সড়ক ও ফুটপাত যতবার দখল ততবার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
· Prothom Alo

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম ঘোষণা দিয়েছেন, যতবার সড়ক ও ফুটপাত দখল করা হবে, ততবারই উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রয়োজনে অবৈধ দখলদারদের গ্রেপ্তারও করা হবে।
Visit newsbetting.cv for more information.
রাজধানীর গুলিস্তানে সড়ক ও ফুটপাত থেকে বারবার উচ্ছেদ করা হলেও ফিরে আসছেন হকাররা। অভিযান শেষ হতে না হতেই আবার বসছে দোকানপাট। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছে ডিএসসিসি।
আজ বৃহস্পতিবার গুলিস্তানে দুই দফা উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএসসিসি। বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গুলিস্তান জিরো পয়েন্ট ও ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং মালামাল জব্দ করা হয়। অভিযানে অংশ নেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।
অভিযান চলাকালে সাংবাদিকেরা জানতে চান, বারবার উচ্ছেদের পরও হকাররা কীভাবে ফিরে আসছেন। জবাবে আবদুস সালাম বলেন, ‘যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব। একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার মতো সব ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। এখন থেকে অবৈধভাবে বসলে মালামাল জব্দ এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে।’
গতকাল বুধবারও ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেটসংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এর পরদিনই আবার অভিযান চালানো হলো। তবে বারবার অভিযান চালিয়েও হকারদের ফিরে আসা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।
আজকের অভিযানে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত সড়ক ও ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে বলে দাবি করেছে ডিএসসিসি।
এদিকে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হচ্ছে কেন, সাংবাদিকদের এমন প্রশ্নে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, ‘গণমাধ্যমের কাছে অনুরোধ, এমন কোনো প্রশ্ন করবেন না যাতে অবৈধ দখলকারীরা উৎসাহিত হয়। ঢাকার নাগরিকেরা কী চান এবং দেশের সাধারণ মানুষের দাবি কী—দয়া করে সে অনুযায়ী জনমত গড়ে তুলুন।’
পুনর্বাসনের বিষয়ে প্রশাসক বলেন, সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিতে পারবে না। জনগণের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্টসংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে। বাকিদের নিজ নিজ জেলায় ফিরে যেতে হবে।
আবদুস সালাম বলেন, ‘এই ঢাকাকে আমাদের বাঁচাতে হবে; এর কোনো বিকল্প নেই।’ কোনো যুক্তি বা অজুহাত দেখিয়ে সড়ক ও ফুটপাত দখল করে হকার বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানের সময় উপস্থিত পথচারীরা স্বস্তি প্রকাশ করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান।