আপনার কন্যা সন্তানকে আত্মনির্ভর, আত্মবিশ্বাসী ও নিজেকে রক্ষা করতে পারদর্শী করে গড়ে তুলতে শেখান ১০টি জরুরি 'লাইফ লেসন'

· Prothom Alo

এই সময়ে দাঁড়িয়ে কন্যা সন্তানদেরকে সেলিব্রেট করা ও তাদের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি আরও কিছু বিষয় ভাবা প্রয়োজন। আত্মনির্ভর, আত্মবিশ্বাসী, প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম ও নিজেকে রক্ষা করতে পারদর্শী করে নিজের কন্যাকে বড় করতে হলে তাকে বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা, মানসিক দৃঢ়তা এবং নিজের শারীরিক সীমারেখা নির্ধারণের সক্ষমতা দিতে হবে।

কন্যা সন্তানের মতো আশীর্বাদ আর নেই। কন্যা মানেই একরাশ ভালোবাসা আর মায়ার বাঁধন। তবে বাংলাদেশসহ পুরো পৃথিবীটাই যেন আমাদের কন্যাদের জন্য দিন দিন প্রতিকূল ও বিপদসংকুল হয়ে উঠছে। আমাদের কন্যা সন্তানদেরকে সেলিব্রেট করা ও তাদের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি আরও কিছু বিষয় ভাবা প্রয়োজন।

Visit tr-sport.bond for more information.

কন্যা সন্তানের মতো আশীর্বাদ আর নেই

আত্মনির্ভর, আত্মবিশ্বাসী, প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম ও নিজেকে রক্ষা করতে পারদর্শী করে নিজের কন্যা সন্তানকে বড় করতে হলে তাকে বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা, মানসিক দৃঢ়তা এবং নিজের শারীরিক সীমারেখা নির্ধারণের সক্ষমতা দিতে হবে। পুরোনো লিঙ্গভিত্তিক ধারণার বাইরে গিয়ে লক্ষ্য হওয়া উচিত, সে যেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এবং নিজের মতো করে পৃথিবীর সঙ্গে মানিয়ে চলতে পারে। চলুন এবারে এমন কিছু বিষয় বা লাইফস্কিল ও লাইফ লেসন দেখে নিই যেগুলো আমাদের কন্যাদেরকে ভালো ও সুরক্ষিত রাখতে পারে আমরা না থাকলেও।

আত্মরক্ষা ও ব্যক্তিগত নিরাপত্তা

নিরাপত্তা মানে সব সময় ভয় নিয়ে বেঁচে থাকা নয়; বরং বিচক্ষণতা, পরিস্থিতি সম্পর্কে সচেতনতা এবং নিজের শরীরের ওপর নিজের অধিকার সম্পর্কে দৃঢ় ধারণা তৈরি করা।

‘না’ বলার ক্ষমতা: তাকে শেখান, ‘না’ নিজেই একটি পূর্ণাঙ্গ উত্তর। কেউ তাকে অস্বস্তিতে ফেললে তাকে হাসতে হবে, ভদ্রতা দেখাতে হবে বা কেন ‘না’ বলছে, তার ব্যাখ্যা দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

তাকে শেখান, ‘না’ নিজেই একটি পূর্ণাঙ্গ উত্তর

পরিস্থিতি সম্পর্কে সচেতনতা: আশপাশের পরিবেশ খেয়াল করতে শেখান। মাথা নিচু করে সব সময় স্মার্টফোনে ডুবে না থেকে চারপাশ দেখবে, নিজের সহজাত অনুভূতিকে গুরুত্ব দেবে এবং অপরিচিত জায়গায় বের হওয়ার পথগুলোও খেয়াল করবে।

শারীরিক আত্মরক্ষা: জিউ-জিৎসু বা যেকোনও মার্শাল আর্টের মতো আত্মরক্ষার প্রশিক্ষণে তাকে যুক্ত করা যেতে পারে। এর উদ্দেশ্য শুধু কীভাবে আঘাত করতে হয়, তা শেখানো নয়; বরং প্রয়োজনে চিৎকার করা, প্রতিরোধ করা এবং নিজের শারীরিক সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাস তৈরি করাও এর গুরুত্বপূর্ণ অংশ।

মার্শাল আর্টের মতো আত্মরক্ষার প্রশিক্ষণে তাকে যুক্ত করা যেতে পারে

ডিজিটাল সীমারেখা: নিজের অনলাইন পরিচয় ও ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত রাখতে হয়, তা শেখানো জরুরি। অনলাইনে হয়রানি হলে কাউকে ব্লক করা, ডিজিটালভাবে প্রতারণা বা প্রভাবিত করার চেষ্টা চিনতে পারা এবং ব্যক্তিগত গোপনীয়তা যে নিরাপত্তারই একটি অংশ, এসব তাকে বোঝাতে হবে।

বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা

সত্যিকারের আত্মনির্ভরতা মানে নিজের দৈনন্দিন জীবন ও আর্থিক বিষয় অন্যের ওপর নির্ভর না করে সামলাতে পারা।

আর্থিক জ্ঞান: শুধু টাকা জমানো নয়, কীভাবে বিনিয়োগ করতে হয়, বাজেট তৈরি করতে হয়, বেতন নিয়ে আলোচনা করতে হয় এবং ঋণ বা ক্রেডিটের বিষয়গুলো বুঝতে হয়, এসবও শেখানো জরুরি। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া অনেক ঝুঁকিপূর্ণ বা নির্যাতনমূলক পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে।

ঘরের কাজ ও রক্ষণাবেক্ষণ: পুষ্টিকর ও সহজ খাবার রান্না করা, স্ক্রু ড্রাইভার বা হাতুড়ির মতো সাধারণ গৃহস্থালি সরঞ্জাম ব্যবহার করা, গাড়ির টায়ারের বাতাস পরীক্ষা করা কিংবা প্রয়োজন হলে টায়ার পরিবর্তন করার মতো মৌলিক বিষয় জানা উচিত।

প্রয়োজনীয় সেবা ব্যবস্থাপনা: নিজের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিজে নেওয়া, বিমা-সংক্রান্ত বিষয় সামলানো এবং নিজের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকের কাছে নিজের প্রয়োজন ও সমস্যার কথা স্পষ্টভাবে বলতে পারাও শেখাতে হবে।

মানসিক দৃঢ়তা ও জীবনের শিক্ষা

বড় হওয়ার পথে জীবনের নানা উত্থান-পতন কীভাবে সামলাবে, তা অনেকটাই নির্ভর করে তার মানসিক ও আবেগগত দৃঢ়তার ওপর।

চেহারার সঙ্গে নিজের মূল্যকে গুলিয়ে না ফেলা: শুধু চেহারা বা সৌন্দর্যের প্রশংসা না করে তার বুদ্ধিমত্তা, প্রতিকূলতা মোকাবিলার ক্ষমতা, রসবোধ ও সহমর্মিতার প্রশংসা করুন। তাকে বোঝান, তার মূল্য তার ভেতরের গুণে; অন্যের দৃষ্টিভঙ্গি বা সমাজের প্রচলিত সৌন্দর্যের ধারণার ওপর তা নির্ভর করে না।

তাকে বোঝান, তার মূল্য তার ভেতরের গুণে

ব্যর্থতাকে গ্রহণ করা: ব্যর্থতাকে লজ্জার বিষয় হিসেবে না দেখে শেখার একটি সুযোগ হিসেবে দেখতে শেখান। কোনো কাজে ব্যর্থ হওয়া মানে সে সীমাবদ্ধতা পেরিয়ে নতুন কিছু শেখার চেষ্টা করছে—এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে।

আবেগ নিয়ন্ত্রণ: নিজের অনুভূতি চিহ্নিত করা, তা সরাসরি ও স্পষ্টভাবে প্রকাশ করা এবং রাগ বা মানসিক চাপকে গঠনমূলকভাবে সামলানোর কৌশল শেখাতে হবে।

সামাজিকতা ও যোগাযোগের দক্ষতা

অন্যদের সঙ্গে সে কীভাবে যোগাযোগ করবে, তার ওপর অনেকটাই নির্ভর করে অন্যরা তার সঙ্গে কীভাবে আচরণ করবে।

দৃঢ়ভাবে কথা বলা: নিজের কথা স্পষ্ট ও সম্মানের সঙ্গে বলতে শেখান। নিজের প্রয়োজন বা মত প্রকাশ করার জন্য বারবার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, এটিও তাকে বোঝাতে হবে।

সবাইকে খুশি করার চেষ্টা না করা: সবাইকে সব সময় খুশি করা সম্ভব নয়। সম্পর্ক ঠিক রাখার জন্য নিজের মূল্যবোধ বা স্বাচ্ছন্দ্যের সঙ্গে আপস করার প্রয়োজন নেই।

সুস্থ ও সম্মানজনক সম্পর্ক কেমন হওয়া উচিত, তা পরিবার থেকেই দেখানো জরুরি

সুস্থ সম্পর্কের বৈশিষ্ট্য: সুস্থ ও সম্মানজনক সম্পর্ক কেমন হওয়া উচিত, তা পরিবার থেকেই দেখানো জরুরি। তাকে বোঝাতে হবে, সত্যিকারের ভালোবাসা ও বন্ধুত্বের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, একে অপরের ব্যক্তিগত সীমারেখার প্রতি শ্রদ্ধা এবং কোনো ধরনের নিয়ন্ত্রণ বা মানসিক প্রভাব বিস্তার না করা।

আসলে এই বিষয়গুলোর সবটা পাখিপড়ার মতো করে শেখানো সম্ভব নয়

আসলে এই বিষয়গুলোর সবটা পাখিপড়ার মতো করে শেখানো সম্ভব নয়। এজন্য আসলে আত্মবিশ্বাসী ও নিজের সমস্যা নিজেই সমাধান করার সক্ষমতা, দক্ষতা ও মানসিকতা তৈরি করা জরুরি আমাদের কন্যা সন্তানদের ক্ষেত্রে। আজ কন্যা দিবসে এই প্রত্যয়টুকু যেন নিই আমরা। তাহলে আমরা যখন থাকব না, তখনও আমাদের কন্যারা নিজেদেরকে ভালো রাখতে পারবে।

সূত্র: থট ক্যাটালগ, রেইজিংরয়্যালটি, সানশাইন হাউস

ছবি: এআই, পেকজেলস ও সাইফুল ইসলাম।

Read full story at source