মাদক সেবন করে বাসায় ফিরে ঝগড়া, স্ত্রীকে গুলি
· Prothom Alo

রাজধানীর দারুসসালামে নিজ বাসায় স্ত্রীকে গুলি করার ঘটনায় স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। তাঁদের কাছ থেকে ১টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১টি ম্যাগাজিন, ২টি গুলি ও ২১৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
Visit newssport.cv for more information.
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আবদুল মান্নান ওরফে আবদুল হান্নান (৪৫), তাঁর ছেলে মো. রাকিব (২৫) এবং সহযোগী মো. হাতিম মিয়া (২১)।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাব জনায়, গতকাল শনিবার সন্ধ্যায় দারুসসালাম থানার মসজিদ গলি এলাকায় নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন।
ঘটনার পরপরই র্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে। পরে আজ ভোরে দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের ভাষ্য, আবদুল মান্নান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তিনি পরিবার নিয়ে একটি টিনশেড বাসায় ভাড়াটে হিসেবে থাকতেন। উদ্ধার করা অস্ত্রটি তিনি দারুসসালাম ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন।
র্যাব জানায়, আবদুল মান্নান প্রায়ই স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতেন। গতকাল সন্ধ্যায় মাদক সেবন করে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়ান তিনি। কথা–কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি করেন। এতে ওই নারী গুলিবিদ্ধ হন।
র্যাবের ভাষ্য, ঘটনার পর আবদুল মান্নান তাঁর ছেলে রাকিবের মাধ্যমে অস্ত্রটি তাঁর বন্ধু হাতিম মিয়ার বাসায় রেখে দেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে দারুসসালাম থানা-পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় র্যাব-৪। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, ২টি গুলি ও ২১৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।