নিষেধাজ্ঞার মধ্যেই আরেক দুঃসংবাদ ভিনিসিয়ুসের

· Prothom Alo

মাঠের পর এবার মাঠের বাইরেও ধাক্কা খেলেন ভিনিসিয়ুস জুনিয়র। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে রেফারির দিকে তেড়ে গিয়েছিলেন, যার জেরে একাধিক ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন। এর মধ্যেই খবর এল, প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গেছে। এই বিচ্ছেদের খবর গুঞ্জন বা কোনো সূত্রের নয়, স্বয়ং ফনসেকারই বিবৃতি।

ফনসেকা ব্রাজিলের পরিচিত ইনফ্লুয়েন্সার। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে, ফনসেকার দপ্তর ব্রাজিলের সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ভিনির সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে।

Visit biznow.biz for more information.

ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া ফনসেকার সম্পর্ক নিয়ে ব্রাজিল ও স্পেনের সংবাদমাধ্যমে আলোচনা চলছে গত বছরের অক্টোবর থেকে। তাঁদের সম্পর্ক অবশ্য সব সময় এক রকম ছিল না। গত মে মাসে প্রকাশ্যে বিচ্ছেদের খবর এসেছিল দুজনের। কিন্তু জুলাইয়ে আবার একসঙ্গে ফেরেন তাঁরা।

এরপর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে দুজনকে। সর্বশেষ সেপ্টেম্বরের মাঝামাঝিতে স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রিতে হাত ধরে উপস্থিত হয়েছিলেন ভিনিসিয়ুস ও ফনসেকা। তাঁদের সেই উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছিল। তবে মাস পার হওয়ার আগেই এল আবার বিচ্ছেদের খবর।

লাল কার্ডের পর রেফারির দিকে তেড়ে যান ভিনিসিয়ুস (৭)

ফনসেকার দপ্তরের বিবৃতিতে বিচ্ছেদের কথা নিশ্চিত করা হলেও সম্পর্ক শেষ করার পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তবে তাঁদের সম্পর্কে কোনো ঝগড়া বা বিবাদ হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে; বরং দুজনের সম্মতিতেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত হয়েছে। ভিনিসিয়ুস কিংবা ফনসেকা কেউই এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ভিনিসিয়ুস এখন ভিয়ারিয়াল ম্যাচের লাল কার্ডের চূড়ান্ত শাস্তি শোনার অপেক্ষায় আছেন। নাথান সালিবার চুল টেনে ধরার দায়ে রেফারি তাঁকে লাল কার্ড দেখালে সেটি মেনে নিতে পারেননি ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে রেফারি তাঁর ম্যাচ প্রতিবেদনে ভিনিসিয়ুসের ‘আক্রমণাত্মকভাবে তেড়ে যাওয়ার’ কথা উল্লেখ করেছেন। লাল কার্ডের সাধারণ শাস্তি এক ম্যাচের নিষেধাজ্ঞা। ১৯ অক্টোবর সেভিয়ার বিপক্ষে ম্যাচে তাঁর খেলা হবে না। কিন্তু রেফারির সঙ্গে আচরণের ঘটনায় শাস্তি একাধিক ম্যাচেরও হতে পারে। সে ক্ষেত্রে ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতেও মাঠে নামা হবে না তাঁর।

চুল টেনে লাল কার্ড ভিনিসিয়ুসের, ক্ষোভে সংবাদ সম্মেলনে এলেন না মরিনিও

Read full story at source