কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঠচক্রের আসর
· Prothom Alo

কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যাগাজিনটির সেপ্টেম্বর সংখ্যা ঘিরে বিশেষ পাঠচক্রের আসর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এতে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদের সদস্যরাও অংশ নেন। পাঠ, আলোচনা ও সাহিত্যচর্চার মধ্য দিয়ে ১ অক্টোবর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় পাঠচক্রের এই আসর।
Visit saltysenoritaaz.com for more information.
কিশোর আলোর সেপ্টেম্বর সংখ্যার বিভিন্ন লেখা পাঠ করে নিজেদের অনুভূতি ও মতামত তুলে ধরেন বন্ধুসভা ও সাহিত্য সংসদের সদস্যরা। গল্প, প্রবন্ধ, বিজ্ঞানভিত্তিক লেখা, রম্যরচনা, সাহিত্য ও কিশোর উপযোগী বিভিন্ন আয়োজন নিয়ে চলে প্রাণবন্ত আলোচনা। অংশগ্রহণকারীরা তাঁদের পছন্দের লেখা নির্বাচন করে এর বিষয়বস্তু, ভাষা, উপস্থাপনশৈলী ও পাঠকের ওপর এর প্রভাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
আলোচনায় উঠে আসে কিশোর আলোর সঙ্গে কয়েক প্রজন্মের পাঠকের দীর্ঘ সম্পর্কের কথাও। অংশগ্রহণকারীরা বলেন, একটি সাময়িকী শুধু বিনোদনের মাধ্যম নয়; নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা, কৌতূহল সৃষ্টি এবং নিজের চারপাশকে নতুন করে দেখার ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে। কিশোর আলোর বিভিন্ন লেখা তরুণ পাঠকদের সাহিত্য, বিজ্ঞান ও জ্ঞানচর্চার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করে।
পাঠচক্রে সাহিত্য সংসদের সদস্যরা সাহিত্যপাঠের অভিজ্ঞতা ও নিজেদের পছন্দের লেখাগুলো নিয়ে আলোচনা করেন। বন্ধুসভার সদস্যদের সঙ্গে তাঁদের এই যৌথ অংশগ্রহণ পাঠচক্রটিকে আরও প্রাণবন্ত করে তোলে। কখনো কোনো লেখার ভাষাশৈলী, কখনো গল্পের চরিত্র, আবার কখনো লেখকের ভাবনার সঙ্গে নিজের অভিজ্ঞতার মিল-অমিল—এভাবেই এগিয়ে চলে আলোচনা।
কিশোর আলো ২০১৩ সালের ১ অক্টোবর প্রথম প্রকাশিত হয়। শুরু থেকেই সাময়িকীটি কিশোরদের সাহিত্য, বিজ্ঞান, জ্ঞান ও সৃজনশীলতার সঙ্গে যুক্ত করার পাশাপাশি পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোর আলোর বিভিন্ন আয়োজনের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধুসভার এই বিশেষ পাঠচক্রেও উঠে আসে পাঠ ও সৃজনশীলতার গুরুত্ব।
সাধারণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা