উত্তরায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশসহ অর্ধশতাধিক আহত
· Prothom Alo

বেতন–ভাতা বাড়ানো ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধের চেষ্টার সময় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Visit mchezo.life for more information.
আজ শনিবার সকালে উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম প্রথম আলোকে এ তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে দক্ষিণখান এলাকার দিক থেকে বিভিন্ন পোশাক কারখানার প্রায় এক হাজার শ্রমিক আসতে শুরু করেন। তাঁরা কসাইবাড়ি রেলগেট, জামতলা রেলগেট, আজমপুর রেলগেট ও জসিমউদ্দিনের হলি ল্যাব মোড়ে জড়ো হন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শ্রমিকদের হাতে লাঠি ও ইটপাটকেল ছিল। পরে তাঁরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ লাঠিপেটা করে এবং সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
উপকমিশনার রেজাউল করিম বলেন, ছত্রভঙ্গ করার চেষ্টার সময় শ্রমিকেরা শিল্প পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেন। কয়েকজন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করা হয়। তাঁদের মধ্যে শিল্প পুলিশের এক সদস্যের হাত ভেঙে গেছে। সব মিলিয়ে পুলিশের ১৭ থেকে ১৮ জন সদস্য আহত হয়েছেন।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।