বাড়তি টাকা দাবির ভিডিও করায় শ্রমিককে মারধর, পণ্য পরিবহন সাত ঘণ্টা বন্ধ
· Prothom Alo
পণ্য পরিবহনকারী গাড়ির চালকদের মারধরের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর থেকে সোমবার প্রায় সাত ঘণ্টা পণ্য আনা-নেওয়া বন্ধ ছিল। পরে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে রাত ১০টার দিকে গাড়ি চলাচল শুরু করেন শ্রমিকেরা।
আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সমাজকল্যাণ সম্পাদক শামসুজ্জামান সুমন প্রথম আলোকে বলেন, বেলা তিনটার দিকে একজন পরিবহনশ্রমিক গেট পাস নিতে গেলে নিরাপত্তাকর্মীরা নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা দাবি করেন। এর প্রতিবাদ জানিয়ে ওই শ্রমিক ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তাকর্মীরা তাঁর মুঠোফোনটি মেঝেতে ছুড়ে ভেঙে ফেলেন। এ ঘটনার পর পণ্য পরিবহনকারী গাড়ি চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা।
Visit extonnews.click for more information.
পরে বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিবহনশ্রমিক ও মালিকপক্ষের বৈঠক হয়। বৈঠকে ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এরপর রাত ১০টার দিকে শ্রমিকেরা কাজে ফেরার সিদ্ধান্ত নেন বলে জানান শামসুজ্জামান সুমন।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
রাত ১০টার দিকে গাড়ি চলাচল শুরু হওয়ার পর বন্দরসংলগ্ন এলাকায় গাড়ির জট তৈরি হয়।