অ্যাপলের ভাঁজযোগ্য আইফোনের বিশেষ সংস্করণের দাম ২১ হাজার ডলার কেন

· Prothom Alo

অ্যাপলের নতুন ভাঁজযোগ্য আইফোন ডুও বাজারে আসার পর এর দাম নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আলোচনা চলছে। যুক্তরাজ্যের বাজারে ফোনটির দাম এক হাজার ৯৯৯ থেকে তিন হাজার ১৯৯ পাউন্ড (দুই হাজার ৬৪০ থেকে চার হাজার ১২৬ ডলার)। তবে অ্যাপলের তৈরি এই ফোনের বিশেষ সংস্করণ কিনতে গুনতে হবে আরও অনেক বেশি অর্থ। বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যাভিয়ার আইফোন ডুওর ‘লিকুইড মেটাল’ নামে একটি বিশেষ সংস্করণ তৈরি করেছে। এর সর্বোচ্চ দাম ২১ হাজার ৩৪০ ডলার।

Visit syntagm.co.za for more information.

‘লিকুইড মেটাল’ সংস্করণটি তৈরি করা হয়েছে স্টার্লিং সিলভার দিয়ে। ফোনটির বাইরের অংশে দেওয়া হয়েছে আয়নার মতো চকচকে পলিশ। ক্যাভিয়ার জানিয়েছে, আইফোন ডুও ভাঁজ খোলার সময় ফোনটির আকৃতিতে যে পরিবর্তন দেখা যায়, সেটিই এই বিশেষ সংস্করণের নকশার মূল অনুপ্রেরণা। ক্যাভিয়ারের নকশায় আইফোন ডুওর ভাঁজযোগ্য কাঠামোকে একটি ধাতব ভাস্কর্যের মতো তুলে ধরা হয়েছে। ফোনটির কাঠামোতে ব্যবহার করা হয়েছে প্রবহমান রেখা, যা এর আকৃতিতে গতিশীলতার অনুভূতি তৈরি করে।

প্রতিষ্ঠানটির মতে, ফোনটি ভাঁজ খোলা বা বন্ধ করার সময় এর পৃষ্ঠের নকশাতেও পরিবর্তনের অনুভূতি তৈরি হবে। ‘লিকুইড মেটাল’ সংস্করণের মাত্র ১৭টি ইউনিট তৈরি করেছে ক্যাভিয়ার। ধারণক্ষমতা অনুযায়ী এসব ফোনের দামও ভিন্ন। ২৫৬ জিবি সংস্করণের দাম ১৮ হাজার ৮৪০ ডলার, ৫১২ জিবি সংস্করণের দাম ১৯ হাজার ২০০ ডলার এবং ১ টেরাবাইট সংস্করণের দাম ১৯ হাজার ৯১০ ডলার। সবচেয়ে বেশি ধারণক্ষমতার ২ টেরাবাইট সংস্করণের দাম ২১ হাজার ৩৪০ ডলার।

হীরাখচিত আইফোন ১৮ প্রো

অ্যাপলের তৈরি আইফোন ডুওর তুলনায় ক্যাভিয়ারের বিশেষ সংস্করণটির দাম প্রায় ১০ গুণ বেশি। যুক্তরাজ্যে আইফোন ডুওর সর্বোচ্চ দাম ৩ হাজার ১৯৯ পাউন্ড হলেও ক্যাভিয়ারের ২ টেরাবাইট সংস্করণের দাম ১৬ হাজার পাউন্ডের বেশি। শুধু আইফোন ডুও নয়, অ্যাপলের নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সেরও বিলাসবহুল সংস্করণ তৈরি করেছে ক্যাভিয়ার। প্রতিষ্ঠানটির তৈরি এসব বিশেষ সংস্করণের সংখ্যা ৭৬। নকশা ও উপকরণভেদে এসব ফোনের দাম সাত হাজার ১৩০ থেকে ৮৮ হাজার ২৯০ ডলার পর্যন্ত। এসব সংস্করণের মধ্যে ‘পালমেট ১৮কে’ মডেলটি তৈরি করা হয়েছে ১৮ ক্যারেট সোনা ও হীরা দিয়ে। ফোনটির কাঠামো ১৮ ক্যারেট সোনায় তৈরি করা হয়েছে। এতে সংযুক্ত আরব আমিরাতের প্রতীকী খেজুরগাছের পাতা থেকে অনুপ্রাণিত নকশা রয়েছে। নকশাটিতে হাতে বসানো হয়েছে শতাধিক হীরা। অ্যাপলের লোগোতেও ব্যবহার করা হয়েছে মূল্যবান পাথর।

অ্যাপলের পণ্যের বিলাসবহুল সংস্করণ তৈরিতে ক্যাভিয়ার অবশ্য নতুন নয়। এর আগে চলতি বছরের এপ্রিলে প্রতিষ্ঠানটি আইফোন ১৭ প্রো ম্যাক্সের একটি বিশেষ সংস্করণ তৈরি করেছিল। ওই ফোনে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের পরা বিখ্যাত কালো টার্টলনেক পোশাকের এক টুকরা কাপড় ব্যবহার করা হয়েছিল।

সূত্র: ডেইলি মেইল

Read full story at source