তানজিন তিশার ঢালিউড অভিষেক আটকে গেল...

· Prothom Alo

শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেকের কথা ছিল তানজিন তিশার। এ জন্য কলকাতার একটি সিনেমাও ছেড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু পরিচালক ও নির্বাহী প্রযোজকের গড়িমসিতে আটকে আছে ছবির শুটিং। বাকি ৯ দিনের কাজ কবে শেষ হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে তানজিন তিশার ঢালিউড অভিষেকও।

Visit casino-promo.biz for more information.

তানজিন তিশা

২০২৫ সালের অক্টোবরে ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু হয়। তখন আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ওই বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির সম্ভাব্য সময় জানানো হয়েছিল। পরে সেই পরিকল্পনা থেকে সরে এসে মুক্তির সময় নির্ধারণ করা হয় ২০২৬ সালের ডিসেম্বর। কিন্তু বছর শেষ হতে আর মাত্র দুই মাস বাকি থাকলেও এখনো সিনেমাটির শুটিংয়ের কোনো খবর নেই। ‘সোলজার’ চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, বাকি রয়েছে ৯ দিনের কাজ।

তানজিন তিশার চলচ্চিত্রে অভিষেক নিয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। মেহজাবীন, তাসনিয়া ফারিণ, সাবিলা নূরসহ তাঁর সমসাময়িক অভিনয়শিল্পীরা বড় পর্দায় কাজ শুরু করলেও নিজের প্রথম সিনেমার ক্ষেত্রে বেশ বুঝেশুনে সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন তিনি। এর মধ্যে ‘ভালোবাসার মরশুম’ নামে কলকাতার সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। কাছাকাছি সময়ে শাকিব খানের সঙ্গে ‘সোলজার’-এ কাজের সুযোগ এলে দুই ছবির শুটিংয়ের সময় সাংঘর্ষিক হয়ে পড়ে। শাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিষেকের কথা চিন্তা করে কলকাতার সিনেমাটি ছেড়ে দেন তিশা।

তানজিন তিশা

এরপর ‘সোলজার’ ঘিরে তাঁর চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। একটানা বেশ কয়েক দিন শুটিং করেন। তারপর ছবিটির শুটিং অনিয়মিত হয়ে পড়ে। এরপর কয়েক দফায় শুটিংয়ের পরিকল্পনা করেও কাজটি শুরু করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। এসবের মধ্যে শাকিব খান ব্যস্ত হয়ে পড়েন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে। ঈদুল আজহায় ‘রকস্টার’ মুক্তির পর ‘সোলজার’ ছবির বাকি অংশের কাজ করার কথা ছিল, তা–ও হয়নি। পরে ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। প্রায় দুই মাস সেখানে থাকার পর গত আগস্টে দেশে ফিরে সিনেমাটির শুটিং শেষ করার কথা থাকলেও পরিচালক–নির্বাহী প্রযোজকের গড়িমসিতে শেষ পর্যন্ত তা শুরু করা যায়নি।

‘সোলজার’ ছবির শুটিং আটকে থাকার পেছনে শিল্পী ও কলাকুশলীদের সম্মানী বকেয়া থাকার বিষয়টি আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, শাকিব খান ছাড়াও অধিকাংশ শিল্পী ও কলাকুশলীর পাওনা পরিশোধ না হওয়ায় নতুন শিডিউল দিতে অনীহা দেখাচ্ছেন অনেকে। অভিযোগ অস্বীকার করে সিনেমার নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রথম আলোকে বলেছিলেন, ‘সম্মানীর যে কথা উঠেছে, এটা তো ভুল। শিল্পী–কলাকুশলীদের সম্মানী তো ছবির শুটিং শেষ হওয়ার আগে পরিশোধের বিষয় নয়। এখনো তো সিনেমার শুটিংই শেষ হয়নি।’

তানজিন তিশা

এদিকে ‘সোলজার’-এর সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘বারবার মুক্তির তারিখ পরিবর্তন হলে সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ কমে যায়। ছবিটি কিন্তু ভালো হয়েছে এবং দর্শক পছন্দও করবে। তবে শিল্পী–কলাকুশলীদের পাওনা বকেয়া রাখা এবং বারবার শিডিউল নিয়েও শুটিং শুরু করতে না পারা ঠিক হচ্ছে না। আমার সঙ্গে বেশির ভাগ শিল্পী ও কলাকুলশীর কথা হয়েছে, কাজ শেষ করার ব্যাপারে সবাই আন্তরিক। কিন্তু শুধু শিল্পী ও কলাকুশলীদের আগ্রহ থাকলে হবে না, শেষ করার দায়িত্ব তো পরিচালক ও নির্বাহী প্রযোজকের।’

চলতি মাসের শুরুতে মৌমিতা হোসাইন জানিয়েছিলেন, কিছুদিনের মধ্যেই ‘সোলজার’-এর টিজার প্রকাশ করা হবে। সেখানে সিনেমাটির মুক্তির তারিখও উল্লেখ থাকবে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু দুই সপ্তাহ পার হতে চললেও টিজার প্রকাশ করা হয়নি। অন্যদিকে বাকি ৯ দিনের শুটিংয়ের জন্য প্রয়োজনীয় শিডিউলও নিশ্চিত করা যায়নি।
শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে তাঁর দেশে ফেরার কথা। এরপর আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমা ‘নিঃস্ব’-র শুটিং শুরু করবেন তিনি। পরে ঈদুল আজহার সিনেমা ‘মহব্বত’-এর কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। এই দুই সিনেমার ব্যস্ততার মধ্যে ‘সোলজার’-এর বাকি অংশের শুটিং শেষ করার মতো সময় তিনি পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

তানজিন তিশা

ফলে চলতি বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির কোনো সম্ভাবনা নেই। সব মিলিয়ে যে সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পরিকল্পনা করেছিলেন তানজিন তিশা, সেটির ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত। বাকি ৯ দিনের কাজ কবে শুরু হবে, কবে শেষ হবে, আর কবে বড় পর্দায় দেখা যাবে তানজিন তিশাকে—সেই প্রশ্নের উত্তরও তাই আপাতত মিলছে না।

Read full story at source