ঢাক-শঙ্খ বাজিয়ে ষষ্ঠী উদ্‌যাপন, আজ মহাসপ্তমী

· Prothom Alo

মন্ত্রপাঠ, উলুধ্বনি ও ঢাক, শঙ্খ ও কাঁসরের বাদ্যে গতকাল শুক্রবার দেশে উদ্‌যাপিত হয়েছে দুর্গাষষ্ঠী। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ শনিবার।

Visit freshyourfeel.org for more information.

দুর্গাপূজায় এবার মহাসপ্তমী দুই দিন। প্রথম দিন আজ সকাল ৭টা ৩৯ মিনিট থেকে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমীবিহিত পূজা হবে। আগামীকাল মহাসপ্তমীর দ্বিতীয় দিন।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনের বেলতলায় গতকাল সকাল ৯টায় ষষ্ঠীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। মেলাঙ্গনে দুর্গাপূজার মণ্ডপের সামনে বেলগাছ। বেলতলা সাজানো হয় ফুল দিয়ে। বেলতলায় রাখা হয় ফলমূল, দইসহ নানা খাদ্যসামগ্রী দিয়ে তৈরি প্রসাদ। রাখা হয় আমপাতা, বেলপাতা, দূর্বা, ফুলসহ পূজার নানা উপকরণ। প্রদীপ জ্বালানো হয়। উঠতে থাকে ধূপের ধোঁয়া। ষষ্ঠীপূজার জন্য সকাল ৯টায় বেলতলায় আসন গ্রহণ করেন পুরোহিত। তাঁরা মন্ত্র পাঠ করতে থাকেন।

একদিকে চলে পুরোহিতের মন্ত্রপাঠ; অন্যদিকে ঢাক, শঙ্খ, ঘণ্টা, কাঁসর বাজতে থাকে। ভক্তরা দেন উলুধ্বনি। পূজার মধে৵ পুরোহিতকে প্রদীপ, পাখা হাতে আরতি (নৃত্য) করতেও দেখা যায়। সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শেষ হয়। পরে শান্তির জল ভক্তদের মধ্যে ছিটিয়ে দেন পুরোহিত।

এরপর ঢাকেশ্বরী মন্দিরের দুর্গাপূজা মণ্ডপে আসা ভক্তরা অঞ্জলি নেন। অঞ্জলি শেষে প্রার্থনায় পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় বলেন, সবার যেন মঙ্গল লাভ হয়। সব অমঙ্গল যেন দূরে চলে যায়। সবার ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠিত হোক।

এরপর গতকাল সায়ংকালে (সন্ধ্যায়) দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস হয়। এবার দেবী দুর্গা এসেছেন ঘোটকে (ঘোড়ায়)। বিদায় নেবেন নৌকায়। সনাতন ধর্মের শাস্ত্রমতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসেন গতকাল। অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হয় এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী দেবী দুর্গা।

আগামী সোমবার মহা অষ্টমী, মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমী ও দেবী বিসর্জন।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, সারা দেশে এবার ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। ঢাকা মহানগরে এবার পূজা হচ্ছে ২৫৮টি।

Read full story at source