নিজেই গাড়ি চালিয়ে গুলিবিদ্ধ চালককে হাসপাতালে নিলেন আহত টাইগার
· Prothom Alo

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় অজ্ঞাতনামা তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে মুম্বাই পুলিশ। হামলাকারীদের ধরতে গঠন করা হয়েছে ১৫টি দল। তাঁদের পালানোর কাজে ব্যবহৃত বলে সন্দেহ করা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পাশাপাশি লরেন্স বিষ্ণোই চক্রের নামে হামলার দায় স্বীকার করে দেওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট যাচাই করছেন তদন্তকারীরা। তবে হামলার সঙ্গে এই চক্রের যোগসূত্র এখনো নিশ্চিত করেনি পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় ফুটবল খেলে ফেরার সময় হামলার মুখে পড়েন টাইগার। পুলিশের সূত্রে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, তাঁর গাড়িতে পাঁচটি গুলি ছোড়া হয়। অভিনেতার শরীরে গুলি লাগেনি। তবে তাঁর গাড়িচালক ফেরদৌস ও ঘটনাস্থলে থাকা উমেশ চবন নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পুলিশের তথ্য অনুযায়ী, দুজনই শঙ্কামুক্ত।
Visit freshyourfeel.org for more information.
চালক গুলিবিদ্ধ, নিজেই স্টিয়ারিং ধরেন টাইগার
ফুটবল খেলে বেরিয়ে গাড়িতে বসেছিলেন টাইগার। আশপাশে ভক্তদের ভিড়। গাড়ি থেকে তাঁদের উদ্দেশে হাতও নাড়ছিলেন অভিনেতা। এর মধ্যেই শুরু হয় গুলি। এনডিটিভির প্রকাশিত ভিডিওর বিবরণ অনুযায়ী, গাড়ির কাছে এসে গুলি চালান হামলাকারীরা। গুলিবিদ্ধ হন চালক ফেরদৌস। মুহূর্তেই ভক্তদের উচ্ছ্বাস আতঙ্কে পরিণত হয়।
এনডিটিভি জানিয়েছে, দুই হামলাকারী গাড়িতে গুলি চালাচ্ছিলেন। তাঁদের তৃতীয় সহযোগী মোটরসাইকেল নিয়ে পালানোর জন্য প্রস্তুত ছিলেন। ভিডিওতে গুলি চালানোর একপর্যায়ে একজনের অস্ত্র আটকে যেতে দেখা যায় বলেও সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে। এরপর হামলাকারীরা মোটরসাইকেলে উঠে পালিয়ে যান।
হামলার পরের আরেকটি ভিডিওতে দেখা যায়, টাইগার চালকের আসনে গিয়ে বসছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, তখন এক নারীকে বলতে শোনা যায়, ‘তাড়াতাড়ি নিয়ে যাও, টাইগার।’ আহত চালককে নিয়ে অভিনেতা নিজেই তাঁর বিএমডব্লিউ চালিয়ে নানাবতী হাসপাতালে যান। গাড়িটি সরে যাওয়ার পর রাস্তায় রক্তের দাগও দেখা যায়।
মোটরসাইকেল ফেলে পালান হামলাকারীরা
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, হামলার পর আন্ধেরি রেলস্টেশনের কাছে মোটরসাইকেলটি ফেলে যান হামলাকারীরা। সেটি জব্দ করেছে পুলিশ। মুম্বাই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ ঘটনার তদন্ত করছে। আহত গাড়িচালক ফেরদৌসের বক্তব্যও নেওয়া হয়েছে। তাঁর বাঁ হাতে গুলি লেগেছে। হত্যাচেষ্টাসহ ভারতীয় ন্যায় সংহিতা ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নম্বরপ্লেট ও চেসিস নম্বর ধরে উদ্ধার করা মোটরসাইকেলটির মালিকানার তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে হামলাকারীদের পালানোর পথ শনাক্তের চেষ্টা করছেন তদন্তকারীরা।
বিষ্ণোই চক্রের নামে দায় স্বীকার
হামলার পর অনিল পণ্ডিত ও হারমান সান্ধুর নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দায় স্বীকারের একটি পোস্ট ছড়ায়। লরেন্স বিষ্ণোই চক্রের নামে দেওয়া ওই পোস্টে দাবি করা হয়, টাইগারকে আগে ফোন করে সতর্ক করা হয়েছিল। তা উপেক্ষা করায় তাঁকে নিশানা করা হয়েছে। সালমান খানের সঙ্গে কাজ করা ব্যক্তিদেরও হামলার হুমকি দেওয়া হয়। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অনিল পণ্ডিতের নামে ছড়ানো একটি অডিও বার্তায় সালমানকে লরেন্স বিষ্ণোই ও বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতেও বলা হয়েছে। তবে পোস্ট ও অডিও বার্তার সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
সালমানের প্রতি বিষ্ণোইয়ের এই বৈরিতার পেছনে রয়েছে ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনা। রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় সালমানের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। বন্য প্রাণী রক্ষায় পরিচিত বিষ্ণোই সম্প্রদায় এই প্রাণীকে পবিত্র মনে করে। ওই ঘটনাকে কেন্দ্র করে সালমানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা বলে আসছেন লরেন্স বিষ্ণোই। ২০১৮ সালে প্রকাশ্যে অভিনেতাকে হত্যার হুমকিও দেন তিনি।
২০২৪ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের বাইরে গুলি চালান মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, ওই হামলার সঙ্গে বিষ্ণোই চক্রের যোগসূত্র পাওয়া যায়। একই বছরের অক্টোবরে সালমানের ঘনিষ্ঠ রাজনীতিক বাবা সিদ্দিকিকে মুম্বাইয়ে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যারও দায় দাবি করেন বিষ্ণোই চক্রের সদস্য পরিচয় দেওয়া এক ব্যক্তি।
টাইগারের গাড়িতে হামলার পর নতুন করে এই চক্রের নাম সামনে এলেও সংশ্লিষ্টতার বিষয়টি এখনো তদন্তাধীন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পুলিশ দায় স্বীকারের পোস্টটি পরীক্ষা করছে।
পরিবারের পাশে থাকার আশ্বাস সরকারের
হামলার পর টাইগারের বাবা জ্যাকি শ্রফের টিম ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, অভিনেতা ভালো আছেন। ছেলের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তাঁর মা আয়েশা শ্রফও স্বস্তি প্রকাশ করেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ ফোনে টাইগারের সঙ্গে কথা বলেছেন। হামলাকারীদের দ্রুত খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে রোববার রাতে টাইগারের বাড়িতে গিয়ে তাঁর ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সে সময় অভিনেতার মা আয়েশাও উপস্থিত ছিলেন।
সাক্ষাতের ছবিতে টাইগারের হাতে ব্যান্ডেজ এবং শরীরের কয়েকটি স্থানে ড্রেসিং দেখা গেছে। শিন্ডে সাংবাদিকদের জানান, গুলি না লাগলেও বারুদ ও ভাঙা কাচের টুকরায় সামান্য আঘাত পেয়েছেন অভিনেতা। ঘটনায় টাইগার ও তাঁর মা মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানান তিনি।
পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়ে শিন্ডে বলেন, মুম্বাইয়ে হুমকি বা সহিংসতার মাধ্যমে কাউকে আধিপত্য প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। কোনো ধরনের হুমকিই সরকার সহ্য করবে না।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।