ট্রেনারের দিন শেষ, শরতের ফ্যাশনে ফিরছে এলিগ্যান্ট অ্যাঙ্কল বুট

· Prothom Alo

ট্রেনারের দিন শেষ, শরতের ফ্যাশনে ফিরছে এলিগ্যান্ট অ্যাঙ্কল বুট
চাঙ্কি জুয়েলারি আর আরামপ্রিয় ট্রেনারের দাপট কমছে। আসন্ন শরৎ-শীতে ফ্যাশনে ফিরছে সূক্ষ্মতা—সরু অ্যাঙ্কল বুট, লোফার, হুপ ইয়াররিং আর ব্রোচই হবে দৈনন্দিন নতুন অনুষঙ্গ।

Visit raccoongame.org for more information.

ফ্যাশনের হাওয়া বদলাতে শুরু করেছে। আসন্ন শরৎ ও শীত মৌসুমে পোশাকের পাশাপাশি বদল আসছে জুয়েলারি ও জুতাতেও। এত দিন ছিল আরামদায়ক স্পোর্টি ট্রেনার। সে জায়গা ধীরে ধীরে দখল করে নিচ্ছে আরও কোমল আর সূক্ষ্ম নকশার জুতা। একই সঙ্গে চাঙ্কি ও চোখধাঁধানো স্টেটমেন্ট জুয়েলারির বদলে ফ্যাশনে ফিরছে ছোট ও হালকা গয়না। অর্থাৎ নতুন মৌসুমের মন্ত্র একটাই—লেস চাঙ্কি, মোর ডেলিকেট।

থাকা নানা দৈর্ঘ্যের বুট

জার্মান শু ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ক্লডিয়া শুলৎসের মতে, আসন্ন শরৎ ও শীতে জুতার সিলুয়েটে আসছে স্পষ্ট পরিবর্তন। বুট ও অ্যাঙ্কল বুটে দেখা যাবে নতুন নতুন আকৃতি; লাস্ট হবে আগের চেয়ে সরু, কাটও হবে আরও সূক্ষ্ম।

ট্রেনারের জায়গা দখল করতে এগিয়ে আসছে হাঁটুদীর্ঘ বুট, এমনকি ওভার-দ্য-নি বুটও। এর পাশাপাশি জনপ্রিয়তা ধরে রাখছে ওয়েস্টার্ন বুট। তবে এবার সেটিকে কাউবয় লুকের মধ্যে আটকে না রেখে ছোট কিংবা মিডি স্কার্টের সঙ্গে কুল ভঙ্গিতে পরার পরামর্শ দিচ্ছেন শুলৎস।

অ্যাঙ্কল বুটেই বাজিমাত

এই মৌসুমে শুলৎসের বিশেষ পছন্দ সরু গড়নের অ্যাঙ্কল বুট। সামান্য পয়েন্টেড টো থাকলে সেটি আরও ট্রেন্ডি হয়ে উঠতে পারে।
এই জুতার সবচেয়ে বড় সুবিধা এর বহুমুখিতা। গোড়ালি পর্যন্ত উচ্চতার কারণে প্রায় যেকোনো লুকের সঙ্গেই এটি মানিয়ে যায়। স্কার্ট বা ড্রেসের সঙ্গে যেমন সহজেই পরা যায়, তেমনি মিডি কিংবা ম্যাক্সি দৈর্ঘ্যের পোশাক, সিকুইন বা লেসের কাজ করা পোশাকের সঙ্গেও এটি দারুণ মানানসই।

বাজিমাত করবে অ্যাঙ্কল বুট

এমনকি অ্যাঙ্কল বুটকে শুধু আনুষ্ঠানিক পোশাকের জুতা ভাবারও কারণ নেই। বরং একটু বিপরীতধর্মী স্টাইলিংয়েই এর সৌন্দর্য বেশি ফুটে উঠতে পারে।
যেমন বর্তমানে জনপ্রিয় স্ট্রেইট-কাট বা সামান্য ফ্লেয়ারড-হেম জিনসের সঙ্গে একটি সূক্ষ্ম অ্যাঙ্কল বুট তৈরি করতে পারে দারুণ কনট্রাস্ট। আর চাইলে মোজাকেও করে তুলতে পারেন লুকের অংশ। বুটের ওপর থেকে মোজার সামান্য অংশ উঁকি দিতে দিন—ছোট্ট এই স্টাইলিং কৌশলেই তৈরি হতে পারে আলাদা ফ্যাশন স্টেটমেন্ট।

ট্রেনারের বিকল্প লোফার

লোফার এখন ইন–ট্রেন্ড

ট্রেনারকে পুরোপুরি বিদায় জানাতে না চাইলেও এর জায়গায় আরও পরিশীলিত কোনো বিকল্প খুঁজছেন? উত্তর হতে পারে লোফার।

জনপ্রিয় হবে এই ধরণের লোফার


এই বছর বিশেষভাবে নজর কাড়ছে ক্রোক-ইফেক্ট লোফার। শুলৎসের পছন্দের দৈনন্দিন লুকগুলোর একটি হলো ক্রোক-ইফেক্ট লোফারের সঙ্গে ওয়াইড-কাট ব্লেজার, পুসি-বো ব্লাউজ এবং জিনস।
কমফোর্ট আর এলিগ্যান্স—দুইয়ের মাঝামাঝি অবস্থান করা এই কম্বিনেশনটি অফিস, শহরের ব্যস্ত দিন কিংবা বন্ধুদের সঙ্গে বের হওয়ার ক্ষেত্রেও সহজেই মানিয়ে যেতে পারে।

গয়নাতেও এবার নরম সুর

জুতার মতোই অ্যাকসেসরিসেও বদল আসছে। স্টাইল কনসালট্যান্ট ডুনিয়া হেসের মতে, স্টেটমেন্ট নেকলেস ও বড়সড় স্টেটমেন্ট ইয়াররিংয়ের আধিপত্য কিছুটা কমছে। তার বদলে ফিরে আসছে আরও সংযত ও সূক্ষ্ম গয়না।
হুপ ইয়াররিং আবারও জায়গা করে নিচ্ছে ফ্যাশনপ্রেমীদের সংগ্রহে। পাশাপাশি দেখা যাচ্ছে ব্রোচেরও প্রত্যাবর্তন।

গয়না হবে মিনিমাল

তবে ব্রোচ এবার শুধু পুরোনো দিনের আনুষ্ঠানিক সাজের অংশ নয়। শরৎ ও শীতে ব্লেজারের ল্যাপেলে ব্রোচ পরার প্রবণতা দেখা যাচ্ছে। মুখের কাছাকাছি থাকা প্রচলিত গয়নার বদলে এটি হয়ে উঠতে পারে একটি সুন্দর ও খানিকটা অপ্রত্যাশিত অলংকার।
এখানে ভারসাম্যই মূল কথা। ব্রোচ পরতে গিয়ে যেন পুরো পোশাকটিই অলংকারের ভারে হারিয়ে না যায়। একসঙ্গে অনেক ধরনের গয়না বা পরস্পরের সঙ্গে সংঘর্ষ তৈরি করে এমন কম্বিনেশন এড়িয়ে চলাই ভালো।

বরং মুক্তা ও রত্নখচিত ব্রোচ বেছে নিতে পারেন। পোশাকের রঙের সঙ্গে সামান্য মিল থাকলে এসব ব্রোচ আলো প্রতিফলিত করে পুরো লুকটিকেই আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

নতুন মৌসুমের ফ্যাশন মন্ত্র

আসন্ন শরৎ ও শীতের ট্রেন্ডের দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট—ফ্যাশন এবার একটু ধীর, একটু নরম, একটু বেশি পরিশীলিত হতে চাইছে।

ট্রেনারের জায়গায় সরু অ্যাঙ্কল বুট, চাঙ্কি জুতার বদলে লোফার, বড়সড় স্টেটমেন্ট জুয়েলারির বদলে হুপ বা ব্রোচ—সব মিলিয়ে নতুন মৌসুমে চোখে পড়ার মতো সাজের চেয়ে সূক্ষ্মতায় নজর কাড়ার প্রবণতাই যেন বেশি। সে ক্ষেত্রে বলাই যায় সূক্ষ্মতাই হবে নতুন স্টেটমেন্ট।

অর্থাৎ এবার ফ্যাশন উচ্চকিত নয়; বরং আভাসেই জানিয়ে দেবে নিজের উপস্থিতি।

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source