এআই প্রযুক্তির নিরাপত্তায় গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিকের উদ্যোগ
· Prothom Alo

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপত্তায় যৌথভাবে একটি স্বাধীন সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিক। চলতি বছরের শেষ নাগাদ অথবা ২০২৭ সালের শুরুর দিকে সংস্থাটির কার্যক্রম শুরু হতে পারে। প্রস্তাবিত সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে হোয়াইট হাউসের সাবেক এআই নীতি উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণনের সঙ্গে যোগাযোগও করেছে প্রতিষ্ঠানগুলো।
Visit biznow.biz for more information.
প্রাথমিকভাবে সংস্থাটির নাম দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ডস অথরিটি ফর ফ্রন্টিয়ার এআই বা সাফা। সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি সংস্থাটি গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিকের দেওয়া এআই নিরাপত্তা প্রতিশ্রুতিগুলো পর্যালোচনা করে নতুন মানদণ্ড তৈরি করবে। পাশাপাশি বাণিজ্যিকভাবে উন্মুক্ত করার আগে উন্নত এআই মডেলের নিরাপত্তা যাচাইয়ের ক্ষেত্রেও নির্মাতাদের সহায়তা করবে। সংস্থাটি শুধু এআই নিরাপত্তার মানদণ্ড তৈরি করবে, নাকি নিজেই এআই মডেলের নিরাপত্তা পরীক্ষা করবে, তা নির্ধারণে নিজেদের মধ্যে আলোচনা করছে গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিক।
যৌথ এআই নিরাপত্তাকাঠামো তৈরির উদ্যোগটি একেবারে নতুন নয়। গত জুলাইয়ে গুগল ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ও অ্যালফাবেটের প্রধান বিজ্ঞানী ডেমিস হাসাবিস যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এআই মান নির্ধারণকারী সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছিলেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে অথবা এআই শিল্পের স্বনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হিসেবে এ ধরনের সংস্থা গড়ে তোলা যেতে পারে।
গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিক এআইয়ের বাজারে আধিপত্য বিস্তার করতে একে অপরের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করছে। একই সময়ে উন্নত এআই মডেলের নিরাপত্তা ও সাইবার নিরাপত্তাঝুঁকি নিয়েও প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ বাড়ছে। আর তাই এআইপ্রযুক্তির নিরাপত্তায় যৌথভাবে স্বাধীন সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানগুলো।
সূত্র: নিউজ১৮