পাহাড়, ঝরনা আর সমুদ্রের সান্নিধ্যে

· Prothom Alo

ভ্রমণের আনন্দের ফাঁকে বন্ধুরা

পাহাড়ের সবুজ, ঝরনার ছুটে চলা জল, সমুদ্রের ঢেউ আর বন্ধুদের প্রাণখোলা আড্ডা—সব মিলিয়ে এক অন্য রকম সময় কাটিয়েছেন ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুরা। ‘পাহাড়ের মাঝে বন্ধুত্বের বন্ধনে ২০২৬’ শিরোনামে বার্ষিক ভ্রমণে চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ডের প্রকৃতির সান্নিধ্যে দিনভর আনন্দে মেতে ওঠেন তাঁরা।

Visit salonsustainability.club for more information.

গত ১৭ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন বন্ধুরা। রাতের যাত্রা শেষে ১৮ সেপ্টেম্বর সকালে চট্টগ্রামের মীরসরাইয়ে পৌঁছান তাঁরা। গাড়ি থেকে নেমেই শুরু হয় প্রকৃতির সঙ্গে বন্ধুত্বের নতুন অধ্যায়, গন্তব্য মীরসরাইয়ের মহামায়া লেক।

ভ্রমণের আনন্দের ফাঁকে বন্ধুরা

সবুজে ঘেরা মহামায়া লেকে নৌকাভ্রমণের পাশাপাশি লেকের চারপাশ ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন সবাই। নিরিবিলি পরিবেশ ও সবুজের সমারোহে সেখানে তৈরি হয় আনন্দঘন মুহূর্ত।

মহামায়া লেকের সৌন্দর্য পেছনে ফেলে এরপর বন্ধুরা রওনা হন সীতাকুণ্ড ইকোপার্কের ঝরনার উদ্দেশে। পাহাড়ি পথ পেরিয়ে ঝরনার কাছে পৌঁছে প্রকৃতির আরেক রূপের দেখা পান তাঁরা। ঝরনা, পাহাড়ি পরিবেশ ও পথের নানা অভিজ্ঞতায় ভ্রমণের আনন্দ আরও বাড়তে থাকে।

সীতাকুণ্ড ইকোপার্কের ঝরনা

দুপুরের খাবার শেষে গন্তব্য হয় বাঁশবাড়িয়া সমুদ্রসৈকত। পাহাড় ও ঝরনার পর এবার সমুদ্রের বিশাল জলরাশি। সৈকতে বন্ধুদের আড্ডা, ঘোরাঘুরি ও ছবি তোলায় জমে ওঠে ভ্রমণের আরেকটি পর্ব। প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি পুরোনো বন্ধুদের সঙ্গে নতুনদের বন্ধুত্বও যেন আরও দৃঢ় হয়ে ওঠে।

সন্ধ্যার দিকে বাঁশবাড়িয়া থেকে ফেরার পথে বন্ধুরা যান পতেঙ্গা সমুদ্রসৈকতে। সেখানে ঘোরাঘুরি ও আড্ডার পাশাপাশি অনুষ্ঠিত হয় একটি আনন্দঘন সংক্ষিপ্ত সভা। উপস্থিত ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক বিনয় বর্মণ ও বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকেরা। আরও ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান, পলাশ মাহবুব ও সাবেক সভাপতি সাব্বির আহমেদ, সাবেক সভাপতি নাজমুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক সাবিরা সুলতানা, সাধারণ সম্পাদক অনিক ভূষণ সাহা, অর্থ সম্পাদক রিজভী আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মাহফুজ, দপ্তর সম্পাদক আবিদুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ফারহান আনন্দ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ নাঈম, ম্যাগাজিন সম্পাদক রিফাতুল ইসলামসহ বর্তমান ও সাবেক বন্ধুরা।

পতেঙ্গা সমুদ্রসৈকতে আনন্দঘন সংক্ষিপ্ত সভা

পতেঙ্গায় সময় কাটানোর পর রাতের খাবার শেষে আবার ঢাকার পথে রওনা হন বন্ধুরা। রাতভর যাত্রা শেষে ১৯ সেপ্টেম্বর সকালে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর মধ্য দিয়ে শেষ হয় দুই দিনের এই ভ্রমণ। ভ্রমণ শেষ হলেও পাহাড়, লেক, ঝরনা ও সমুদ্রের সেই মুহূর্তগুলো রয়ে যায় স্মৃতিতে।

ড্যাফোডিল বন্ধুসভার বন্ধুদের জন্য আয়োজিত এই বার্ষিক ভ্রমণে সার্বিক সহযোগিতায় ছিল ডেলিভো ট্রাভেলস। সদ্য নতুন যাত্রা শুরু করা এই এজেন্সির প্রতিষ্ঠাতা ও কর্ণধার ড্যাফোডিল বন্ধুসভার সাবেক সভাপতি সাব্বির আহমেদ।

যুগ্ম সাধারণ সম্পাদক, ড্যাফোডিল বন্ধুসভা

Read full story at source