পোলার্ড মাঠেও খেলেন, মাঠের বাইরেও খেলেন
· Prothom Alo

কাইরন পোলার্ডের পরিচয়ের শেষ নেই। চলতি মাসের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারকে এক কোটি টাকার বেশি মূল্যে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকার লিগ এসএ টুয়েন্টির দল জোবার্গ সুপার কিংস। এই পোলার্ডকেই আজ আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানস প্রধান কোচ বানিয়েছে।
Visit grenadier.co.za for more information.
পোলার্ড ২০২৩ সাল থেকেই মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচ। এর আগে দলটির হয়ে ২০১০ থেকে ২০২২—এই সময়ে খেলেছেন। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে প্রথম ১৫০ ম্যাচ খেলার কীর্তিও তাঁর। এরপর পোলার্ড আইপিএল থেকে অবসর নেন।
আইপিএল থেকে অবসর নিলেও ক্রিকেট থেকে নেননি। অন্য লিগগুলোতে এখনো ক্রিকেটার পোলার্ডের চাহিদা তুঙ্গে। পোলার্ড সর্বশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন। ৮ ম্যাচে ১৪৪ স্ট্রাইক রেটে রান করেছেন ১৯৬। সর্বশেষ কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টেও খেলেন। এই টুর্নামেন্টে ৭ ম্যাচে করেন ১৬৩ রান।
সর্বশেষ সিপিএলে খেলেছেন পোলার্ডমেজর লিগ ক্রিকেট ও সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টুয়েন্টির সর্বশেষ মৌসুমেও খেলেছেন এই অলরাউন্ডার। আইপিএল থেকে অবসরের পর ইংল্যান্ডের দ্য হানড্রেড, পাকিস্তানের পিএসএলেও দেখা গেছে তাঁকে।
৩৯ বছর বয়সী এই ক্রিকেটার ও কোচ নতুন কীর্তির খুব কাছেও আছেন। আর মাত্র এক রান করলে জস বাটলারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি–টুয়েন্টিতে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন পোলার্ড। এর মধ্যে জাতীয় দলের হয়ে পোলার্ড করেছেন ১৫৬৯ রান, সর্বশেষ খেলেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে।
এত দিন মুম্বাইয়ের প্রধান কোচ ছিলেন মাহেলা জয়াবর্ধনে। তাঁর অধীনেই ব্যাটিং কোচ ছিলেন মুম্বাইয়ের খেলোয়াড় হিসেবে পাঁচবার আইপিএল শিরোপা জেতা পোলার্ড।
সাম্প্রতিক বছরগুলোতে আইপিএলে আগের মতো আধিপত্য দেখাতে পারেনি মুম্বাই। ২০২৩ ও ২০২৫ সালে প্লে-অফে খেললেও ২০২৪ সালে দশম এবং ২০২৬ সালে নবম স্থানে থেকে মৌসুম শেষ করে তারা।
নতুন দায়িত্বে পোলার্ডের প্রথম কাজ হবে ১৫ নভেম্বরের মধ্যে মুম্বাই ইন্ডিয়ানসের খেলোয়াড় ধরে রাখার তালিকা চূড়ান্ত করা। এর প্রায় এক মাস পর গোয়ায় আইপিএলের ২০২৭ মৌসুমের নিলাম অনুষ্ঠিত হতে পারে। মানে মুম্বাইয়ের হয়ে মাঠের বাইরের খেলা শিগগিরই শুরু করতে হবে পোলার্ডকে।
LLORD's legacy from player to coach was built brick by brick! pic.twitter.com/HKwRt3HKdP
— Mumbai Indians (@mipaltan) October 24, 2026
মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে পোলার্ডের সম্পর্ক শুধু আইপিএলেই সীমাবদ্ধ নয়, অন্য ফ্র্যাঞ্চাইজি লিগেও তিনি দলটির সঙ্গে যুক্ত। ইংল্যান্ডের দ্য হানড্রেডে এমআই লন্ডনের প্রধান কোচও এখন পোলার্ড।
সব মিলিয়ে পোলার্ড এখন মুম্বাইয়ের কোচ আর অন্য দলের খেলোয়াড়। এ যাত্রা কত দিন চলবে কে জানে! এখনকার ক্রিকেটারদের সুবিধাটাই এই, চাইলে আলাদা করে কোনো লিগ থেকেও অবসর নেওয়া যায়। অবশ্য সে জন্য পোলার্ডের মতো চাহিদা থাকতে হবে।
টেস্টে ইনিংস ব্যবধানে হার: অস্ট্রেলিয়া কোথায়, বাংলাদেশ কোথায়