সংবাদ সম্মেলনে আট দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো—১৮ অক্টোবরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা; সব পক্ষের মতামত, আর্থিক–পরিবেশগত মূল্যায়ন ও পরিবহন পরিকল্পনা বিশ্লেষণ করে তথ্য প্রকাশের ভিত্তিতে সিদ্ধান্ত; সব নথি, পরামর্শক ও বাস্তবায়ন–সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা এবং দায়িত্ব সংরক্ষণ করে স্বার্থের সংঘাতমুক্ত বিশেষজ্ঞদের তদন্ত কমিশন ও শ্বেতপত্র প্রকাশ; বিমানবন্দর–গাজীপুর করিডরকে ‘আরবান আরটারি’ ঘোষণা; ঢাকাসহ দেশে আরও বিআরটি চালু; ঢাকা বিআরটি পিএলসিকে পুনর্নামকরণ করে দেশব্যাপী দায়িত্ব ও কারিগরি নেতৃত্ব দিয়ে শক্তিশালী করা; প্রকল্পের পরিবর্তে পরিকল্পনানির্ভর পরিবহন উন্নয়ন এবং সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ।

আরিফুল ইসলাম বলেন, কারিগরি ভুল বা অনিয়ম আন্তর্জাতিক মানদণ্ডে তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত করতে হবে। বিআরটি লেন বহাল রেখে দেশের প্রথম বিআরটি করিডর বাস্তবায়ন করতে হবে।

Read full story at source